রেজা খান
রেজা খান

সাক্ষাৎকার: রেজা খান

সুন্দরবনে হাত দেওয়া যাবে না, এটা ঘূর্ণিঝড়ে বুক আগলে সবাইকে বাঁচিয়ে রাখছে

ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো অনুষ্ঠানে এবারের অতিথি রেজা খান। প্রকৃতি–প্রাণির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। তিনি সংযুক্ত আরব আমিরাতে দু্বাই চিড়িয়াখানার দায়িত্ব সামলেছেন ৩৫ বছর। শিক্ষকতা, সাংবাদিকতাও করছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। দীর্ঘ এই সাক্ষাৎকারে শৈশব থেকে শুরু করে জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

প্রশ্ন

 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রাউন সিমেন্ট ‘অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানে। আজ আমরা পেয়েছি একজন বিশিষ্টজন, বিশেষজ্ঞজন, যিনি প্রাণী ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, প্রাণিবিদ্যার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. রেজা খান। স্যার, আপনাকে আমাদের এই বিশেষ কথোপকথনের অনুষ্ঠানে স্বাগত জানাই।

 রেজা খান: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এ অনুষ্ঠানে যুক্ত করার জন্য।

প্রশ্ন

  আমরা আমাদের অগ্রগণ্যজনদের কাছেই যাই, অগ্রজজন এবং প্রথমে শৈশবের গল্প জিজ্ঞেস করি। আপনার আসল জন্মসালটা কত স্যার?

 রেজা খান: আমার সার্টিফিকেটের বাইরে জন্মসাল হলো ১৭ নভেম্বর ১৯৪৫।

প্রশ্ন

তার মানে প্রায় ৮১ বছর। আর কাগজে-কলমে জন্মতারিখ ১ জানুয়ারি?

রেজা খান: কাগজে-কলমে হলো ০১.০১.১৯৪৭ এবং সেটাও আমাদের নামগুলো হয়তো এই রকমই হয়েছে। যিনি আমাকে ভর্তি করাতে নিয়ে গিয়েছিলেন প্রাইমারি স্কুলে, তাঁকে জিজ্ঞেস করেছিল জন্মসাল। তিনি বললেন, ওর তো জন্ম হয়েছে দেশ স্বাধীন হয়েছে না! সেই সময়। তো তাহলে ০১.০১.৪৭, দ্যাটস হাউ আমার চলে আসছে। আমার জন্ম হয়েছে বালিয়া গ্রাম, বড়বাড়িতে। এটা ধামরাই থানায় পড়েছে।

প্রশ্ন

 তখন এটা ঢাকা জেলা ছিল।

 রেজা খান: জি, এখনো ঢাকা জেলাতেই আছে। এর কোনো পরিবর্তন হয়নি।

প্রশ্ন

 প্রাইমারি স্কুল কোথায় হলো স্যার?

রেজা খান: প্রাইমারি স্কুল বালিয়ায়, বালিয়া তখন ছিল বালিয়া ফ্রি প্রাইমারি স্কুল।

প্রশ্ন

  আপনার আব্বার নাম কী স্যার?

 রেজা খান: খান মোহাম্মদ জওয়াহের আলী। তিনি স্কুলশিক্ষক ছিলেন এবং তিনি কলকাতা থেকে টেকনাফ পর্যন্ত ১৯৫৭ সাল পর্যন্ত মনে হয় না খুব কম জায়গা আছে যে তিনি শিক্ষকতা করেননি। কাজেই ছয় মাসের বেশি তাঁকে কোথাও আমরা পাইনি।

প্রশ্ন

 মানে ধামরাই থেকে চলে গেলেন টেকনাফে শিক্ষকতা করতেই?

রেজা খান: মানে তিনি অরিজিনালি পড়াশোনা করেছেন রাজশাহী কলেজে এবং সেই জামানায় তিনি রেফারি ছিলেন, ফুটবল প্লেয়ার ছিলেন প্রথমে কলেজ লাইফে, তারপরে টিচিং লাইফে এসে রেফারি হন। তো কাজেই তিনি বহু জায়গায়, যেমন ঢাকার পোগোজ স্কুল, এখানে মেয়েদের স্কুল, তারপরে স্টার্ট করছেন কলকাতা থেকে। শেষ ’৫৭ সালে যখন তাঁকে আমরা উদ্ধার করি, তখন তিনি ছিলেন টেকনাফ স্কুলে ১৯৫৭-এ। ওখান থেকে ওনাকে মানিকগঞ্জে নিয়ে এসে আমরা মানিকগঞ্জে সেটেল করি ১৯৫৭ সালে।

প্রশ্ন

 হাইস্কুল?

রেজা খান: হাইস্কুল হয়েছে মানিকগঞ্জে, সিক্স থেকে।

প্রশ্ন

মানিকগঞ্জে হলো। স্কুলের নামটা একটু বলেন।

  রেজা খান: মানিকগঞ্জ তখন ছিল মাল্টিপারপাস হাইস্কুল, এখন তো মানিকগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল। সেটা এই জামানায় প্রাইভেটই ছিল বেশি।

প্রশ্ন

  আচ্ছা, আচ্ছা। আর কলেজ?

 রেজা খান: কলেজ হলো দেবেন্দ্রনাথ কলেজ, মানিকগঞ্জ।

প্রশ্ন

 আপনারা কি খান পরিবারের?

 রেজা খান: হ্যাঁ, আমার পূর্বপুরুষদের মধ্যে ছিলেন জান খাঁ, জিয়ন খাঁ, কালে খাঁ, মালে খাঁ, মুন্সি নইমুদ্দিন মোহাম্মদ খান ও আকামত উদ্দিন খান। আকামত উদ্দিন খান আমার দাদা, আর জওয়াহের আলী খান আমার বাবা।

প্রশ্ন

আপনারা কয় ভাইবোন?

 রেজা খান: আমরা চার ভাই, তিন বোন।

প্রশ্ন

 আপনি কয় নম্বর?

 রেজা খান: আমি হলাম ছয় নম্বর।

প্রশ্ন

 বড় ভাইয়েরা, বোনেরা?

 রেজা খান: বড় ভাই তিন নম্বর ছিলেন, আমার বড় দুই বোন মারা গেছেন, আমার মেজ ভাই মানে আমার বড় ভাইয়ের পরে যিনি, তিনি মারা গেছেন।

প্রশ্ন

আমার বড় ভাই আছেন?

 রেজা খান: বড় ভাই শুধু বেঁচে আছেন আর আমি।

প্রশ্ন

 স্কুল-কলেজে পড়ার সময় স্যার কোনো শিক্ষকের কথা মনে পড়ে?

রেজা খান: দুর্দান্তভাবে মনে আছে বিশেষ করে এইচএসসির কথা। প্রাইমারি স্কুলের স্মৃতি অবশ্য অতটা স্পষ্ট নয়। মানিকগঞ্জে চলে আসার পর প্রাইমারি স্কুলের সেই সময়কার কথা তেমন কিছুই মনে নেই। শুধু মনে আছে, নামতা পড়তাম…

 তখন আমাদের স্কুলের পাশেই ছিল জমিদারদের একটি বাগানবাড়ি। বালিয়াটিতে বড় জমিদারবাড়ি থাকলেও আমাদের বালিয়ায় ছিল ছোট একটি জমিদারবাড়ি। সেই জমিদারবাড়ির বাগানবাড়ি ছিল, সেখানে আমরা নামতা পড়তাম। এই স্মৃতিটুকু মনে আছে।

 আরেকটি বিষয় মনে আছে, তখন পাউডার দুধ এসেছিল এবং বলত, ঘাসের দুধ…কারণ, তখনো পাউডার মিল্ক বা মিল্ক পাউডার এই শব্দটি প্রচলন হয়নি।

প্রশ্ন

আমাদের সময় আমরা বলতাম বিলাতি দুধ।

 রেজা খান: [হাসি] যা–ই হোক, তো আমাদের বলত যে জগ নিয়ে আসিস বাড়ি থেকে। ওই স্কুল থেকে দিয়ে দিত আমাদের খাওয়াদাওয়ার পরে, এক জগ করে দুধ সবাইকে দিয়ে দিত, জ্বাল হতো স্কুল প্রাঙ্গণে। এই দুটো আমার খুব ভালো স্মৃতি।

প্রশ্ন

আর উচ্চমাধ্যমিকের পর্যায়ে আপনার শিক্ষকের কথা বললেন?

 রেজা খান : উচ্চমাধ্যমিক স্কুলে কয়েকজন শিক্ষক ছিলেন। তাঁদের মধ্যে মদন মোহন বসাক স্যার ছিলেন আমাদের বয় স্কাউটসের শিক্ষক। আর ধীরেন্দ্রনাথ—পরের অংশটি মনে নেই—স্যার ছিলেন আমাদের পিটি শিক্ষক। এই দুজনের কথা খুব ভালো মনে আছে, বিশেষ করে তাঁরা আমাদের ওঠবস করাতেন বলে। ১৯৬৩ সালে ইস্ট পাকিস্তান বয় স্কাউটস জাম্বুরি অনুষ্ঠিত হয়। মদন মোহন বসাক স্যার আমাদের চারজন শিক্ষার্থীকে নিয়ে সেই জাম্বুরিতে গিয়েছিলেন। আমরা ছিলাম সবচেয়ে ছোট দলগুলোর একটি। জাম্বুরিতে অংশ নিতে আমরা রংপুরে গিয়েছিলাম। সেই স্মৃতিটা আমার খুব ভালো মনে আছে।

প্রশ্ন

 রংপুরে আমাদের বাড়ি। রংপুরে কি রংপুর জিলা স্কুলের মাঠে নাকি?

 রেজা খান: জিলা স্কুলের মাঠে। অনেক বড়। স্মৃতিটা মনে আছে এই জন্যই আরও যে আমরা যখন ঢাকা থেকে উঠলাম, … ক্যান্টনমেন্টের ভেতর দিয়েই তো তখন ছিল রেলস্টেশন। এটা পার হওয়ার পরে স্যার বললেন, আমি সব জানালা বন্ধ করে দিয়েছি, তোমরা ভয় পাবা। সামনে এত গভীর জঙ্গল যে ওখানে তো চোখে কিছু দেখবে না। হঠাৎ করে এই যে অন্ধকার হয়ে যাবে এবং সত্যি সত্যি উনি বন্ধ করে দিলেন। মানে এত গভীর ছিল আমাদের এই শালবন এবং এটাতে একটা গড়, আগে তো গড় বলত এটাকে ওই অঞ্চলে এবং এগুলো প্রাইভেট ছিল। প্রাইভেট প্রোপার্টি ছিল, আইয়ুব খানের আমলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেল। তখন নানাদের গড় ছিল এবং আমি যখন ক্লাস সেভেনে পড়ি, এটা হলো ’৫৮-’৫৯-এর কথা, তখন রাথুরা যেটা, এই যে ভাওয়াল মির্জাপুর, কালিয়াকৈরের পাশে, মানিকগঞ্জ থেকে নৌকা নিয়ে এসে আমি সেভেনথ গ্রেডের স্টুডেন্ট, আমি এখান থেকে কাঠ নিয়ে যাই দোতলা ঘর বানানোর জন্য।

রেজা খান। দুবাই চিড়িয়াখানার দায়িত্ব পালন করেছেন ৩৫ বছর
প্রশ্ন

  শালকাঠ তো খুব ভালো, না?

