
ফলাফলের গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনের খসড়ায় প্রস্তাবটি এভাবে করা হয়নি।
আজ বৃহস্পতিবার ইসির এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা জানান। অবশ্য এর আগে নির্বাচন কমিশন বলেছিল, ফলাফলের গেজেট প্রকাশের পরও প্রয়োজনে ভোট বাতিল করার ক্ষমতা আইনে যোগ করার প্রস্তাব করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, আরপিও সংশোধনের বিষয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যদি কোথাও গুরুতর অনিয়মের কারণে নির্বাচন স্থগিত করতে হয়, নির্বাচন কমিশন তা করতে পারেন, এটা আগে থেকেই বলা আছে। এখন সংশোধনী প্রস্তাব করা হয়েছে, ফলাফল তৈরি করে রিটার্নিং কর্মকর্তা ফলাফল বিবরণী কমিশনে পাঠাবেন; তখন যদি গুরুতর কোনো অনিয়ম হয়, তখন নির্বাচন কমিশন যথাযথ তদন্ত করবে। তদন্তে ফলাফল সঠিক হলে তা প্রকাশ করবে, আর না হলে তখন কমিশন ফলাফল বাতিল করতে পারবেন। গেজেট প্রজ্ঞাপনের পরে বাতিল করা হবে, তা নয়।
গত মঙ্গলবার আরপিওর সংশোধনীর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ইসি সচিব মো. জাহাংগীর আলম এ বিষয়ে বলেন, আরপিও সংশোধন নিয়ে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে ইসির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। নীতিগত অনুমোদন বলতে যে প্রস্তাবগুলো আছে, সেগুলো আইন মন্ত্রণালয় আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। তারপর পরবর্তী সভায় উত্থাপন করবে। কোন অংশ বাতিল বা কোনটা রাখা হবে, সেটা নীতিগত অনুমোদনের সময় সিদ্ধান্ত দেওয়া হয় না।
ইসি সচিব বলেন, ইসির মাসিক সমন্বয় সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কমিশন দিকনির্দেশনা দিয়েছে। নির্বাচনের মালামাল ক্রয় থেকে শুরু করে ভোটকেন্দ্র স্থাপন পর্যন্ত সব বিষয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী সব কাজের নির্দেশনা দেওয়া হয়েছে।