
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ‘দ্য অকুপেশনাল সেফটি বোর্ড অব বাংলাদেশ (ওএসবিবি)’ পুনর্গঠন করা হয়েছে। প্রকৌশলী সৈয়দা সুলতানা রাজিয়াকে চেয়ারম্যান করে ৩০ সদস্যের নতুন এই বোর্ড গঠন করা হয়।
আইইবির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কাউন্সিলের ৬৫২তম সভার সিদ্ধান্ত মোতাবেক বোর্ডটি পুনর্গঠন করা হয়েছে। আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূর আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন বোর্ড গঠনের এই তথ্য জানানো হয়।
৩০ সদস্যের এই বোর্ডে প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ও প্রকৌশলী মো. আল ইমরান হোসাইনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে; আর সদস্যসচিব করা হয়েছে প্রকৌশলী মো. ইকবাল হোসাইনকে। এ ছাড়া প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া, প্রকৌশলী আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া ও প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়সহ ২৬ জনকে বোর্ডের সদস্য করা হয়েছে।
পেশাজীবী ও সরকারের প্রতিনিধি হিসেবে প্রকৌশলীদের পাশাপাশি পদাধিকারবলে শিল্পসচিব, শ্রম ও মানবসম্পদসচিব, এফবিসিসিআই সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি অথবা তাঁদের মনোনীত প্রতিনিধিদের বোর্ডের সদস্য করা হয়েছে।