কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া হ্যাচারির দুটি মা চিংড়ি। একটি মা থেকে পোনা পাওয়া যায় ৪০ হাজারের বেশি। গত মঙ্গলবার বিকালে
কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া হ্যাচারির দুটি মা চিংড়ি। একটি মা থেকে পোনা পাওয়া যায় ৪০ হাজারের বেশি। গত মঙ্গলবার বিকালে

মা চিংড়ির সংকট, অর্ধেকে নেমেছে পোনা উৎপাদন

কক্সবাজারে টেকনাফ ও উখিয়ার ৩০ হ্যাচারিতে চলতি মৌসুমে (ডিসেম্বর-মার্চ) বাগদা চিংড়ির পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৫০০ কোটি। তবে ৩১ মার্চ পর্যন্ত উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বঙ্গোপসাগর থেকে এবার মা চিংড়ি আহরণ হয়েছে কম। তাই পোনা উৎপাদনেও এর প্রভাব পড়েছে।

হ্যাচারির মালিকেরা জানান, দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে দ্বিতীয় রপ্তানি পণ্য চিংড়ি। দেশের ১ লাখ ৫২ হাজার ৪৯৬ হেক্টর জমিতে হ্যাচারিতে উৎপাদিত পোনা দিয়ে চিংড়ি চাষ হয়। কক্সবাজারের হ্যাচারিতে উৎপাদিত পোনা সরবরাহ করা হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ দেশের নানা অঞ্চলে।

পোনা উৎপাদনের জন্য জাহাজের মাধ্যমে গভীর সাগর থেকে মা চিংড়ি আহরণ করা হয়। তবে গত মার্চ মাসে মা চিংড়ি আহরণ হয়েছে ৫ হাজারের কম। অথচ আগে ৪০টির বেশি জাহাজ ২০-৩৪ হাজার মা চিংড়ি আহরণ করত। একটি মা চিংড়ি থেকে সর্বোচ্চ ৬০ হাজার পোনা পাওয়া যায়।  

হ্যাচারির মালিকদের সংগঠন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে কক্সবাজারের ৩০টি হ্যাচারিতে প্রায় ৫০০ কোটি পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ৩১ মার্চ পর্যন্ত চার মাসে উৎপাদন হয়েছে ২৫০ কোটি পোনা। এ কারণে বাজারে সংকট তৈরি হওয়ায় অনেকে চোরাই পথে নিম্নমানের পোনা দেশে নিয়ে এসে বিক্রি করছেন।

গত মঙ্গলবার দুপুরে সোনারপাড়ার বলাকা হ্যাচারিতে গিয়ে দেখা যায়, মা চিংড়ি থেকে বিশেষ পদ্ধতিতে পোনা উৎপাদন চলছে। কিছু পোনা সাতক্ষীরা-খুলনা এলাকায় সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে। হ্যাচারির ব্যবস্থাপক ফজলুল রহমান চৌধুরী বলেন, মৌসুমের চার মাসে এই হ্যাচারিতে ১১ কোটি পোনা উৎপাদনে লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু উৎপাদন হয়েছে ৫ কোটি ২০ লাখ। মা চিংড়ির সংকটে অবশিষ্ট পোনা উৎপাদন সম্ভব হয়নি।

বর্তমানে হ্যাচারিতে প্রতিটি পোনা উৎপাদনের বিপরীতে খরচ যাচ্ছে ৫০ পয়সা। কার্গো বিমানে প্রতিটি পোনা সাতক্ষীরা পৌঁছাতে খরচ হয় ১৩ পয়সা। সব মিলিয়ে প্রতিটি পোনার দাম পড়ে ৬৩ পয়সা। কিন্তু চোরাই পথে আনা নিম্নমানের পোনা বাজারে পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৩৫ পয়সায়। ফলে লোকসানে পোনা বিক্রি করতে হচ্ছে।

মা চিংড়ির ডিম থেকে পোনা সৃষ্টি হতে সময়ের প্রয়োজন হয় ৩০ দিন। এরপর ২৫ দিনের মধ্যে ওই পোনা ঘেরে ছেড়ে দিতে হয়। বিলম্ব হলে পোনা মারা যায় জানিয়ে কলাতলী সৈকতের কোয়ালিটি শ্রিম্প হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর বলেন, কয়েক বছর ধরে অতিরিক্ত দামে মা চিংড়ি কিনে তাঁরা হ্যাচারিতে পোনা উৎপাদন করছেন। তার ওপর ডিজেল-বিদ্যুৎ, পোনার খাদ্যের দাম ‍ও পরিবহন ব্যয় বাড়ার কারণে হ্যাচারিতে পোনার উৎপাদন খরচও বেড়েছে অনেকে। তারপরও চাষিদের কথা বিবেচনা করে হ্যাচারিগুলোতে পোনা উৎপাদন বন্ধ করা হয়নি। কিন্তু চোরাই পথে আসা নিম্নমানের পোনা বাজার পরিস্থিতি জটিল করে তুলছে।

হ্যাচারির মালিকেরা বলেন, চিংড়ি পোনা অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না। তাই কক্সবাজার থেকে খুলনা-সাতক্ষীরাতে দ্রুত পোনা সরবরাহের জন্য কার্গো বিমান ব্যবহার করা হয়। দুই বছর আগে পোনা সরবরাহের জন্য কার্গো বিমান ছিল চারটি, এখন আছে দুটি। কার্গো বিমানে পোনা পৌঁছাতে সময় লাগে দেড় ঘণ্টা, ভাড়া গুনতে হয় প্রতি পোনাতে ১৪ পয়সা করে। অন্যদিকে সড়কপথে গাড়িতে খুলনা-সাতক্ষীরাতে পোনা পৌঁছাতে সময় লাগে ১৪-১৫ ঘণ্টা। তখন অতিরিক্ত গরম এবং অক্সিজেন-সংকটে বিপুল পোনা মারা যায়।

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া হ্যাচারিতে মা চিংড়ি থেকে পোনা তৈরিতে ব্যস্ত দুই কর্মকর্তা। গত মঙ্গলবার বিকালে

সেবের সভাপতি ও সংসদ সদস্য আশেক উল্লাহ প্রথম আলোকে বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের পূর্বশর্ত হলো চিংড়ি ঘেরে মানসম্পন্ন পোনা সঠিক সময়ে সরবরাহ করতে হবে। কিন্তু নানা কারণে সেটি সম্ভব হচ্ছে না। পোনাসংকটের কারণে চাষিরা ঠিক সময়ে মাঠে নামতে পারছেন না। চাষ কমে গেলে চিংড়ি উৎপাদনও কমে যাবে, তাতে রপ্তানিতেও ভাটা পড়বে। চিংড়ি রপ্তানিতে দেশ বছরে তিন হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, চোরাই পথে চিংড়ির পোনা আসার খবর তাঁর জানা নেই। তবে মা চিংড়ির সংকট আছে কিছুটা, সাগরে এখন চাহিদামতো মা চিংড়ি পাওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, দেশে চিংড়ির রোগ দমনে উদ্যোগ নেওয়া হচ্ছে।