রেজা খান: সেই জামানায় শালগাছের কাঠ এত বড় ছিল! এখন তো এমন কাঠ কোথাও দেখা যাবে না। মানুষ জানেই না, শালগাছের কাঠ কত বড় হতে পারে। আরও অবাক হয়েছিলাম পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা স্যাঙ্কচুয়ারিতে গিয়ে। রংপুরের ওপরের দিকে ওই এলাকায় এমন শালগাছ দেখেছি, যেন মনে হবে শালকাঠ ধরতে চার-পাঁচজন লোক লাগবে।

প্রশ্ন

 আচ্ছা স্যার, শিক্ষকের কথাটা আগে শুনি, আপনি বলছিলেন।

 রেজা খান: তো এই দুজন টিচারের কথা আমার খুব মনে আছে। আর ইন্টারমিডিয়েটে কালীনারায়ণ রায়, তিনি ছিলেন বায়োলজি টিচার। ওনার সাথে সাপে-নেউলে সম্পর্ক ছিল ফার্স্ট ইয়ারে। কারণ আমি ওই কলেজের সব প্রোগ্রামে জয়েন করতাম।

প্রশ্ন

কী কী করতেন? আবৃত্তি, বিতর্ক, গান?

 রেজা খান: আমি বিতর্ক, গান করতে পারতাম না, একফোঁটাও আমি জানতাম না। আবৃত্তি করতে পারতাম, তারপরে গল্প এক্সটেম্পোর গল্প বলা—এগুলো মোটামুটি। তো ওই উনি ফার্স্ট ইয়ারটাতে আমাকে পছন্দ করেন নাই। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরেই উনি প্রথম আমাদের ওই জামানায় এটা বোধ হয় ’৬৪-র শেষে বা ’৬৫-র বিগিনিংয়ে, মানিকগঞ্জ থেকে নয়ারহাট এখন যেখানে, এটা তখন কিন্তু বনের মতো ছিল, একটা খণ্ড বন ছিল। কোনো এস্টাবলিশমেন্ট ছিল না, এটা জিরো। সাভারের পরে কিচ্ছু ছিল না তখন। তো মানিকগঞ্জ থেকে ভাঙা ভাঙা করে এসেছি, কিছুটুক সিএনজি, আগের আমলে বেবি ট্যাক্সি বলত ওটাকে। কিছুটুক বেবি ট্যাক্সি দিয়ে, কিছুটুক হেঁটে, নৌকায় কিছু অংশ পার হয়ে, তারপরে ওই যে কাঠের নৌকারই ছিল, আপনার ফেরি ছিল নয়ারহাটে। এপরপর ঢাকার যে বাসগুলো, ওগুলো দিয়ে এসে নেমে ওই ফিল্ডওয়ার্ক করলাম। তো ফিল্ডওয়ার্কে আমাদের বলেছিল, তোমরা কিছু কিছু তোমাদের যেগুলো পছন্দ স্পেসিমেন নিয়ে এসো, আমরা আমাদের ডিপার্টমেন্টটাকে সাজাব। তো পরের দিন যখন আমরা সব প্রেজেন্ট করলাম, স্যার দেখলেন যে আমার ছিল হাইয়েস্ট কালেকশন। তো ওই যে তার সফট কর্নার তখন ডেভেলপ করল সেকেন্ড ইয়ারে গিয়ে এবং আল্টিমেটলি উনি মানে সবাই ওনার কলিগদের বলেন যে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। আমি পড়াশোনায় অত ভালো ছিলাম না। মানে আমি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে…।

প্রশ্ন

  তাহলে আপনার এই জুওলজির জন্য ভালোবাসা, প্রাণীদের এবং প্রকৃতির প্রতি ভালোবাসা—এটা কি কালীনারায়ণ স্যারের জন্য হলো?

 রেজা খান: তিনি মূলত ফার্স্ট ইন্টারেস্টটা ঢুকিয়ে দিয়েছেন। তখন তিনি কলেজ ম্যাগাজিনের জন্য লিখতে বললেন। আমিও লিখতে শুরু করলাম। সেখানে দুই ধরনের লেখা দিয়েছিলাম। একটি ছিল পপুলার আর্টিকেল, আর অন্য দুটি ছিল প্রাণীদের নিয়ে। একই ম্যাগাজিনে আমার দুটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল। সেই সময়ে এটা বেশ ডিফিকাল্ট ব্যাপার ছিল। মূলত তাঁর উৎসাহেই এটা সম্ভব হয়েছিল। আর বিনয় মাধব স্যার ছিলেন আমাদের বাংলা শিক্ষক। তিনিও আমাকে খুব পছন্দ করতেন। কারণ, আমি আবৃত্তি-টাবৃত্তি করতাম।

প্রশ্ন

  আচ্ছা স্যার, আমরা বিশ্ববিদ্যালয়ের আপনার স্মৃতিতে আসব, কিন্তু মাঝখানে আমার ভুলে যাব বলে আমি একটা প্রশ্ন করে নিই।

 রেজা খান: বলুন।

প্রশ্ন

দিনাজপুরে যে শালবন আছে সেখানে তো আমরা যাই, ওইটাকে সিংড়া বলে।

 রেজা খান: জি।

প্রশ্ন

 ওই শালগাছের আশপাশে কি অন্য কোনো গাছ হয় না? এবং আমি কোনো পাখি দেখি না।

রেজা খান: না, এটা হলো এই শালগাছ আমরা সারা বাংলাদেশে যেখানেই দেখি, এই সবই হলো মানুষের লাগানো। আদি যে শালবন, সেখানে স্তর আছে। এই স্তরীভূত অংশ বাংলাদেশে কোনো শালবনেই নাই এবং এটা আমাদের মিশ্র চিরসবুজ বন পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম হারিয়ে গেছে। এ দুটো বনেই হারিয়ে গেছে, যেহেতু মানুষ কেটে সব সাফ করে দিয়ে নতুন করে গাছ তৈরি করেছে। মানুষের পছন্দের বাগান আছে এখন বাংলাদেশে, এটাকে আদি বন বলা যাবে না। একমাত্র সুন্দরবন বাদে, যেখানে ওই ধরনের ধ্বংসযজ্ঞ হয়নি। এখান থেকেও গাছ কাটা হয়েছে কমার্শিয়ালি যেগুলো বেনিফিশিয়াল ছিল, স্থানীয় লোকজনের …। আগে তো ঢাকা শহরে ওই সুন্দরী কাঠ বিক্রি হতো, আমি জানি না আপনার মনে আছে কি না, সদরঘাট সব জায়গায় সব বাজারে লাল কাঠ এ রকম স্ট্যাক করা থাকত। ঢাকায় রান্না হতো সব লাকড়ি দিয়ে।

প্রশ্ন

 ও, রান্নার জন্য।

 রেজা খান: হ্যাঁ, রান্নার জন্য। মানে হোটেল থেকে শুরু করে এই যে প্রাইভেট বাড়িঘরের মধ্যেও সবাই ওগুলো কিনে এনে রেখে দিত। লাল রঙের চিকন কাঠগুলো। তো এজন্যই আপনি মূলত ওই স্তরটা দেখেন না, যেটা ইউক্যালিপটাস, আকাশমণিবনে গেলে আপনি পাবেন না।

প্রশ্ন

 জি।

 রেজা খান: মানে মানুষের উচ্চতা থেকে শুরু করে ধরেন পাঁচ-সাত মিটার পর্যন্ত যে অংশটা।

প্রশ্ন

 গুল্ম।

রেজা খান: হ্যাঁ, গুল্ম। এই অংশটা আমাদের বন থেকে ভার্চ্যুয়ালি হারিয়ে গেছে। যেহেতু কমার্শিয়াল যখন কেটে নিয়ে যায়, তখন ওগুলোর কোনো ভ্যালু থাকে না। দে জাস্ট বার্ন ইট, বাকিটা যেগুলো কমার্শিয়ালি ভ্যালু সেটা নিয়ে যায়। যে জন্য শালবনে প্রাণবৈচিত্র্যের সংখ্যা কমে গেছে। পাখির তো খাবারের জন্য পোকামাকড় লাগবে, তার জন্য ঝোপঝাড় লাগবে। কিছু ফুল-ফলের গাছপালা লাগবে, মধু দেওয়ার মতো গাছপালা লাগবে। তো বারোয়ারি গাছের দরকার আছে। আট-দশ প্রজাতির গাছ দিয়ে কোনো বন তৈরি হলে সেখানে তো প্রাকৃতিক যে সিস্টেম, ইকোসিস্টেম ডেভেলপ করতে পারবে না।

প্রশ্ন

  আচ্ছা, আমরা এ কথাগুলো আবার বলব। কিন্তু এখন আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন দেবেন্দ্র কলেজ থেকে?

 রেজা খান: জি, আমি প্রথমে মানিকগঞ্জ থেকে এসে নটর ডেম কলেজে ভর্তি হলাম। সেখান থেকেই অ্যাকচুয়ালি বলা যায় যে বায়োলজি স্টাডির আমার জন্য বীজ বপন হয় এইখানেই। দুজন শিক্ষককে পেলাম মহাগুরু। একজন হলেন দ্বিজেন শর্মা স্যার। তিনি বোটানির অধ্যাপক। আর রোনাল্ড উইলিয়াম টিম, তাঁকে বলত আর ডব্লিউ টিম, ফাদার টিম বলে পরিচিত। উনি এবং ভূঁইয়া স্যার দুজনে পূর্ব পাকিস্তানের প্রথম ‘ইন্ট্রোডাকশন টু বায়োলজি’ বলে একটি বই লেখেন। সেটাই ছিল আমাদের বাইবেল—আমরা যারা তখন এইচএসসি পড়তাম, তাদের জন্য। তো তাঁকে শিক্ষক হিসেবে পেলাম। …যা–ই হোক, দ্বিজেন শর্মা স্যার তো মহা ফিল্ড বেজড পারসন ছিলেন। তখন আমি থাকতাম বেবি আইসক্রিমের এখানে, আমার আরেক বন্ধু অপজিটে থাকত, আরেকজন থাকত সায়েন্স ল্যাবরেটরি এলাকায়। আমরা দেখলাম, আমাদের যে বই ক্যারি করে নিয়ে যেতে হয় নটর ডেম কলেজে, বাসে আমাদের পক্ষে ট্রাভেল করা সম্ভব নয়। আমরা হাঁটা স্টার্ট করলাম।

প্রশ্ন

  তখনকার ঢাকা তো ভীষণ সুন্দর ছিল।

 রেজা খান: হ্যাঁ, গাছপালাবেষ্টিত। আমিসহ যারা যারা যেতাম, দ্বিজেন শর্মা স্যার সবাইকে বাস দিয়ে ওই বেবি আইসক্রিমের মোড়ে নিয়ে আসতেন। এখান থেকে হাঁটতে শুরু করতে বলতেন। বলতেন, ‘দুই পাশে যে গাছপালা আছে, আমি সেগুলোর নাম, তারপর কখন ফুল হয় কখন ফল হয়, কোন পাখির সঙ্গে কী—এগুলো বলব তোমাদের।’ আমি নোট নিতাম। স্যার বলছেন, সেটা বেদবাক্যের মতো ছিল। আর আমরা মফস্সল থেকে আসা মানুষ একটুখানি বেশি সিরিয়াস ছিলাম হয়তো। পরীক্ষার সময় দেখা গেল লেখা আছে যে ‘রাইট এ নোট অন দ্য প্ল্যান্টস সিন অ্যালং সো অ্যান্ড সো রোড’।

 অর, রাইট আ ডেসক্রিপশন অব দ্য ফ্লাওয়ারিং সিজন অব দ্য প্ল্যান্টস’। এইভাবে তিনি প্র্যাকটিক্যালি আমাদের শেখালেন। যে কারণে স্যারের দিকে আমার ঝোঁক পড়ে গেল। এ ছাড়া তখন আমি দৈনিক আজাদের ‘মুকুলের মাহফিল’–এ লিখতাম ‘বৈশাখী ফুল, বৈশাখী ফল’ বা ‘শীতকালের ফুল, শীতকালের ফল’। এভাবে আর্টিকেলগুলো লিখতাম বা ‘আকাশের তারা সাগরে পাওয়া যায়’, এ ধরনের স্টারফিশ সম্পর্কে। ‘তিমি কিন্তু মাছ নয়’, ‘রক্তচোষা রক্ত চোষে না’—ওই ধরনের আর্টিকেলগুলো আমি তখন ‘মুকুলের মাহফিল’–এ লিখতাম।

 আর সেই সময় আবার রোববারে যেতাম কবি জসীমউদ্দীন সাহেবের বাসায়। সাহিত্য সাধনা সংঘ ছিল তাঁর। কমলাপুর রেলস্টেশনের কাছে তাঁর বাসায়। কারও বাড়িতে যদি চান্স না হতো, তাহলে সব সময় জসীমউদ্দীনের বাসাতেই এই মিটিং হবে, এটা নির্ধারিত ছিল। প্রতি রোববার একটা সেশন হবে। সেখানে অজয় অজিত স্যার আসতেন, তাঁর পুরো নামটা মনে নেই। তিনি তখনকার জগন্নাথ কলেজের বাংলার অধ্যাপক, খুবই নামকরা শিক্ষক ছিলেন।

প্রশ্ন

অজিত সরকার?

