আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার রিফিলের ‘কারখানায়’ বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার রিফিলের ‘কারখানায়’ বিস্ফোরণে দগ্ধ শরিফুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন বলেন, শরিফুলের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত শনিবার বেলাল এন্টারপ্রাইজ নামে গ্যাসের সিলিন্ডার মজুত ও রিফিলের এক ‘কারখানায়’ বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হন। এ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্য চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আইয়ুব হোসেন জানান, অন্য চারজন মো. সোহাগের শরীরের ২০ শতাংশ, বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ, নুর নবীর ৪৩ শতাংশ, মাহা আলমের ২৬ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ হারানো শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকার রিকশাচালক শফিকুল ইসলামের ছেলে। শফিকুলের স্ত্রী সোনালী আক্তার বলেন, কারখানায় থাকা সিলিন্ডার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।