নিয়োগের পাঁচ দিন পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২৪ মার্চ আবদুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
এলজিইডি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা। অন্তর্বর্তী সরকারের সময়ে এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অবসরে যান আবদুর রশীদ মিয়া। বিএনপি সরকার ক্ষমতায় এসে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে থাকার সময় তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৩ সালের এপ্রিলে আবদুর রশীদ মিয়ার অনিয়ম–দুনীতির বিষয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে থাকার সময় জ্ঞাত আয়ের বাইরে নামে–বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তাকে কেন প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হলো—এ নিয়ে এলজিইডির কর্মকর্তারা অসন্তোষ জানান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবদুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতেন না। এ বিষয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন মহলের সমালোচনার পরিপ্রেক্ষিতে আবদুর রশীদ মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।