স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে

দেশে যৌথ অভিযান পরিচালনার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। পুলিশ, বিজিবি, এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা একটি নিয়মিত প্রক্রিয়া। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে এই কার্যক্রম প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারের গৃহীত ব্যবস্থা প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারও দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ‘ক্রিমিনাল অফেন্স’ মামলা করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।’

একটি সুপরিকল্পিত ও উপযুক্ত স্থানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নিজস্ব সদর দপ্তর স্থাপনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন একরের বেশি জমি বরাদ্দ পাওয়া গেছে। এখানে একটি আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন করেন

নিয়মিত–অনিয়মিত মিলিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দেশের সর্ববৃহৎ ‘ফোর্স’ বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। জুলাই গণ–অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। বাহিনীর আর্থিকসহ অন্যান্য পর্যায়ক্রমিক দাবিদাওয়া পূরণে আশ্বাসও তিনি দেন।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার চালু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া শেষ করা হচ্ছে। রাস্তায় যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসছে। রাস্তা খনন ও নির্মাণকাজের কারণে যেন যানজট না হয়, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো রাস্তা একসঙ্গে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে তা অবিলম্বে পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।