রেজা খান: হ্যাঁ। তবে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তারপর ওই সময়ের যত উদীয়মান লেখক ছিলেন—কবি আবুল মকসুদ, যিনি মারা গেছেন—তিনি ওইখানে আসতেন। আহমদ ছফা এক-দুবার এসেছেন। রফিক শাহনওয়াজ বলে একজন ছিলেন, কবিতা লিখতেন, তিনিও আসতেন। ওই জমানার সবাই তখন আসতেন। বিকজ, দ্যাট ওয়াজ দ্য অনলি প্ল্যাটফর্ম, যেখানে সবাই একবার মিলিত হতেন। সেখানেও আমি লেখাটেখা কখনো লিখতাম আরকি মূলত শুনতে যেতাম, মাঝেমধ্যে আমরা নিজেরাও লিখতাম। তখন পয়গাম পত্রিকা চালু হয়। সেটারও সাহিত্য বিভাগে কয়েকবার আমার লেখা ওখানে ছাপা হয়েছিল ওই সময়। মোটামুটি এখান থেকে, এরপর দ্বিজেন শর্মা স্যার মানিকগঞ্জে আমাদের বাড়িতে আসেন তাঁর ডক্টরেট ডিগ্রির পার্টে কাজ করার জন্য। আমরা জানি, শৈবাল যেগুলো আছে, সেগুলোর শাখা–প্রশাখা হয় না। সুতার মতো হয় বা ওই ছোপ ছোপ হয়ে থাকে বা ভাসমান থাকে সরের মতো। কিন্তু এর ওপর দুটি দল আছে। একটা হলো কারা, আরেকটা হলো নিটেলা। এটা মিঠাপানির যেসব বিল–বাঁওড় আছে, সেখানে পাওয়া যায়। দ্বিজেন শর্মা স্যার শীতকালে একদিন এলেন। তাঁর সঙ্গে সেগুলো সংগ্রহ করলাম। মানিকগঞ্জের কাছে একটা বিল ছিল, সেখান থেকে আমরা সংগ্রহ করলাম।

 আরেকবার তিনি আমাদের আট দিনের একটা ট্যুরে নিয়ে গেলেন কক্সবাজার, রামুতে; সেখান থেকে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে যেন কোনো রাস্তাঘাট ছিল না। আমরা রেললাইন ধরে হেঁটে লাউয়াছড়া গেলাম, লাউয়াছড়ায় জীবজন্তু দেখলাম, ফিরে এলাম। তারপর সিলেটে গেলাম। সিলেটের মাজারে তখন গজার মাছ বোধ হয় ছিল। সেগুলো দেখার জন্য গেলাম।

প্রশ্ন

 এগুলো সব দ্বিজেন স্যারের নেতৃত্বে হচ্ছে?

 রেজা খান: হ্যাঁ, দ্বিজেন স্যারের নেতৃত্বে। তিনি আমাদের নিয়ে গেছেন।

প্রশ্ন

 আর জগন্নাথের স্যারের নাম কি অজিত কুমার গুহ?

 রেজা খান: অজিত কুমার গুহ। ওই জমানায় তিনি বাংলার মহা অধ্যাপক ছিলেন এবং মাঝেমধ্যে আসতেন। তারপর কবি গোলাম মুস্তাফা, তাঁর ছেলে মুস্তাফা মনোয়ার। আর সিআইডির এক ভদ্রলোক ছিলেন, … হক তাঁর বাড়িতেও মাঝেমধ্যে হতো। আর ‘আনোয়ারা মনোয়ারা’ যে বই লিখেছেন—আকবর হোসেন বোধ হয় তাঁর নাম—তাঁর বাড়িও ওই এলাকাতে। তাঁর বাড়িতেও কোনো কোনো সময় সাহিত্য সাধনা সংঘের মিটিং হতো।

প্রশ্ন

  ‘আনোয়ারা’ তো মনে হয় নজিবর রহমানের।

 রেজা খান: আমার মনে নেই।

প্রশ্ন

আকবর সাহেব—আকবর হোসেন, অনেক বিখ্যাত, তখন খুবই জনপ্রিয় লেখক ছিলেন।

 রেজা খান: তাঁর বাড়িতেও অনুষ্ঠান হয়েছে।

প্রশ্ন

 তাঁর মানে, আকবর হোসেনের বাড়ি?

 রেজা খান: হ্যাঁ, আকবর হোসেন সাহেবের বাড়িতে হয়েছে। তিনি একটু শ্যামলামতো ভারী চেহারার। আর হক সাহেব ছিলেন ফরসামতো এবং সিআইডি ডিপার্টমেন্টে কোথাও চাকরিটাকরি করতেন। কবি মনসুর, তাঁর বাড়িতেও একবার অনুষ্ঠান হয়। এরপর আবদুলাহ আল–মুতী স্যার, তিনি মাঝেমধ্যে আসতেন। মানে, দ্যাট ওয়াজ দ্য প্লেস—ওই জমানায়—ইট ওয়াজ অ্যান ওপেন প্ল্যাটফর্ম। খুবই ভালো ছিল। বহু লোক ওই জমানায় বেরিয়ে যান এখান থেকে।

প্রশ্ন

 স্যার, এখন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনি প্রাণিবিজ্ঞান বিভাগেই ভর্তি হলেন?

রেজা খান: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রাণিবিদ্যা পড়ার কথা ছিল না আমার, বোটানি নিয়ে পড়ার কথা ছিল। যেহেতু দ্বিজেন শর্মার সঙ্গে সম্পর্ক বেশি ছিল—তিনি তো ন্যাপ ওরিয়েন্টেড ছিলেন, আমি আবার ছাত্র ইউনিয়ন করতাম—কাজেই একেবারে একটা লাইন ছিল নিজেদের। আমি স্যারের বাসায় বহুবার গিয়েছি। ওঠাবসা ছিল আরকি! বোটানির এক্সটার্নাল হয়ে নটর ডেম কলেজে সব সময় খুব বড় টিচাররা ইউনিভার্সিটি থেকে যেতেন। দ্যাট ওয়াজ দ্য প্রিমিয়ার প্লেস, যেখানে ইউনিভার্সিটির টিচাররা এক্সটার্নাল হয়ে এক্সামিনেশন কমিটির মেম্বার হয়ে যেতেন। দ্বিজেন শর্মা স্যারের টিচার ছিলেন নূরুল ইসলাম স্যার। তিনি এলেন বোটানির এক্সটার্নাল হয়ে।

  … আমাদের জিওলজির এক্সটার্নাল হয়ে এলেন—লুৎফুন্নেসা ম্যাডাম। তিনি কিছুদিন আগে মারা গেলেন অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে। নূরুল ইসলাম স্যার ভাইভাতে আমাকে জিজ্ঞেস করলেন—এক্সটার্নালের আগে তো প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পর ভাইভা হয়—‘হোয়াট ইজ ডেফিসিয়েন্সি ডিজিজ?’ আমি বললাম, ‘স্যার, আমি জানি না।’

প্রশ্ন

  হোয়াট ইজ?

হাম হাম জলপ্রপাতে পাওয়া বিরল প্রজাতির সবুজ জলপ্রপাত ব্যাঙ হাতে রেজা খান

 রেজা খান: ‘হোয়াট ইজ ডেফিসিয়েন্সি ডিজিজ?’ প্ল্যান্টসের ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি হলে কিছু ডিজিজ হয়। আমি জানি না। বললেন, ‘গতবার প্রশ্নটা এসেছিল, সে জন্য তুমি পড়োনি?’ আমি বললাম, ‘ইয়েস স্যার।’ দ্যাটস হোয়াট উই ডিড। গতবারের যত প্রশ্ন, সব বাদ দিয়ে আগের ১০ বছরের সব আমাদের ঠোঁটস্থ করা আছে, যা জিজ্ঞাসা করলে আমরা উত্তর করতে পারব। আর কোনো প্রশ্ন তিনি করেননি। আর দ্বিজেন শর্মা স্যার শরম পেয়ে গেছেন। তিনি আরেক দিকে বসে আছেন, তিনি স্যারের সামনেও আসেননি। যা–ই হোক, ওইটা একটা ভয় থেকে গেল। লুৎফুন্নেসা ম্যাডাম একদম ১০০ পার্সেন্ট অপোজিট। ওই ইসমাইল সাদরুদ্দীন স্যার আমাদের থাউজেন্ড কোয়েশ্চেন-আনসার মুখস্থ করিয়েছিলেন। আর বলেছিলেন, ‘প্রাণিবিদ্যার প্রাণিজগতের যেকোনো একটা শ্রেণি সম্পর্কে তুমি জেনে আসবা, আমি প্রশ্ন জিজ্ঞাসা করব; তুমি যেটা বলবে, সেটা থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব।’ তো আমার হাঙরের প্রজাতি শ্রেণি যেটা কনড্রিকথিস বলে তরুণাস্থি মাছ আর এই যে হাড়গোড়যুক্ত মাছ, আমরা যেগুলো ন্যাচারাল খাই—রুই, কাতলা—বনি ফিশেস আর হলো কার্টিলেজিনাস ফিশেস।

 কার্টিলেজিনাস ফিশের ওপর পত্রিকায় (মুকুলের মাহফিলে) তখন আর্টিকেল লিখেছি । কাজেই আমাকে পড়াশোনা করতে হয়েছে। সো ওইটা পড়ে আসছি। লুৎফুন্নেসা আপা দুটি বা তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আই আনসার্ড কারেক্টলি। আপা চুপ করে গেছেন। স্যার দেখলেন যে ‘আরে, আমার ছাত্র কতটুকু জানে, এটা তো আপা দেখতে পারলেন না।’ তিনি আমাকে প্রশ্ন করতে শুরু করলেন। তো চলছে। হঠাৎ একটা প্রশ্ন করলেন যে ‘ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল নোবেল প্রাইজ পেয়েছিল, কে এই মডেল ডিসকভার করে?’ আমি আনসার করছি। ওই সময় আপা টেবিল চাপড়ে দাঁড়িয়ে গেছেন, ‘এই ইসমাইল, তুমি কি প্রশ্ন জিজ্ঞাসা করছ? এটা তো আমরা এমএসসি ক্লাসে জিজ্ঞাসা করি।’ মানে, আপা বুঝতে পারছেন যে টিচার বোধ হয় আমাকে ঘায়েল...

