
কারাবন্দী আলেম ও নেতা–কর্মীদের মুক্তি দিতে সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, জামিন পাওয়া তাঁদের সাংবিধানিক অধিকার।
এদিকে, এখন পর্যন্ত যেসব কারাবন্দী আলেমের মুক্তির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে হেফাজত।
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান ওই দাবি জানান।
বিবৃতিতে হেফাজতের এই নেতা আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে গরিব-দুঃখীরা বড় কষ্টে জীবন যাপন করছেন। তাঁদের ঘরে আজ নেই ঈদের কোনো আনন্দ, খুশির আমেজ। তাই গরিব-দুঃখী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কারাবন্দী হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে। তারা যে তালিকা দিয়েছে, সে অনুযায়ী পর্যায়ক্রমে নেতা–কর্মীরা মুক্তি পাচ্ছেন।
এর দুই দিন আগে কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তির দাবি জানিয়ে হেফাজতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। সেখানে তাঁদের মুক্তি দেওয়া না হলে ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা।