
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ কুক আজ রোববার ঢাকায় এসেছেন। বাংলাদেশে যুক্তরাজ্যের ষোড়শ হাইকমিশনার হিসেবে রবার্ট ডিকসনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরতে পেরে আমি আনন্দিত এবং যথেষ্ট সম্মানিত বোধ করছি। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, নিরাপত্তাসহ অভিন্ন অনেক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাজ্য। আমি দুই দেশের দীর্ঘদিনের এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’
সারাহ কুক ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রধান এবং তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সালে ডিএফআইডিতে যোগ দেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরেও কাজ করেছেন।
যুক্তরাজ্যে সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে সারাহ কুক গায়ানার বাণিজ্য মন্ত্রণালয় এবং সলোমন দ্বীপপুঞ্জের বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছেন। এ ছাড়া তিনি প্রাইসওয়াটার হাউসকুপারসে অর্থনৈতিক পরামর্শক হিসেবে কাজ করেছেন।