প্রশ্ন

 ঘায়েল করতে চাচ্ছেন, আসলে ইমপ্রেস করতে চাচ্ছেন।

 রেজা খান: সেটা আমি জানি; কিন্তু সেটা তো আর আপা জানেন না। যা–ই হোক, ওই যে সফটকর্নার, ওইখানে একটুখানি ডেভেলপ হয়ে গেল।

 যখন ভর্তির সময় এল, রেজাল্ট হয়ে গেল, ভর্তি হতে আমি বোটানি ডিপার্টমেন্টের চৌহদ্দির মধ্যে যাইনি। প্রাণিবিদ্যা বিভাগে সোজা গিয়ে ফরম ফিলাপ করে ভর্তিটর্তি হয়ে গিয়ে স্যারের সঙ্গে দেখা করতে গেছি। শর্মা স্যারকে বললাম যে ‘আমি তো জিওলজিতে...।’ বলেছেন, ‘রেজা, আমি আশা করছিলাম তুই বোটানি পড়বি।’ আমি বললাম, ‘স্যার, আপনি তো কোনো দিন আমাকে এটা বলেননি।’ ‘আমি তোকে বলব কেন তুই কি পড়বি না–পড়বি? ইট ইজ ইয়োর উইশ।’ মানে, দে ওয়্যার সো গুড—ওই জমানার শিক্ষকেরা। স্যারের মনে ছিল যে আমি বোটানি পড়ব। কারণ, আমি যেভাবে ওই লাইনে এগিয়ে যাচ্ছিলাম। যা–ই হোক, তারপর তো জিওলজি ডিপার্টমেন্টে জাকির স্যারকে পেলাম। ওই জমানায় তিনি খুবই ভালো টিচার ছিলেন। আমাদের লাইব্রেরি বেজড রিসার্চ ওয়ার্ক ছিল। কোনো বই, নোটবই, ইন্ডিয়ান নোটবই আমাদের জমানায় ছিল না। পরের জমানায় সব তো ইন্ডিয়া নোটবুক বেজড জিওলজিস্ট তৈরি হলো, পেটেন্টেড জিওলজিস্ট তৈরি হয়ে গেল। এখানে এলাম। পরে ফিউচারে কী করব?

  এমএসসি পাস করার পর আমি কিন্তু সাংবাদিকতাও করতাম কিছু সময়। এই যে আবুল মকসুদ আর হারুন হাবীবের কথা বললাম, তারা ভার্চ্যুয়ালি আমার হাত দিয়ে ঢুকেছে নিউজের লাইনে। কারণ, আমি তখন পিপিআই, যেটা ছিল পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল, আমি স্বাধীনতার ঠিক পরই ডিসেম্বরের এন্ডিংয়ে বা জানুয়ারি মাসে আমি তখন…

প্রশ্ন

 ১৯৭২ সালে।

 রেজা খান: হ্যাঁ। ওই সময় ফুটপাত দিয়ে হাঁটছি—পয়গাম–এর হায়দার ভাই, যিনি মফস্সল এডিটর ছিলেন, আমি মানিকগঞ্জে পয়গাম–এর করেসপন্ডেন্টও ছিলাম। তিনি আমাকে খুব ভালো চিনতেন। তখন ভলান্টিয়ারিং করছিলাম রেড ক্রসের। আমার এক বন্ধুও ছিল সঙ্গে। ও আবার মুক্তিযুদ্ধ করে আসে। আমি যেতে পারিনি। দ্যাটস আ ডিফারেন্ট ইতিহাস। … হায়দার ভাই দেখে বলেন, ‘এই, তোমরা কী করছ?’ আমি বললাম যে ‘হায়দার ভাই, আমি তো ভলান্টিয়ারিং কাজ করছি এখানে।’ বলে যে  ‘না, আসো আমার সঙ্গে।’ তিনি ওইখান থেকে ধরে নিয়ে বিপিআইতে নিয়ে গিয়ে বলে, এখন থেকে তুমি চাকরি করো।

প্রশ্ন

 ওইটা তত দিনে তো বাসস হয়ে গিয়েছিল না?

 রেজা খান: না, না। তখন বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল ছিল, বিপিআই।… কামরুজ্জামান ভাই ছিলেন প্রধান সম্পাদক আর চট্টগ্রামের হাজারী ভাই ছিলেন নিউজ এডিটর। ওপরের দিকে বাকি সবাই ছিলেন পাকিস্তানি, ওনারা চলে গেছেন, আর কেউ নেই। কিছুদিনের মধ্যেই কামরুজ্জামান ভাই বোধ হয় মর্নিং নিউজে জয়েন করলেন, নাকি বাংলাদেশ টাইমস ছিল তখন; আমার একদম ঠিকমতো মনে নেই। তো ওই জায়গা খালি। ডি ফ্যাক্টো আমি সবাইকে অ্যাসাইনমেন্ট দিতাম কে কোথায় যাবে না–যাবে। আমি তখন বঙ্গভবন কাভার করতাম। বঙ্গবন্ধুর সাথে তাঁর হেলিকপ্টারে বসে আমি মনপুরা দ্বীপে গিয়েছি। কারণ, তখন তো আর কোনো ব্যবস্থা ছিল না এবং সব সাংবাদিক ওনার পায়ের কাছে বসা। কোনো সিটবেল্টের বালাই ছিল না, না ওনার, না আমাদের। যতজন সাংবাদিককে তুলতে পেরেছে, রাশিয়ান পাইলট বলেছে যে, হ্যাঁ শেষ, ওই পর্যন্ত আমরা ঢুকেছি ওই প্লেনের মধ্যে। হুম। সে সময় রমনা পার্কের কোনায় প্যাগোডার মতো একটা ভবন ছিল না? রমনা পার্কের যে মূল ফটক হেয়ার রোডের মুখোমুখি, ওই ডানপাশের কোনায় একটা একতলা ছোট্ট ভবন! সেখানে গেছি নিউজ কাভার করতে!

প্রশ্ন

  ওটা তো প্রধান বিচারপতির বাড়ি বোধ হয় এখন!

 রেজা খান: না, না। প্রধান বিচারপতির বাড়ি ছিল কোনায়, মানে কাকরাইলের দিকে মুখ করা, সেটা নয়। তার তো এই পাশেরটা।

প্রশ্ন

 তাহলে কোনটা? সুগন্ধা?

 রেজা খান: এখন আর আমি কিছুই বলতে পারব না। যাহোক প্রতিদিন বিকেলে বিপিআই থেকে আমার ডিউটি ছিল ওই অফিস কাভার করা। ওইটা, হোম মিনিস্ট্রি, ফিন্যান্স মিনিস্ট্রি মানে সরকারের মূল পোর্টফোলিও যেগুলো ছিল, সেগুলো আমি কাভার করতাম। কাজেই সেই জমানায় ওনাদের সাথে ঘোরাফেরা করা, দেশের বিভিন্ন জায়গায় যাওয়া—এসব করেছি আমি। এ সময় হারুন হাবীব এল। সে ছিল মুক্তিযুদ্ধের সাংবাদিক,  মুক্তিযুদ্ধ থেকে ফেরত এসেছে। আবুল মকসুদ যেহেতু কবি মানুষ, সে ডেস্ক পছন্দ করত, ডেস্কেই কাজ করত। আমরা এসে লিখেটিখে তাকে দিতাম। অনেক সময় তো আমি নিজেই প্রিন্টারে বসে কাজ করে ওই নিউজ পাঠিয়ে দিয়েছি।

প্রশ্ন

 আপনি তাহলে বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন কবে?

 রেজা খান: আমি কিন্তু ’৭০ সাল থেকেই পার্টটাইম লেকচারার ছিলাম আইডিয়াল কলেজে (সায়েন্স ল্যাবরেটরির পেছনে), তখন আমি এমএসসি পাস করিনি। নটর ডেম কলেজ ও আইডিয়াল কলেজে পার্টটাইম জীববিজ্ঞানশিক্ষক ছিলাম। বাহাত্তরে আমি সাংবাদিকতা করি। ’৭২-এর শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হলো। সেই ব্যাচে আমার হয়নি। আমিও সাক্ষাৎকার দিয়েছিলাম। আমি অবশ্য সাংবাদিক হিসেবে পরে প্রশ্নও করেছিলাম ভিসি মহোদয়ের কাছে, আমাদের মতো কোয়ালিফিকেশন যাঁদের ছিল, তাঁদের হয়নি কেন? তিনি বলেন, ওনারা পরের ব্যাচে যাবেন। দ্যাট ওয়াজ হিজ আনসার। আমার মনটা একটু খারাপই ছিল যে আমার প্রথম ব্যাচে চাকরি হয়নি। কিন্তু সাংবাদিকতা করি। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি হলো। সেখানকার স্যার আমাকে খুব আদর করতেন।

প্রশ্ন

  আপনি কিছুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন?

 রেজা খান: হ্যাঁ। ওই ফেব্রুয়ারি মাসে জয়েন করলাম। ’৭৩ এর নভেম্বরে ঢাকায় ইন্টারভিউ হলো, তো চলে এলাম। ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম, আমি যখন সাংবাদিকতা করি; তখন আমার কাছে একটা ভেসপা মোটরসাইকেল ছিল। ওই যে ১৫০ সিসির যেটা; একটা ছিল ১০০ সিসির, আরেকটা ১৫০ সিসির। আমি ছিলাম ১৩তম মালিক। আমার আগে যিনি ১২তম মালিক ছিলেন, তিনি ছিলেন পত্রিকার ফটোগ্রাফার। ইত্তেফাক অফিসের কোনার লাইনে ডানদিকে পুরোনো শহরের অংশে কয়েকটা মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। আমি প্রায়দিনই সেখানে মোটরসাইকেলটা মেরামত করিয়ে তারপর বাসায় ফিরতাম।

