দুদকের মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল শহীদের কারাদণ্ড

দুর্নীতির মামলায় যুক্তরাজ্যপ্রবাসী কর্নেল (অব.) মো. শহীদ উদ্দীন খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, এই মামলায় গত ৮ আগস্ট শহীদ উদ্দিন খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। ২০২০ সালের ১৬ আগস্ট সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য শহীদ উদ্দিন খানকে নোটিশ দেয় দুদক। তবে সম্পদের হিসাব জমা না দেওয়ায় গত বছরের ২৪ জানুয়ারি শহীদ উদ্দিন খানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের ১৪ নভেম্বর শহীদ উদ্দিন খানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।

মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৩৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, মো. শহীদ উদ্দীন খান ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ২০১০ সালে সেনাবাহিনীর কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। দুদক শহীদ উদ্দীন খান ও তাঁর স্ত্রী-সন্তানদের সম্পদের অনুসন্ধান করে তথ্য পেয়েছে, তাঁদের নামে মোট ৩৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। কিন্তু এই সম্পদ অর্জনের বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পায়নি দুদক। তা ছাড়া অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা হিসেবে উল্লিখিত সম্পদ অর্জন করাটাও অস্বাভাবিক।

এর আগে ২০২০ সালের ২০ ডিসেম্বর ঢাকার আরেকটি আদালত কর ফাঁকির মামলায় শহীদ উদ্দিন খানকে ৯ বছরের কারাদণ্ড দেন আদালত। একই বছরের ১০ নভেম্বর অস্ত্র মামলায় শহীদ উদ্দিন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।