চট্টগ্রাম নগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালকসহ দুজন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মিনহাজ (৩৫)। তাঁর বাড়ি রাউজান উপজেলার সুলতানপুর এলাকায়। আহত ব্যক্তিদের মধ্যে একজন মোটরসাইকেলের চালক আবু হেনা মাহমুদ (২৬)। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। আহত অপর এক নারীর পরিচয় জানা যায়নি। দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন ও মোল্লা ওমর প্রথম আলোকে বলেন, মিনহাজ ও আহত ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আবু হেনা মাহমুদের মোটরসাইকেলের ধাক্কায় দুজন ছিটকে পড়ে যান। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিনহাজকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম বলেন, আহত তিনজনকে হাসপাতালে আনা হলে মিনহাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ব্যক্তিদের চিকিৎসা চলছে।