 … সে সময় ফোর্ড ফাউন্ডেশনের ডিজি ঢাকা সফর করছিলেন। ইট ওয়াজ আ ওয়ান ম্যান শো। জি এম এম এ করিম নামের একজন ঢাকাইয়া কুট্টি ওটার প্রধান ছিলেন। ইস্ট পাকিস্তান আমল থেকে এই জমানা পর্যন্ত। হি ওয়াজ আ ভেরি নাইস জেন্টলম্যান। তিনি শিকারি ছিলেন, কিন্তু বন্য প্রাণীর প্রতি তার দুর্বলতা ছিল। পরে তিনি শিকার বাদ দিয়ে বন্য জীবনে ঢুকে যান। উনি আমাকে বলেছেন, ‘তুমি তো বার্ড ওয়াচার। চলো আমার সাথে, হাকালুকি হাওরে যাব।’ ওনারা আমাকে নিয়ে গেলেন। পরদিন যখন ফিরে আসি, বিকেল চারটা বাজে প্রায়। তো আপা বললেন, ‘দেখ রে, তোর জন্য একটা কাগজ আসছে।’ কোথায়? পরদিন সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার সাক্ষাৎকার। সঙ্গে সঙ্গে গেলাম বিমানের টিকিট খুঁজতে। তারা বলল, ‘ওটা তো ঈশ্বরদীতে যাবে, সেখান থেকে দুটোর পর আপনার গাড়ি গিয়ে পৌঁছাবে রাজশাহীতে।’ রেলস্টেশনে গেলাম; কোনো ট্রেনই বিকেলের আগে রাজশাহীতে পৌঁছাবে না। আমি প্রমাদ গুনলাম। কারণ, আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর রাগ ছিল, যেহেতু সেখানে চাকরি তো প্রথমবারে হয়নি। ভেবেছিলাম, রাজশাহীরটা হয়ে গেলে আই উইল একসেপ্ট ইট। জোসেফ ডি সিলভা নামে আমার এক বন্ধু ছিল। আমার ক্লাসমেট। আমরা দুজনই নটর ডেমের। পরে একসাথে চাকরিও করেছি নটর ডেমে। ও পরে নটর ডেমের ভাইস প্রিন্সিপাল হয়েছিল। তো ওর মোটরসাইকেল ছিল ১০০ সিসির। ওর কাছে গেলাম বুদ্ধি নেওয়ার জন্য। ও বলল, ‘দেখ, ইঞ্জিন তো আমি কিছু করতে পারব না, দোস্ত। আমার দুইটা নতুন টায়ার আছে, তুই আমার দুইটা নিয়ে যা আর তোর দুইটা আমারটায় লাগিয়ে রেখে যা।’ আমি সেটাই করলাম। আমার এক ক্লাসমেট কাম ভাগনে ছিল মানিকগঞ্জের। ওরা তখন নগরবাড়িতে থাকত। ওদের ছোট ছোট লঞ্চ ছিল; ১৫–২০ জনকে ওই পারে নিয়ে যেত। কারণ, সে সময় ফেরি অনিয়মিত ছিল। তা ছাড়া ওই সময় মারাত্মক ডাকাতিও হতো। সন্ধ্যার পর আর ফজরের নামাজের আগে লঞ্চ হোক বা ফেরি, রাতে ডাকাতি হতোই। তো ওই বন্ধু তখন ঢাকায়। ও আমার সাথে যুক্ত হলো। আমি যখন এসব দৌড়ঝাঁপ করছি, সে আমার মোটর সাইকেলের পেছনে। ও বলল, ‘মামা, চলো যাই, তোমারে আমি আমার লঞ্চ দিয়ে পার করে দেব। তুমি আমার আরিচা ঘাট পর্যন্ত চলো।’ তখন ঢাকা থেকে রাত ১০টায় রওনা দিলাম আমরা। সে সময় তো ডাকাতি হয়। তাই পুলিশ কর্ডন থাকত পথে পথে। প্রথম পুলিশ কর্ডনে পড়লাম সাভারের ক্যান্টনমেন্টে। বাঁশ দিয়ে আটকানো। মেশিনগান বা স্টেনগান ছিল পুলিশের কাছে। যাহোক, এখানে বাঁচলাম একবার। আমার মা-বাবা থাকতেন মানিকগঞ্জে। তাঁদের সাথে দেখা না করে ইন্টারভিউ দিতে যাব কী করে? তখনকার মনমানসিকতা এমনই ছিল আরকি। মানিকগঞ্জে গিয়ে তাঁদের ঘুম থেকে তুললাম। তাঁদের আবার নিয়ম ছিল যে কেউ বাইরে গেলে একটু পায়েস করে খাওয়াতে হবে মানে মিষ্টিমুখ করিয়ে দিতে হবে। সেগুলো সব করলেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে সম্ভবত আমরা যখন আরিচা ঘাট পার হচ্ছি, এই যে তরা ঘাট, ওই পাড়ে আগের দিন ডাকাতি হয়েছিল, কাজেই বানিয়াজুরীতে পুলিশ কর্ডন করে বসে ছিল। আমার ভাগনে বলল, ‘আমি লঞ্চের মালিক।’ আর আমি বললাম, ‘আমি সাংবাদিক।’ মানে দুজনেরই তাৎক্ষণিক মাথা কাজ করেছে। এভাবে সেখান থেকে ছাড়া পেলাম। তারপর ঘাটে পৌঁছলাম। ওরা কোনোমতে সিঁড়িটাকে উল্টো করে দিয়ে তার ওপর মোটরসাইকেলটাকে টেনে রশি দিয়ে বেঁধে রাখল। কারণ, অত জায়গা তো নেই লঞ্চে। তারপর ওরা বলল, ‘আমরা কিন্তু এখন যাব না। আজানের পর আপনাকে আমরা ওই পাড়ে নিয়ে যেতে পারব। তার আগে আমরা যেতে পারব না।’

  আমি ওদের কুপিবাতির আলোয় দাড়িটারি কেটে নিলাম ওদেরই ব্লেড দিয়ে। প্রস্তুত হলাম। ফজরের নামাজের পর ওরা আমাকে ওই পাড়ে নামিয়ে দিল। সময়টা ডিসেম্বর মাস। ঘন কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যায় না। আর অন্যান্য মোটরসাইকেলে যে রকম থাকে, ভেসপার তো তেমন কোনো লাইট নেই, হেডলাইটও নেই। এটা ভেসপার দুর্বল দিক। আমরা রাস্তায় পড়ে গেলে মাটিতে পা দিয়ে জায়গাটা বুঝতে পারি। তখন তো আমার কানটুপি, মাফলার সব জড়ানো। আমি যখন রাজশাহীতে পৌঁছলাম, ইটস অ্যারাউন্ড ১০ ও’ক্লক। আমার ভাগনে আমাকে নামিয়ে দিল। ওরা তখন ইন্টারভিউ বোর্ডে যাচ্ছিল। আমি ভিসির অফিসের সামনে দিয়ে যাচ্ছি ইন্টারভিউ বোর্ডে। ওরা বলল, ‘তোমার ইন্টারভিউ বোর্ডে যাওয়ার দরকার নেই।’ আনিস ভাই নামে আমার কুমিল্লার এক সিনিয়র ছিলেন। উনি অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য ইন্টারভিউ দেবেন, আমরা লেকচারারের জন্য। উনি বললেন, ‘রেজা, তুমি আমার ঘরে যাও। গোসল করে তৈরি হয়ে তারপরে আসো। আমরা বলে দেব ইন্টারভিউ বোর্ডে যে তুমি এসেছ, একটু পরে আসবে।’ আমি তো আগেই জানতাম যে চাকরি আমার হবে। কারণ, স্যার বলেছিলেন, ‘তোমাকে আমি নিয়ে নেব।’ সে সময় ওইভাবেই বেশির ভাগ চাকরি হতো। তা–ই হয়েছে। ইন্টারভিউটা, ইট ওয়াজ আ ফরমালিটি। নিয়ম যেটুকু, যদি বাড়তি লোকজন হয়, তাই।

প্রশ্ন

  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত দিন চাকরি করেছিলেন?

 রেজা খান: ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম। মোট নয় মাস। তারপর নভেম্বর মাসের ২৪ কি ২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পর জাকির স্যার বললেন, ‘রেজা, আমার সাথে আগামীকাল দেখা না করে যেয়ে না।’ দেখা করতে গেলাম। উনি বললেন, ‘তুমি জয়েন করো।’ আমি বললাম, ‘স্যার, আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।’ তিনি বললেন, ‘আমি জানি। তুমি ছুটিতে আছ না?’ বললাম, ‘হ্যাঁ স্যার, আমি ছুটিতে।’ স্যার বললেন, ‘তুমি এইখানে বসে চিঠি লেখো, আমি কাগজ দিচ্ছি। তুমি চিঠি লিখে দাও যে  রিজাইন করলাম চাকরি থেকে। পোস্টে পাঠিয়ে দাও, তাতেই চলবে।’

প্রশ্ন

  তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত দিন শিক্ষকতা করলেন?

 রেজা খান: এখানে ’৭৩ সালের ডিসেম্বরে শুরু করলাম। এরপর ’৮৩ পর্যন্ত।

প্রশ্ন

 পিএইচডি করতে বোম্বেতে গেলেন?

 রেজা খান: পিএইচডি করতে গেলাম ’৭৪-এর জুন মাসে। মজার ব্যাপার হলো, আমি যেদিন বিয়ে করতে যাই, ’৭৩–এর ৯ই ডিসেম্বর, ঢাকা থেকে জামালপুরে, গিয়েছিলাম ট্যাক্সি নিয়ে। ওই জমানায় সদরঘাটের কাছে একটা স্টেট ব্যাংক ছিল। ওইখানে ব্রিটিশ আমলের কয়েকটা হলুদ রঙের বড় ট্যাক্সি ছিল। আমার বিয়ের মোট খরচ হয়েছিল ৩০০ টাকা। তাকে আর আমি কিছুই দিতে পারিনি, বিকজ আই হ্যাড নো মানি।

প্রশ্ন

 আর আপনি পেলেন কোথায় আমাদের ভাবিকে?

 রেজা খান: সে তো আমার ক্লাসমেট। তাকে পাওয়া তো সমস্যা ছিল না। তার নাম হলো নূরুন নাহার হুদা।

প্রশ্ন

  উনি কি পড়িয়েছেন?

 রেজা খান: হ্যাঁ, ওনার চাকরিজীবন শুরু হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। উনি প্রথম মহিলা জীববিজ্ঞানশিক্ষক ছিলেন ওই কলেজে। ওখানে বিএসসি, এইচএসসি আর বিএসসি ছিল। আমি যখন পিএইচডি করে ফিরে আসি, উনি রাতারাতি চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় এসে আমার সাথে জয়েন করলেন।

 …যেদিন আমি বিয়ে করে ঢাকায় ফিরি মানে ১০ তারিখে, আমার আপা আবার বললেন, ওই যে আপার বাসায় যেহেতু ঠিকানা ছিল সব মূলত ওইখানেই থাকতাম…

প্রশ্ন

  আরেকটা চিঠি এসেছে, নাকি?

 রেজা খান: হ্যাঁ। আপা বললেন, ‘এই তোর মোহাম্মদ আলী রেজা খান নামে চিঠি আসছে।’ আর কেউ বুঝতে পারে না, আপা শুধু জানে যে এটা আমার ভাইয়ের চিঠি। চিঠি খুলে দেখি আমার স্কলারশিপ অ্যাওয়ার্ড হয়েছে বোম্বে থেকে। কপাল ভালো যে আমার স্ত্রী শুধু জানতেন যে আমি আবেদন করেছি। তিনি বললেন, ‘কোনো সমস্যা নেই, তুমি যাও।’

প্রশ্ন

 বোম্বেতে এক প্রখ্যাত গুরুকে পেলেন।

 রেজা খান: ডক্টর সালিম আলী স্যার, ওনার কথা প্রফেসর জাকির হোসেন স্যার বলেছিলেন। আমি যখন রাজশাহীতে ছিলাম, তখন আমি হন্যে হয়ে ঘুরছিলাম। প্রেসক্লাবের সামনে ইউএসআইএস ইনফরমেশন সেন্টার ছিল। সেখানে টোফেল, জিআরই ইত্যাদি সব পাস করে আমি প্রস্তুত হয়ে ছিলাম, যেহেতু আমি বাইরে যাব। আমাকে তো ডিগ্রি করতেই হবে, যেহেতু আমি শিক্ষকতা পেশায় থাকব। জাকির স্যার একদিন বললেন, ‘তুমি কী করছ?’ বললাম, ‘স্যার এই করছি, চেষ্টা করছি।’ বললেন, ‘তুমি ডক্টর সালিম আলীর কাছে একটা চিঠি লেখো।’ আর নাহলে আমি লিখি।’ তো স্যার একটা চিঠি লিখলেন। স্যারকে উনি হ্যাঁ বলে দিলেন, ‘তাহলে রেজাকে আবেদন করতে বলো। আমাদের সালিম আলী লোক ওয়ার্থ রিসার্চ ফান্ডের স্কলারশিপ আছে পিএইচডি প্রোগ্রামের জন্য, সে আবেদন করুক।’ আবেদন করার সঙ্গে সঙ্গে আমার হয়ে গেল ওটা। যেদিন বিয়ে করে এসেছি, পরদিন ওই চিঠি এল। মানে সব গণ্ডগোল হয়ে গেল।

প্রশ্ন

 গন্ডগোল না, এটা তো মধুর ঘটনা। বিয়ে হলো।

 রেজা খান: সে তো বটেই। মানে জোড়ায় জোড়ায় হচ্ছে।

প্রশ্ন

  তারপর চলে গেলেন। সালিম আলী স্যার—ওনার শিক্ষা সমস্তটা একলাইনে বলেন, কী শেখালেন উনি আপনাকে?

