শিশু কামরুল হাসান ফাহিম
শিশু কামরুল হাসান ফাহিম

নোয়াখালী

খেলতে খেলতে ঢলে পড়ে শিশুটি, হাসপাতালে মৃত ঘোষণা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খেলতে গিয়ে অসুস্থ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. কামরুল হাসান (৭)। গতকাল রোববার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কামরুল হাসান জাকার মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, সকালে বিদ্যালয়ে আসে কামরুল হাসান। কিন্তু বিদ্যালয়ে উপজেলা নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ চলার কারণে পাঠদান হয়নি। এ কারণে অন্য শিশুদের সঙ্গে সে–ও বাড়ি ফিরে যায়। দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির বাইরে খেলাধুলা করছিল সে। একপর্যায়ে অচেতন হয়ে পড়ে কামরুল। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে শিশুটি মারা গেছে বলে তাঁরা সন্দেহ করছেন। কারণ, তার আগের কোনো অসুস্থতা ছিল না।

এ বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার বলেন, সুবর্ণচরে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর কথা তিনি শুনেছেন। শিশুটিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তবে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোনো লক্ষণ চোখে পড়েনি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি।