সংসদীয় আসনের সীমানার খসড়ার ওপর শুনানি শুরু

ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম
ফাইল ছবি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ার ওপর আসা আবেদনগুলোর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আসনগুলোর বিষয়ে শুনানি হয়। ৭, ১১ ও ১৪ মে অন্য আসনগুলোর দাবি–আপত্তি নিয়ে শুনানি হবে। এরপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী জুলাই মাসের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার কথা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা ‘পুনর্নির্ধারণ’ করে তা খসড়া আকারে প্রকাশ করে ইসি। তবে খসড়ায় আসনগুলোর বর্তমান সীমানা বহাল রাখা হয়েছে। নতুন প্রশাসনিক এলাকা (উপজেলা, ওয়ার্ড) সৃষ্টি হওয়ায় শুধু ছয়টি সংসদীয় আসনে পরিবর্তন এসেছে। তবে তাতে কোনো আসনের বর্তমান সীমানার পরিবর্তন হয়নি। শুধু নতুন প্রশাসনিক এলাকার নাম যুক্ত হয়েছে।

আজ শুনানির প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার আসনগুলো নিয়ে আসা দাবি-আপত্তি নিয়ে শুনানি হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ইসি খসড়া প্রকাশ করেছিল। সে খসড়ার পক্ষে-বিপক্ষে আসা আবেদনগুলো নিয়ে কমিশন শুনানি শুরু করেছে। আজ প্রথম দিন সকালে ব্রাহ্মণবাড়িয়া-৫ এবং কুমিল্লা-১, ২, ৯ ও ১০ আসনের সীমানা নিয়ে আসা আবেদনগুলোর শুনানি হয়। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে নবীনগর উপজেলার একটি অংশ নিয়ে পক্ষে-বিপক্ষে আবেদন এসেছে। কেউ চেয়েছেন, এখন যেভাবে আছে সেভাবে রাখতে; আবার কেউ পরিবর্তন চেয়েছেন।

ইসি সচিব বলেন, বেশি আবেদন ছিল কুমিল্লা-১ ও ২ আসন নিয়ে। কুমিল্লা-১ আসনটি গঠিত দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। আর কুমিল্লা-২ আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে। মেঘনাবাসীর পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা, কয়েকজন জনপ্রতিনিধি মেঘনা উপজেলাকে হোমনার সঙ্গে দেওয়ার আবেদন করেছেন। আর তিতাসকে বাদ দিয়ে সেটি দাউদকান্দির সঙ্গে সংযুক্ত করার আবেদন করেছেন। তাঁরা বলেছেন, ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে এটি সুবিধাজনক। আবার এর বিপক্ষেও আবেদন ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা পক্ষে–বিপক্ষে তাঁদের বক্তব্য উপস্থাপন করেছেন। কুমিল্লায় আগে ১২ আসন ছিল। পরে একটি কমিয়ে ১১টি করা হয়। নাঙ্গলকোটে নতুন একটি আসন করার আবেদনও এসেছে। কমিশন সবার বক্তব্য শুনেছে। মোট যতগুলো আসনের খসড়ার পক্ষে-বিপক্ষে আবেদন এসেছে, সেগুলোর শুনানি শেষে তথ্য–উপাত্ত চুলচেরা বিশ্লেষণ করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে এবং তা প্রজ্ঞাপন আকারে জারি করবে।