 রেজা খান: উনি প্রথমে শেখালেন প্রকৃতি থেকে জ্ঞান অর্জন করা। উনি বইপুস্তকের কথা কোনো দিনও বলেন নাই। কেন ওনার নিজের কোনো ডিগ্রি ছিল না ভার্চ্যুয়ালি। আমাদের সেন্সে হি ওয়াজ আ ম্যাট্রিকুলেট, ব্রিটিশ জামানার। কিন্তু তখন ওনাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে এবং আমি যখন জয়েন করি, তখন অলরেডি তিনি ইন্ডিয়ান গভর্মেন্টের ন্যাশনাল প্রফেসর। যেটা আমাদের দেশে বিরল হবে। লোকজন হয়তো আমাদের পেটাতে আসবে যে ডিগ্রি করে নাই বায়োলজিতে, কেমনে করে সে ন্যাশনাল প্রফেসর হয় বায়োলজি বা জুওলজির সেক্টরে! আরেকটা বিরল কাজ ওনার, যেটা আমাদের দেশে সম্ভব নয়, সেটা হলো আমার ‘গডফাদার’ যিনি ছিলেন, সাউথ ইন্ডিয়াতে যখন কাজ করি, যার বাড়িতে প্রথম উঠেছিলাম, দুই দিন যিনি আমাকে খাইয়েছিলেন এবং আমার গাইড ছিলেন ওখানকার গুরুর মতো। তো ওনার মেয়ে বোটানিতে আমাকে দেখল, সালিম আলী স্যারকে দেখল, পাগল হয়ে গেল যে সালিম আলীর সাথে কাজ করব। সালিম আলী স্যার আসছেন আমাকে দেখতে মাঠে কয়েকবারই। যেটা ইন্ডিয়ান ছাত্ররা খুব আমাকে ঘৃণা করত যে দেখো আমাদের উনি এক দিনও দেখতে আসে নাই। হ্যাঁ, ঈর্ষা করত। মানে উনি তোমার পেছনে কেন লেগেছে? তুমি কি জাদু করছ? আসলে উনি ভয় পেয়েছিলেন যে আমি বাইরে থেকে আসছি, কোনো ভুলভ্রান্তি কোথাও করে না বসি। এটা পরে বলেছেন উনি।

 এটা জাকির স্যার কাছে যে চিঠি দিয়েছিলেন এবং আমি কিন্তু ওনার কাছ থেকে কোনো টেস্টিমোনিয়াল নিতে পারি নাই। হি ওয়াজ লাইক মাই ফাদার। তাকে তো বলতে পারি না যে আমাকে একটা টেস্টিমোনিয়াল দেন যে আমি আপনার সাথে ডক্টরেট ডিগ্রি করেছি। আমি কিন্তু এমনি চলে আসছিলাম দেশে। উইদাউট টেকিং অ্যানি লেটার ফ্রম হিম। ইউনিভার্সিটি দিয়েছিল ডক্টরেট ডিগ্রি। তার পরদিনই বলল, তুমি এসে তোমার একটা ড্রাফট সার্টিফিকেট নিয়ে যেয়ো। ডিগ্রি অ্যাওয়ার্ড করা হয়েছে, এটা অফিশিয়ালি যখন কনভোকেশন হবে, তখন এটা দেওয়া হবে।

প্রশ্ন

  আচ্ছা স্যার, তারপর আপনি তো সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ের জুতে অনেক দিন ছিলেন?

 রেজা খান: হ্যাঁ। ঢাকা ইউনিভার্সিটিতে যখন ফিরে এলাম, এর পরেই স্যার চেষ্টা করলেন। ইমিডিয়েটলি আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে নিলেন, যেহেতু আমার ডিগ্রি অ্যানহ্যান্সমেন্ট হয়েছে, প্লাস ফার্স্ট ক্লাস ছিল এমএসসিতে। অতএব হয়ে গেল। এরপর ওই ’৮৩–তে ’৮২-র শেষের দিক থেকে পোস্ট–অ্যাডভারটাইজড হলো। আগে কিন্তু চাকরিতে প্রমোশন হতো না ঢাকা ইউনিভার্সিটিতে, কোনো প্রমোশন ছিল না। এখন যে রকম অটো প্রমোশন হয় তিন বছর বা পাঁচ বছর চাকরি করলে উইদাউট আস্কিং—পাবলিকেশন আছে কি নাই। তখন নিয়ম ছিল যে অ্যাসিস্ট্যান্ট  প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হতে হলে ১২টা ন্যাশনাল পাবলিকেশন থাকতে হবে, চারটা ফরেন জার্নালে পাবলিকেশন থাকতে হবে। তো আমার এবং কয়েকজন টিচারের সেই রকম ছিল, কিন্তু একজনের ছিল জিরো। উনি যে ল্যাবরেটরিতে কাজ করেছিলেন, সেই ল্যাবের ইন্টারনাল ম্যাগাজিন বের হয়, যে রকম আমরা অ্যানুয়াল ম্যাগাজিন বের করি, সেই রকম একটা ম্যাগাজিনে একটা আর্টিকেল ছিল। বাট তার ব্যাকগ্রাউন্ড ছিল অন্য। … ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভর্মেন্টের পক্ষ থেকে একজন অডিটর ছিলেন, অডিটরের সাথে সম্পর্কযুক্ত। আর কোনো ক্রাইটেরিয়া ছিল না। মানে যতগুলো ক্রাইটেরিয়া বাকি, সেটা ফুলফিল না করে কিন্তু হয়েছে। আমি জানতাম। কারণ, আমাকে আগেই বলেছিল, ‘দেখো এই তিনজন সিনিয়র হবে। যেহেতু তোমরা ইয়াং, তোমাদের চান্স আছে সামনে, তোমরা যেকোনো দিন হয়ে যাবা। এবং নেক্সটে তোমরা হয়ে যাবে।’ এটা আগেই বলে দিয়েছিলেন আমাদের সিনিয়র টিচাররা। কারণ, এটা হলো অনেকটা লাইক আ হিউম্যানিটারিয়ান, কারণ ওই ব্যাচে যদি না হয়।

 কারণ, আমরা বেশ ওভার কোয়ালিফাইড ছিলাম ওনাদের তুলনায়। তো আগের জামানায় লোকজন খুব কম পেত ফার্স্ট ক্লাস। অ্যাকচুয়ালি টিচাররা তখন দিতেনও না। দে ওয়্যার ভেরি মাইজার ইন গিভিং মার্কস। জাকির স্যার আমাদের শিখিয়েছেন, ডোন্ট বি মাইজার এবং বেনিফিট অব ডাউট মাস্ট গো ইন ফেভার অব দ্য স্টুডেন্ট। কারণ, একটা স্টুডেন্টরে কম নাম্বার দিয়ে তোমার জীবনের কোনো বেনিফিট হবে না, বাট হি উইল বি বেনিফিটেড। এবং এটা অ্যাভারেজ টিচাররা ফলো করে না। তারা কোনো এক জায়গায় রাগ করেছে কোনো কারণে, সেটা মার্কের ওপর দিয়ে যেত। মানে যেটা হয়েছিল ওই জামানায়। যাহোক, তো ওই দিন হওয়ার পর ওই রাত্রেই আমার তখন অলরেডি আরব দেশে চাকরি হয়ে আছে। দুবাই নয়, তখন আল আইন জুতে চাকরি হয়েছিল আমার। সেখানে যাওয়ার কথা। ওটা প্রায় তিন মাস ধরে পিছিয়ে যাচ্ছিল, আর আমি ওই অ্যাসোসিয়েট প্রফেসর হলে যাই না। এটা ছিল আমার ওয়াইফের সাথে কন্ট্র্যাক্ট—আমি যদি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাই, তাহলে যে বেতন তাতে আমাদের সংসার চলবে। আর তখন আমি টিভি প্রোগ্রাম করি, সপ্তাহে আমার একটা প্রোগ্রাম আছে। তারপর বিচিত্রায় কলাম লিখি আমি। সো আই ওয়াজ ইন ফোরফ্রন্ট। সবকিছুতেই সবাই ডাকত আরকি ওই সময়ে। বহু কমিটির মেম্বার ছিলাম সরকারি। যাই হোক, তো যাব না, যেহেতু বেতন অনেকটা বেশি। কিন্তু হলো না তো ওই দিন এবং ইন্টারভিউ বোর্ডে আসলে জানি না আজও কারও সাহস হবে কি না। আমি ভিসি অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলাম—কার চাকরি হয়েছে, এটা জানতে জিজ্ঞেস করব যিনি ইন্টারভিউ বোর্ড থেকে বের হবেন। আর ডিন প্রথমে বের হন। বের হয়ে বললেন, ‘সরি রেজা, তোমাকে করতে পারিনি।’ আমি বললাম, ‘এই তিনজনের হয়েছে?’ বললেন, ‘হ্যাঁ।’ আর কিচ্ছু জিজ্ঞেস করি নাই। স্ট্রেইট বাসায় আসি, দুজনে খুব কান্নাকাটি করলাম। কারণ, আমি তো চলে যাব। এবং তখন আমার হাতে আছে মোটে ১৫ দিন। আমার আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এবং সেটা করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে। এরশাদ সাহেব রাতারাতি সিএমএলএ থেকে প্রেসিডেন্ট হয়ে গেলেন। সব সচিব গিয়ে বসে থাকেন প্রেসিডেন্টের দরবারের কাছে, তাকে যদি ডেকে মিনিস্টার করে দেয়। কাজেই আমার কাগজটা সই করার লোক নাই। ১৩ তারিখ একজন অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন আমাদের ধামরাই থানার। উনি খুব হেল্প করলেন।আর কে ছিলেন? কিউ জে আহমেদ ছিলেন সচিব আর মজিদ খান নাকি যেন উনি বোধ হয় ছিলেন তখন মিনিস্টার। উনি সই করেছেন, ‘ইয়েস, বাট হোয়্যার ইজ দ্য সামারি?’ উনি আবার নিচে একটা প্যাঁচ দিয়ে দিয়েছেন। তো ওই অ্যাডিশনাল সেক্রেটারি  ক্লার্ককে গিয়ে বললেন, হেড ক্লার্ক, যিনি আমাকে ডিও লেটারটা জিও ইস্যু করবেন, ‘ওনারটা দিয়ে দেন, আমি কালকে ওই সামারিটা করে দিব।’

প্রশ্ন

  এটা কি তাহলে এপ্রিল মাস ১৯৮৪ সালের?

 রেজা খান: না, এটা হলো ’৮৩ সালের ডিসেম্বরের ১৩ তারিখ। ১৪ তারিখ রাত্রে হলো আমার ফ্লাইট। মানে আমি যদি না যাই, তাহলে আর চাকরি হবে না। কারণ, ১৫ তারিখে হলো জয়েনিংয়ের লাস্ট ডে। ভিসা ওই দিন শেষ হয়ে যাবে। যাই হোক, কোনোভাবে হলো। আমি নিজের জিও নিজে টাইপ করে বেরিয়ে আসলাম। এসে পরদিন ইউনিভার্সিটিতে সকালবেলা সব কাগজপত্র দিয়ে চারটার সময় আমার ক্লিয়ারেন্স হলো ইউনিভার্সিটি থেকে এবং আমি সাতটা না আটটার সময় এয়ারপোর্টের দিকে গেলাম। আমার আত্মীয়স্বজনের কেউ  ৫০ ডলার জোগাড় করে দিয়েছিল।

কারণ, আই হ্যাড নো মানি। ওইখানে যাওয়ার পর আমার ওয়াইফকে বলে এসেছিলাম যে কালকে সকালবেলা যখন অফিসে জয়েন করব, তোমাকে খবর দিব যে আমি এই দেশে থাকব কি থাকব না। মানে আমার চাকরি করা সম্ভব কি না। যে লোকের সাথে প্রথম পরিচয় হলো, সে অস্ট্রিয়ান এক ছেলে, ইলিটারেট ছিল। নিজেকে ডেভেলপ করছিল। আমি যে র্যাংকে গিয়েছি, সেই র্যাংকে সে ১০ বছর থেকে চাকরি করে। সো হি বিকেম লাইক মাই মেন্টর। ও খুব আদর করে নিয়ে গেল, প্রথমে খাওয়ালো। বলল, ‘তুমি আমার ঘরে বসবা।’ তারপর দেখলাম যে আমার লেভেলের যারা, তারা সবাই ইংরেজিতে কথা বলে। আমি তো ভয় পেয়েছিলাম যে আরবি কিচ্ছু জানি না, জিরো।

প্রশ্ন

 পরে কি ভাবিও দুবাই গিয়েছিলেন?

