
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গাদের দুর্দশার প্রতি অব্যাহত আন্তর্জাতিক মনোযোগের ওপর জোর দিয়েছেন। দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের প্রচেষ্টায় গুরুত্বের কথাও বলেন তিনি।
বুধবার কেলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা বলেন। মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন কেলি। ১১ নভেম্বর (বুধবার) থেকে তাঁর এই সফর শুরু হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের নতুন বিশেষ র্যাপোর্টিয়ারের দায়িত্ব নেওয়ার পর কেলি অ্যান কারি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছেন। তিনি এ বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক নিযুক্ত হন। মে মাসে তিনি দায়িত্ব নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে, বিশেষ করে রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রাখাইন রাজ্যের গুরুতর পরিস্থিতি, বিশেষ করে সেখানে চলমান সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।
নজরুল ইসলাম বলেন, মিয়ানমারে তাঁদের নিজ বাসভূমিতে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান। প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি, বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী উভয়ের জন্য টেকসই আন্তর্জাতিক সহায়তা সংগ্রহের গুরুত্বও তিনি তুলে ধরেন।
বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান কারি তাঁর বাংলাদেশ সফরের অনুরোধ গ্রহণ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশ যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি, তা স্বীকার করে তিনি সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির প্রশংসা করেন। রোহিঙ্গাদের দুর্দশার প্রতি টেকসই আন্তর্জাতিক মনোযোগ এবং দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের প্রচেষ্টার গুরুত্বের কথাও তিনি জোর দিয়ে বলেন।