নাইকো দুর্নীতি মামলা

অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি ৩০ মে

খালেদা জিয়া
ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানির জন্য ৩০ মে দিন রেখেছেন হাইকোর্ট। দুদকের আইনজীবীর পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এর আগে গত ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক। এই অভিযোগ গঠনের আদেশের বৈধতা নিয়ে ১৭ মে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। আদালতের আজকের কার্যতালিকায় আবেদনটি ৭২ নম্বর ক্রমিকে ছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খানের পক্ষে সময়ের আরজি জানান আইনজীবী টাইটাস হিল্লোল রেমা। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল।

পরে টাইটাস হিল্লোল রেমা প্রথম আলোকে বলেন, দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এই মামলা পরিচালনা করবেন। ব্যক্তিগত কারণে তিনি এখন দেশের বাইরে থাকায় সময় চাওয়া হয়। তিনি আগামী রোববার দেশে ফিরবেন বলে আদালতে জানানো হয়। তখন আদালত সোমবার দিন রাখার কথা বললে খালেদা জিয়ার আইনজীবী মঙ্গলবার রাখার আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার শুনানির জন্য দিন রাখেন আদালত।’

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

২০০৮ সালের ৫ মে নাইকো মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রভুক্ত ১১ আসামির মধ্যে ৩ জন মারা যাওয়ায় তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

খালেদা জিয়া ইতিমধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। আর একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুই মামলায় দণ্ডিত হয়ে তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর কারাগারে ছিলেন। তাঁর দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাঁকে মুক্তি দেওয়া হয় ২০২০ সালের ২৫ মার্চ। তখন করোনা মহামারির মধ্যে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। সর্বশেষ গত ২৩ মার্চ সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়।