রেজা খান: হ্যাঁ, পরে ওরা এল হলো ’৮৪-এর মে মাসে।

প্রশ্ন

 স্যার, সংযুক্ত আরব আমিরাতে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি কী বলে মনে করেন?

রেজা খান: দুবাইয়ের চিড়িয়াখানাটা ছিল ১৯৫০-এর যুগে ইউরোপের যেসব চিড়িয়াখানা ছিল, সে রকমই। একজন অস্ট্রিয়ান ভদ্রলোক তাঁর ব্যক্তিগত প্রচেষ্টায় এই চিড়িয়াখানা গড়ে তোলেন। দুবাই সরকার তাঁকে জায়গাটা দিয়ে দেয় এবং কিছু সিড মানি ওনাকে দিয়েছিল। উনি বলেন, সেটা তিনি পারসোনালি বানাবেন। লস-প্রফিট—সব ওনার ছিল। ল্যান্ড বিলং টু দ্য গভর্মেন্ট, কিন্তু ওনাকে ডোনেট করেছিলেন জুর জন্য। তো উনি ইউরোপ–পশ্চিমের ভাবধারায় ওই জামানায় যা ছিল চারদিকে, সে রকম বিল্ডিং করে সবকিছু করেছিলেন।

 তো আমি যেই মিউনিসিপ্যালিটিকে বললাম, দেখো আমি এই সিস্টেমকে পছন্দ করি না। কারণ, অ্যানিমেলের জন্য সূর্যের আলো লাগবে, খোলা বাতাস লাগবে। তো ভেঙেটেঙে আমি জাস্ট রিমডেল করলাম। আমাকে বলল, ‘তোমার বাজেট হলো অনলি ৬০,০০০ ইউএই দিরহাম। অ্যানুয়াল বাজেট ফর দ্য মেইনটেনেন্স।’ তখন আমি দেখলাম যে বিল্ডিং ডিপার্টমেন্ট, রোডস ডিপার্টমেন্ট—তাদের অফুরন্ত সম্পদ পড়ে আছে। কারণ, আমি যেহেতু হেড, আমি যেতাম স্টোরে কোন ডিপার্টমেন্টে কী পড়ে আছে তা খুঁজে বের করতে। ওরা খুব হেল্প করত। তো ওই হেল্প নিয়ে আমি ওই রিবিল্ডিং করেছি। পুরো চিড়িয়াখানা লিমিটেড জায়গা, পাঁচ একর জমির ওপর। একসময় ১ হাজার ৮০০ অ্যানিমেল ছিল এটুকু জায়গার মধ্যে। কারণ, দুবাই জু ওয়াজ দ্য ওনলি জু হোল অব এরাবিয়ান পেনিনসুলা—অন্যরা অ্যানিমেল ডোনেট করলে সে রিসিভ করত।

 …আমি ওই টোটাল ৪২ বছর চাকরি করেছি জুতে, এর মধ্যে দুবাই জু এবং সাফারি পার্কে ৩৫ বছর। তিনটা বিড়াল কিনেছিলাম সৌদি আরব থেকে, তারপর সৌদি ওই জুলজির বন্ধুরা বলছে, ‘দেখো এটা ট্রাইবালরা ধরেছে, এটা যদি ওরা কিছু টাকা না পায়, তাহলে তো মেরে ফেলবে।’ তখন আমি মিউনিসিপ্যালিটিকে এই ঘটনা জানিয়ে বললাম, আমাকে এয়ারফেয়ার দিতে হবে। এই তিনটা অ্যানিমেল ওই দেশ থেকে আমি নিয়ে আসব। আর ওদের ৫০০ সৌদি রিয়াল করে এই ১ হাজার ৫০০ রিয়াল দেব আর ভাড়াটাও। বাক্সটাক্স তো সব আমি নিজে বানিয়ে দেব। মিউনিসিপ্যালিটি অ্যাগ্রি করল, নিয়ে এলাম। আমার অত বছর লাইফে আই দ্যাটস দ্য থ্রি অ্যানিমেলস আই পারচেজড। আর বাকি সব পাবলিক ডোনেট করেছে বা কনফিসকেট করেছে গভর্মেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, কাস্টমস। আর সব দুবাই জুতে জমা হতো।

 একদিন আমার কাছে ৮০০ টিয়া পাখির বাচ্চা এল, একটাও আমরা বাঁচাতে পারি নাই। কারণ, আমরা তো জানিই না টিয়া পাখির বাচ্চাকে কী করে খাওয়াতে হবে। ৮০০ বাচ্চা! এটা আসছিল পাকিস্তান থেকে, কনফিসকেটেড হয়েছে। একবার ৩০০ বিষধর সাপ এক্সিবিশন করা হয়, এক্সিবিশন ফেল হয়েছে। মিউনিসিপ্যালিটি কনফিসকেট করছে, সে পয়সা দিতে পারে নাই। আমি যদিও চলে গিয়েছিলাম রাগ করে। আমি দেশে ফিরব না—দ্যাট ওয়াজ ইন মাই মাইন্ড। তো তখন ওই যে চার বছর ছুটি রাখা যায়, চার বছর পর্যন্ত রেখেছি। তারপর যাই হোক পরে ওনারা বললেন, ‘স্যার, আপনাকে তো আমরা চাকরি থেকে বিতাড়িত করার চিঠি দিই নাই, ভুলটা আমাদের হয়েছে।’ অফিসে আমি কাগজপত্র বুঝে নিতে গিয়েছিলাম। তো বলল, ‘স্যার, এখন আমরা একটা কাগজ লিখে দিই, আপনি তাতে সই করেন।’ কী এটা? বলল, ‘আমি আমার ছেলেমেয়ে নিয়ে আমি খুব বিপদের মধ্যে ছিলাম। আমার ছুটি শুরু হবে জুন মাসে, আমি জুন মাসে এসে জয়েন করব।’ আমার কিন্তু আগের ডিসেম্বরে চাকরির মেয়াদ শেষ, আমি আর অ্যাপ্লাই করি নাই। অন্য টিচাররা যা করেছে, এটা সব ইউনিভার্সিটি এখনো করে, পালিয়ে থাকে। কনস্যুলেটকে–এম্বাসিকে বলে, ‘ভাই, আমার নামে চিঠি আসলে বলেন যে ওনাকে পাওয়া যায় না।’ দে স্টে সিক্স অর সেভেন ইয়ার্স। আমার ব্যাচমেট যারা ঢুকেছিল, তাদের দুজন মহিলা এই কাজ করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সাত বছর বাইরে থেকে ফিরে এসেছিল, চাকরি চলে গিয়েছিল, আবার তাদের চাকরি দিয়েছে—বিকজ দে কেইম থ্রু ব্যাকডোর। সো সেকেন্ড টাইম দে কেইম থ্রু ব্যাকডোর। তো ইউনিভার্সিটিতে এ ধরনের ঘটনার ইতিহাস আছে। যে রকমটা আমাদের ইন্টারভিউর সময় হয়েছিল।

 তো এখানে আমি করেছি কী, বিদেশে গেলেও আমার খুব শখ ছিল যে দেশের কাছ থেকে যেন আমি বাইরে না থাকি। এবং আপনাদের দোয়ায় আমি বোধ হয় সবচেয়ে বেশি বই বাংলা ও ইংরেজিতে বাংলাদেশের বন্য প্রাণীর ওপর লিখেছি। এবং পত্রপত্রিকায় যখনই কোনো প্রয়োজন হতো, আমি ওখান থেকে লেখার চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব।

প্রশ্ন

 এখন স্যার আমি একটু বাংলাদেশ নিয়ে দু–তিনটা ছোট ছোট প্রশ্ন করব। সায়েন্টিফিক মানে আমার কৌতূহল। আপনি উত্তর দেবেন, তারপর একটু বড় প্রশ্ন হবে একটা। মানে বড় মানে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখন ঢাকা শহরে বা অনেক গ্রামে, অনেক শহরে জোনাকি কেন দেখা যায় না?

রেজা খান: জোনাকির জন্য কিছু বিরুৎ–জাতীয় ছোট ছোট গাছপালা, অন্ধকার মতো জায়গা দরকার হয়। বেশির ভাগ ঝোপঝাড়ের পাশে আলোকিত হয়ে গেছে। পুরো বাংলাদেশে খুব কম গ্রাম আছে।

প্রশ্ন

 যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি।

রেজা খান: বিদ্যুৎ পৌঁছায় নাই। বনের ওই স্তরটা নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি যদি সব কেটে ফেলেন, তাহলে যে গাছগুলোর শক্তি বেশি আছে, তারা উঠে আসবে। কিন্তু আমগাছ যেগুলো ছিল, মানে কমন ট্রিস যেগুলো ছিল বা কমন প্ল্যান্ট স্পিসিস যেগুলো ছিল, যেগুলোর ওপরে তারা নির্ভরশীল। অ্যাডাল্টরা প্ল্যান্টসের ওপর নির্ভরশীল, লার্ভারা সাধারণত শামুক বা এ ধরনের প্রাণীর থেকে খাবার খেয়ে বাঁচে। ওই দুটি দলেরই পরিবেশের আর খাবারের অভাব হয়েছে।

প্রশ্ন

 কীটনাশক কোনো কারণ নয়?

 রেজা খান: কীটনাশক সেকেন্ডারি। কীটনাশকের পরেও যদি উদ্ভিদ জন্মায়, তারপরেও বাটারফ্লাই বেঁচে আছে কী করে? তারা এক ফুল না হয় আরেকটা ফুল, বিদেশি হোক দেশি হোক, যেখানে মধু আছে সেটা খেয়ে বেঁচে আছে। দে আর সারভাইভিং। কিন্তু ওরা এত বেশি স্পেসিফিক ছিল প্ল্যান্টসের ওপরে ও অ্যানিমেলসের ওপরে, সেটা নেই। এটা হলো মূল কারণ তাদের।

প্রশ্ন

 স্যার, একটু আগে আপনি বলছিলেন যে এখনো সুন্দরবনের গাছগুলো আছে। আমাদের লাউয়াছড়া হোক, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বন, আমাদের গাজীপুর এলাকার এই শালবন, দিনাজপুর এলাকার শালবন—এগুলো সবই প্রায় গাছ কেটে নিচের গাছগুলো সাফ করে… এবং ব্রিটিশ আমলে একটা নিয়ম ছিল ওটা একটু বলবেন?

