জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে ৬৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ও রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ পত্রিকায় প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকার প্রতিবেদন সম্পর্কে তদন্তপূর্বক রিপোর্ট প্রদানের জন্য চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ এবং সদস্যসচিব করা হয়েছে রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মোহা. আব্দুল মালেককে। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ–উল–আজম সওদাগর।

১৩ আগস্টের মধ্যে তদন্ত কমিটিকে অভিযোগ তদন্ত করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষক থাকলে, তাঁদের চিহ্নিত করতে বলা হয়েছে। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ ও সুপারিশ দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বিগত সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও আন্দোলনকারীদের হুমকি প্রদানে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।