কুষ্টিয়ায় সাংবাদিক হত্যা

বছর পেরিয়ে গেলেও খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ

সাংবাদিক হাসিবুর হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তাঁর সহকর্মীরা। সোমবার সকালে কুষ্টিয়া শহরে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার আবারও জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের এনএস রোডে মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, সমাজের অন্য খুনের ঘটনায় দ্রুত আসামি শনাক্তসহ গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করে প্রশাসন। কিন্তু এক বছর হয়ে গেলেও হাসিবুরের খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। এত দিন যা করা হয়েছে, তা আইওয়াশ। প্রতিবাদ সমাবেশ দমিয়ে রাখার প্রয়াস। আগামী এক মাসের মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার না করা হলে কুষ্টিয়া অচল করার হুঁশিয়ারি দেন তাঁরা।

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে সর্বস্তরের সাংবাদিকেরা অংশ নেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে কয়েকজন সাংবাদিক নেতা বক্তব্য দেন। এরপর মিছিল নিয়ে তাঁরা কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন।

মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বলেন, সম্প্রতি খোকসাতে নদীর ভেতর দুজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনার কয়েক দিনের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করে পুলিশ। কিন্তু এক বছর পেরিয়ে গেল হাসিবুরের খুনিদের শনাক্ত করতেই পারেনি পুলিশ। তিনি আরও বলেন, ‘আগামী এক মাসের মধ্যে প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হলে কুষ্টিয়া শহর অচল করে দেওয়া হবে। কোনো আইওয়াশ মানব না। সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন বলেন, প্রশাসন হাসিবুরের খুনিদের শনাক্ত ও ধরতে আন্তরিক না। তাদের চরম গাফিলতি রয়েছে। সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। রাজপথ ছাড়া হবে না।

গত বছরের ৩ জুলাই রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর। তখন মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। ৭ জুলাই দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় গড়াই নদে নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮ জুলাই রাতে হাসিবুর রহমানের চাচা মিজানুর রহমান অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

হাসিবুর কুষ্টিয়া শহরের হাউজিং এ-ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ঠিকাদারি ব্যবসা ছিল তাঁর।

এক বছরে হাসিবুর হত্যা মামলার কী অবস্থা, সেটা জানতে হাসিবুরের পরিবার, সহকর্মী ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। হাসিবুর নিখোঁজ ও হত্যার শিকার হওয়ার পর জেলায় কর্মরত সাংবাদিকেরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে নানা কর্মসূচি নেন। প্রশাসন সে সময় একটু নড়েচড়ে বসে। গত বছরের ১৬ জুলাই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছিল, হাসিবুর হত্যায় জড়িত সন্দেহে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় গোলাম রহমান সড়কের মৃত আবদুল হামিদের ছেলে কাজী সোহান শরীফ (৪৪) ও চর কুঠিপাড়া এলাকার মৃত খন্দকার হারুন অর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান ওরফে জুয়েলকে (৪০) গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। অবশ্য এক মাস পর তাঁরা জামিনে বের হন। কাজী সোহান শরীফ একসময় স্থানীয় একটি পত্রিকায় কাজ করতেন। বর্তমানে এনজিও কর্মী। আশিকুর রহমান কুষ্টিয়া পৌর বাজারে মাছের আড়তে কাজ করেন।

একই বছরের ২২ জুলাই সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলম একজন আসামিকে গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে নিয়ে আসেন। গ্রেপ্তার ইমরান শেখ ওরফে ইমন (৩২) কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার স্যার ইকবাল রোডের বাসিন্দা শামসুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ায় অস্ত্র, মাদক, মারামারিসহ অন্তত চারটি মামলা রয়েছে। পুলিশ সুপার দাবি করেছিলেন, পেশাগত কারণে সাংবাদিক হাসিবুর রহমান খুন হননি। তবে তদন্তের স্বার্থের কথা বলে তিনি এ হত্যাকাণ্ডের কারণ বিষয়ে আর কথা বলতে অপারগতা প্রকাশ করেছিলেন। কয়েক মাস পর জামিনে ছাড়া পান ইমরান।

মামলার বাদী হাসিবুরের চাচা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা হতাশ। এই এক বছরে মামলার ১ শতাংশও অগ্রগতি দেখছি না। এ পর্যায়ে এসে বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। পুলিশের সহযোগিতা কম। তারা (পুলিশ) আর কোনো যোগাযোগ করে না। মামলার কী অবস্থা, সে সম্পর্কে কিছুই জানি না।’

পাবনার ঈশ্বরদী উপজেলায় লক্ষ্মীকুণ্ডা নৌ থানার পরিদর্শক ও মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এমদাদুল হক প্রথম আলোকে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। কিন্তু সর্বশেষ মূল আসামির হদিসই এখনো পাওয়া যায়নি। অভিযোগপত্র কবে দিতে পারবেন, তা–ও বলা মুশকিল। কাজ চলমান আছে।