রাজধানীর ধানমন্ডিতে গাছ কাটার প্রতিবাদে সড়কে নেমেছেন একদল শিল্পী। আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডি-সাতমসজিদ সড়কসংলগ্ন আবাহনী ক্লাব মাঠের উল্টো দিকের ফুটপাতে পরিবেশনা করেন তাঁরা।
ধানমন্ডি সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের আয়োজনে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে রাজধানীর মহাখালী, সাতমসজিদ সড়ক, মিরপুর, ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন বিভিন্ন এলাকায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সারা দেশে উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা ও পরিবেশ নষ্টের বিরুদ্ধে প্রতিবাদী শিল্প পরিবেশনা করা হয়।
এ সময় কালো কাপড়ের নিচে প্রাণের ছটফটানি নিয়ে একটি পরিবেশনা করেন শিল্পী আবু নাসের। তিনি প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন কিংবা নতুন কিছু তৈরির নামে প্রকৃতি ধ্বংসের মানসিকতা রয়েছে। ভাঙা-গড়ার মধ্যেও প্রাণ–প্রকৃতিকে বাঁচিয়ে রাখার যে দায়িত্ব, সেটা আমরা পালন করছি না।’
আবু নাসের বলেন, তাঁর পরিবেশনায় কালো কাপড়ের নিচে একটি প্রাণ ছিল। কালো কাপড় অবকাঠামোর প্রতীক। এর নিচে প্রাণের ছটফটানি, বেঁচে থাকার আরজি ছিল। অবকাঠামো তৈরি করলেও ভেতরের প্রাণের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হবে। সেই প্রাণ মানুষ, প্রাণী, গাছের কিংবা পরিবেশের হতে পারে। প্রাণের বেঁচে থাকার সংগ্রামকেই পরিবেশনায় উপস্থাপন করা হয়েছে।
অন্য শিল্পীদের কেউ পুরো মুখমণ্ডল কাচের বাক্স দিয়ে ঢেকে, শরীরে কচুরিপানা পেঁচিয়ে, কেউ আবার কাদা মাখা অর্ধেক খালি গায়ে, হাতে ‘প্ল্যান্ট মোর ট্রিজ’ লেখা ছোট প্ল্যাকার্ড নিয়ে পরিবেশনা উপস্থাপন করেন।
অন্য শিল্পীদের কারও মুখে পলিথিন প্যাঁচানো ছিল। কেউ আবার কালো কাপড় পরে কাটা গাছের নিচে ভায়োলিন বাজান। একজন শিল্পী বাদ্যযন্ত্র বাজিয়ে সড়ক বিভাজকের কাটা গাছের পাশ দিয়ে পায়চারি করেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, গাছ রক্ষার জন্য মানুষের প্রতিবাদের ভাষা ভিন্ন ভিন্ন রকমের। কেউ স্লোগান নিয়ে, কেউ গান গেয়ে, কেউ নেচে, কেউ কবিতা আবৃত্তি করে, শিশুরা ছবি একে গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে। আর আজ এ দেশে যে শিল্পীরা পারফরম্যান্স আর্ট করেন, তাঁরা বিশেষ পরিবেশনা দিয়ে প্রতিবাদ করছেন।
পাভেল পার্থ আরও বলেন, ‘আমরা গাছের ভাষা বুঝিনি, বুঝতেও চাইনি, পাখির ভাষাও বুঝতে চাইনি। আমরা পাহাড়-নদীর ভাষাও বুঝতে পারি না। আমরা গাছ, পাহাড়, নদী, বন হত্যা করছি। এসব কিছুর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।’
প্রতিবাদ কর্মসূচিতে সাতমসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিবসহ গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সুমনা আক্তার, সৈয়দ মুহাম্মদ জাকির, আশিকুল ইসলাম, আফসানা শারমিন, ইমরান সোহেল, সানজিদ মাহমুদ, ফারহা নাজ, সুমন বিশ্বাস, তামিম, ফারিয়া খানম, জুয়েল এ রব প্রমুখ শিল্পীরা তাঁদের প্রতিবাদী শৈল্পিক পরিবেশনা করেন।