চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ঈদ

সকাল থেকে বিকেল পর্যন্ত কারাগারের সাক্ষাৎ কক্ষে ছিল দর্শনার্থীদের ভিড়
ছবি: সংগৃহীত

কেউ সাজা ভোগ করছেন বছরের পর বছর। কারও ফাঁসির রায় হয়েছে, কার্যকর হয়নি। অনেকে আটক বিচারাধীন মামলায়। ঈদে প্রিয়জনদের কাছ থেকে দূরে তাঁরা। তবে আজ শনিবার ঈদের দিন তাঁরা নামাজ আদায় করে একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। আজ তাঁদের বিশেষ খাবার বিতরণ করা হয়। বিকেলে দেখা করতে আসেন অনেকের পরিবারের সদস্যরা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এভাবেই ঈদ উদ্‌যাপন করেছেন বন্দীরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন আজ শনিবার প্রথম আলোকে বলেন, কারাগারে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বন্দীরা। ভিন্ন ধর্মাবলম্বী বন্দীরাও বাদ যাননি। এতে বন্দীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। কারাগারে শৃঙ্খলার মধ্যেও থাকবেন তাঁরা।

কারা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন ৫ হাজার ১০০ জন। এর মধ্যে ৯০০ জন কয়েদি (সাজাপ্রাপ্ত)। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ৪২ জন। মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বী আছেন ৩৯০ জন। আজ ঈদের দিন সকালে বন্দীদের দেওয়া হয় সেমাই, নারিকেল ও মুড়ি। কারা অভ্যন্তরে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন বন্দীরা। কারাগারের যমুনা, কর্ণফুলী, পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে পৃথকভাবে নামাজ আদায় করেন তাঁরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে জানান, ঈদের নামাজ শেষে বন্দীরা কোলাকুলি করেন। এরপর দুপুরে খেতে দেওয়া হয় পোলাও, গরু-খাসির মাংস, চমচম, কোমল পানীয় ও পান-সুপারি। রাতের জন্য দেওয়া হয়েছে সাদা ভাত, মাছ, চনার ডাল ও আলুর দম। বিকেল পাঁচটায় লকআপের (তালাবদ্ধ) আগে দেওয়া হয় রাতের খাবার। সেমাই, পোলাও খেয়ে পরিবার-পরিজন থেকে দূরে থাকা বন্দীরা কিছু সময়ের জন্য ঈদ আনন্দে মেতেছিলেন।

কারাগারে ঈদ আনন্দে মেতেছিল শিশুরাও। অপরাধী না হয়েও মায়ের সঙ্গে তারা কারাগারে বন্দী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এমন ৫৫ শিশু রয়েছে, যাদের বয়স কয়েক মাস থেকে সাড়ে চার বছর। ঈদ উপলক্ষে কারাগারে থাকা সব শিশুর মধ্যে নতুন কাপড় বিতরণ করে কারা কর্তৃপক্ষ।

বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা অসহায় প্রায় ৫০০ বন্দীকে লুঙ্গি ও শাড়ি দেওয়া হয়েছে।

এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত কারাগারের সাক্ষাৎ কক্ষে ছিল দর্শনার্থীদের ভিড়। ঈদের খুশির দিনে স্বজনকে একনজর দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করেছেন অনেকেই। মাদক মামলায় আটক স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে সাতকানিয়া থেকে আসেন হাসিনা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাক্ষাৎ কক্ষে লোকজন বেশি থাকায় কথা ভালো করে বুঝতে পারিনি। এতে কোনো দুঃখ নেই। ঈদের দিনে স্বামীকে একনজর দেখতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া।’

সাক্ষাতের পাশাপাশি কারাগারের ভেতর থেকে অনেক বন্দী টেলিফোনে স্বজনদের সঙ্গে কথা বলেছেন। নগরের হালিশহরের বাসিন্দা মোহাম্মদ আলমগীর বন্দী আছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। আজ শনিবার দুপুরে তাঁর স্ত্রী রুমা আক্তারের সঙ্গে মুঠোফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। রুমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘কারাগারে স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু ঈদের দিনে স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে পেরে ঈদের আনন্দ কিছুটা হলেও পেয়েছি।’

সারা বছর কারাবন্দীদের বাইরে থেকে খাবার সরবরাহ বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে আগামীকাল রোববার পরিবার থেকে আনা খাবার সরবরাহ করারও ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

ঈদের দুই মাস আগে মারামারির এক মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসেছেন নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। তাঁর স্ত্রী সালমা আলী প্রথম আলোকে বলেন, প্রতিবছর ঈদের দিন স্বামীকে নিজের রান্না করা বিরিয়ানি খাওয়ান। তাই এবারও স্বামীর জন্য বিরিয়ানি রান্না করবেন তিনি।