
চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. আফছারুল আমীন (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছিলেন। ২০০৮ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তাঁর জন্ম হয়েছিল ১৯৫২ সালের ১ জানুয়ারি।
আফছারুল আমীনের ব্যক্তিগত সহকারী দিদারুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে তিনি (আফসারুল আমীন) ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।
মরদেহ কখন চট্টগ্রাম আনা হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন দিদারুর।
আফছারুল আমীনের মৃত্যুতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে যান।