রেজা খান: হ্যাঁ, ব্রিটিশ আমলে যে সিস্টেমটা তারা চালু করেছিল, সেটাকে বলত ক্লিয়ার ফেলিং সিস্টেম, আরেকটা করেছিল ওয়ার্কিং প্ল্যান। মানে চিটাগাংয়ের একটা ডিভিশনের জন্য ওয়ার্কিং প্ল্যানের একটা বই আছে। এটা আপনি ওদের লাইব্রেরিতে গেলে এখনো পাওয়া যাবে। হয়তো এইটিজের দিকে সেটা বন্ধ হয়ে গেছে। ওই বইটা হলো একটা প্রেসক্রিপশন। ওর মধ্যে লেখা থাকত কোন অঞ্চলের কোন ব্লকের কতগুলা কাঠ কখন কাটা হবে। এবং যখন কাটবে কন্ট্রাক্টরের কাজ হলো জায়গাটা পরিষ্কার করে দেওয়া। যাতে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট ভিলেজার, ফরেস্ট ডিপার্টমেন্ট যাদের বসিয়েছে, এখন তারা সব জমি দখল করে ফেলেছে। আপনি দেখবেন প্রায় জায়গাতেই ১০ থেকে ৩০ শতাংশ ভূমি বেহাত হয়ে গেছে বন বিভাগ থেকে। ওই লোকগুলো চারা জোগাড় করে দেবে বিনা পয়সায়। এর জন্য সরকারের টাকা দেওয়া হয় এবং সে টাকাটা অন্যদিকে চলে যায়। কাজেই বিনা পয়সায় পেতে গেলে তাদের তো একটা কিছু দিতে হবে, ওই জমি দেওয়া হয় সরকারি বসবাসের জন্য।

প্রশ্ন

 ওরা ব্রিটিশরা তো একটা ক্ষতি করে গেল।

 রেজা খান: এটা, এটা তারা তো তাদের লাভ দেখেছে। দে ওয়ান্টেড দ্যাট লগস। তাদের ব্রিটিশের জাহাজ বানাতে হবে, তাদের রেললাইন বানাতে হবে। দে ওয়ার ভার্চ্যুয়ালি লুটার্স। একচুয়ালি আমাদের ফরেস্ট হ্যাজ বিন লুটেড বাই দ্য ব্রিটিশ এবং তারপরে পাকিস্তানিরা আসছে তারা করেছে এবং বাংলাদেশে ওই একই সিস্টেম যেহেতু…

প্রশ্ন

  লুটেরা ধনীকেরা বা ক্ষমতাশালীরা।

রেজা খান: ক্ষমতায় যাঁরা ছিলেন, তাঁরাই এটা এবং ওই এলাকার যারা ধনী।…এগুলো সরকারি ও বেসরকারি দুই দলের এবং রাজনীতি করে বা রাজনীতি করে না, স্থানীয়ভাবে প্রভাবশালী, দে হ্যাভ জাস্ট ডান ইট। যেটা এখনো হয়। স্টিল হোয়াটএভার ইজ দেয়ার, দে আর দে আর বিইং ডেস্ট্রয়েড। এটা ম্যাসাকার হয়েছে হলো শান্তিবাহিনী যখন আত্মসমর্পণ করল। কারণ, সারেন্ডারের টেনথ ডের সময় আমি আর আমার ছোট ভাই ওখানে গিয়েছিলাম।… আমরা গিয়ে দেখলাম …এভরিবডি ওয়াজ লুটিং বাংলাদেশ ফরেস্ট, ইট ওয়াজ ভার্চ্যুয়াল লুটিং। যে শত শত মানুষ আবালবৃদ্ধবনিতা— বাংলায় যে শব্দটা আছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে।

 … বাঙালি …ওইখানে ছিল শান্তিবাহিনীর পক্ষ-বিপক্ষ, বাঙালি সেটলার, চাকমা, যারা ওই বনের পাশে ছিল প্রত্যেকের টার্গেট ছিল সেগুন। আর তারপরে হলো যে কাঠ দিয়ে অন্তত পায়া পর্যন্ত হবে। আমি নারীদের দেখেছি, তারা ওই ছোট্ট টুকরা কেটে নিয়ে গেছে সেগুন গাছের। যেটা দিয়ে ওই যে খাটের পায়া হবে বা চেয়ারের, ওই সাইজটাও।… আমরা ওই নৌকা দিয়ে তখন যাচ্ছিলাম, …একজন চাকমা আমাদের গাইড করে নিয়ে গেছে।

প্রশ্ন

  তাহলে ওই আইনটা এখন আর নেই?

 রেজা খান: না, ওই ক্লিয়ার ফেলিং প্রসেসটা নেই। কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে ছিল সিলেকশন লগিং। মানে একটা এলাকার কিছু গাছ মার্কা দিয়ে মার্ক করে দেবে। ওইগুলো কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টর কিনে নেবে। নিয়ে যাওয়ার পরে ওই গাছগুলো নেবে, তার সঙ্গে কিছু ইনসিডেন্টাল…

প্রশ্ন

  এখন তো আর এটা নেই।

রেজা খান: না, এখন সেটাও নেই। গোলপাতা আর মধু ছাড়া তো অন্য কিছু নেওয়া যায় না। আরোহণ করা যায় না। কিন্তু ওই বনে তো সবাই যায়, তাহলে গাছের সংখ্যা কমছে কী করে?

প্রশ্ন

  যখন স্যার আইলা–সিডর হলো, ওই সময় বলা হলো আমাদের আইনুন নিশাত স্যারও ছিলেন, বলছিলেন যে সুন্দরবনকে বাঁচানোর উপায় হচ্ছে, এটাতে হাত না দেওয়া। যেসব গাছ পড়ে গেছে পড়ে গেছে, হাত দেওয়া যাবে না।

রেজা খান: আই ওয়াজ দ্য ফার্স্ট ম্যান। আমি প্রথম আলোতে এটা লিখি। তখন ওই যে অ্যাগ্রিকালচার ফরেস্ট মিনিস্টার ছিলেন, কৃষিবিদ ছিলেন উনি। …ওনার কাছে আমি গিয়েছিলাম স্ট্রেইট অন। আমি বলছিলাম যে আপনার কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, আমি দেখে আসছিলাম সুন্দরবন। আমি লিখেছিলাম প্রথম আলোতে।

প্রশ্ন

 সুন্দরবনে কোনো ডিস্টার্ব করবেন না।

 রেজা খান: হ্যাঁ। কারণ আমি ওনাকে ছবি দেখিয়েছি।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন
প্রশ্ন

 এখন স্যার আবার বলেন, এখন তো আবার রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হয়েই গেছে …

 রেজা খান: সুন্দরবনের কোনো একটি গাছ, কোনো একটি নদী, কোনো একটি খালে হাত দেওয়া যাবে না। এ জন্যই যে বাংলাদেশের মিশ্র চিরহরিৎ বন, মিশ্র চিরসবুজ বন বা শালবন, পাতাঝরা শালবন এই দুটো প্রাকৃতিক তাদের যে চরিত্র ছিল সেটা ১০০ ভাগ হারিয়ে গেছে। তারা অলমোস্ট মানুষের সৃষ্ট বন হিসেবে দাঁড়িয়ে আছে। দু–একটা জায়গায় কিছু ন্যাচারাল গাছ আছে, যেহেতু ওগুলোর কোনো ভ্যালু নেই এবং ট্রাইবালদের কাছে তার কোনো ভ্যালু নেই। কিন্তু যেই পরিমাণ সড়ক এখন চিটাগাং হিল ট্র্যাকসের পাহাড়ি এলাকাতে হয়েছে, ওই যে খণ্ড  টুকরো যেটুকু আছে, সেগুলো থাকবে না। সুন্দরবন একমাত্র জায়গা, যেহেতু সিলেকশন লগিং হয়েছে, এর বনের যে চরিত্র সেটা এখনো বিরাজমান আছে। হ্যাঁ, লবণাক্ততা ভারতের বাঁধের ফলে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়াতে গাছের চরিত্র পরিবর্তন হয়েছে, গ্রোথ ছোট হয়েছে। মানে আগে যেগুলো হয়তো ৩০-৪০ ফুট হতো, সেগুলো এখন ২০ ফুটে নেমে আসছে। বাট এখনো প্রজাতিগুলো সেখানে আছে। ৪০০-এর ওপরে প্রজাতি যেটা ব্রিটিশ আমলে ৩১৩ ছিল, সেটা এখন প্রায় ৪২০ বা ৪৫০-এর মতো প্রজাতি। তো এই প্রজাতি আমাদের আর কোথাও পাওয়া যাবে না। এবং লবণপানিতে বাস করা উদ্ভিদের সংখ্যা দুনিয়াতে খুব কম। পৃথিবীর সবচেয়ে বেশি উদ্ভিদ আছে সুন্দরবনে এবং বিশ্বে কোথাও মানে ভারতের অংশ মিলে ১০ হাজার বর্গকিলোমিটারে কোনো ম্যানগ্রোভ বন নেই, যেখানে ৩০০ থেকে ৪০০ প্রজাতির গাছ আছে। পৃথিবীব্যাপী যত ম্যানগ্রোভ বন আছে, ১২ প্রজাতির বেশি সম্ভবত পৃথিবীর কোথাও হবে না। একটা-দুটো প্রজাতি দিয়ে সব গাছপালা হয়েছে। বাইনগাছ যেটাকে বলি, এটা হলো বিশ্বব্যাপী একমাত্র ম্যানগ্রোভ গাছ। অন্য যেসব প্রজাতি আমাদের দেশে, এগুলো সেখানে নেই। …বাংলাদেশ সরকারের যারাই এখন ক্ষমতায় আছেন, আমি অনুরোধ করব যে সুন্দরবনকে যেন কোনোভাবে হাত দেওয়া না হয়, কোনো গাছ এখানে কাটা না হয়, কোনো নদীতে বাঁধ দেওয়া না হয়,  কোনো নদী খনন করা না হয়। এটা যেভাবে চলছে সেভাবে এটাকে থাকতে দিতে হবে। এটা হলো সুন্দরবনের মানুষজনকে বাঁচানোর জন্য এবং বিশ্বের যে বড় একটা ম্যানগ্রোভ বন সে এবং সেটা জাতীয় চরিত্রের যে অংশ এবং জাতীয় জীববৈচিত্র্যের যে অংশ এবং বিশ্বের যে একটা জীববৈচিত্র্য ভান্ডার, সেটা সংরক্ষণ করার জন্য।

প্রশ্ন

  আপনি বলছিলেন যে এটা আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়…

রেজা খান: ওই এলাকায় যতবার ঘূর্ণিঝড় হয়েছে, ততবারই তো আইলা–সিডর সবগুলোতে সুন্দরবন বুক দিয়ে আগলে বাঁচিয়ে রাখছে। একেবারেই বুক দিয়ে যে রকম আগলে থাকে সমস্তটাকে এবং আগামীতেও তাই করবে। যতবারই হবে ততবারই করবে। কিন্তু এটা যদি কেটে ফেলা হয়, এটাকে ধ্বংস করা হয়, সো ইট উইল বি গন ফরএভার। এবং ওই দক্ষিণাঞ্চলের কী অবস্থা হবে, সুন্দরবনের যদি ক্ষতি হয়, এটা বলা খুব কঠিন হবে।

প্রশ্ন

 তাহলে স্যার আজ আমরা এখানেই শেষ করি। আমাদের এটাই আবেদন থাকবে সবার প্রতি যে আমরা সুন্দরবনকে যেন যা আছে প্রাকৃতিকভাবে যে রকম আছে, প্রাকৃতিকভাবে সে রকমই রাখি। এটার কোনো অভিভাবকত্বেরও দরকার নেই, এটাকে ক্ষতি করার চেষ্টা করারও দরকার নেই। উপকার করার চেষ্টা একমাত্র হবে হস্তক্ষেপ না করা।

 রেজা খান: হস্তক্ষেপ না করা।

প্রশ্ন

 আমরা আজকে বাংলাদেশের প্রধান প্রাণিবিশেষজ্ঞ, জীববৈচিত্র্য বিশেষজ্ঞ ড. রেজা খানের সঙ্গে কথা বললাম। তাঁর অভিজ্ঞতা, তাঁর জীবনের শৈশবের গল্প থেকে শুরু করে অনেক মজার গল্প হলো, কিন্তু একটা ভালো আবেদনও আমরা পেলাম। এটা দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্যার, আপনাকে ধন্যবাদ।

রেজা খান: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ।