
চট্টগ্রামে ডায়ালাইসিসের খরচ বৃদ্ধির প্রতিবাদ আন্দোলনে পরিচিত মুখ হয়ে ওঠা মো. মুস্তাকিমের বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন সোমবার এ আদেশ দেন। তবে বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার।
বাদীর আইনজীবী জাফর আলম প্রথম আলোকে বলেন, স্ত্রী হাবিবা আক্তারকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে করা মামলায় আদালত মুস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের অক্টোবরে মুস্তাকিমের সঙ্গে হাবিবার বিয়ে হয়। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন মুস্তাকিম। গত ১১ জুন স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন যৌতুক আনতে। ১৭ জুন স্ত্রীর বাড়িতে গিয়ে পুনরায় যৌতুকের টাকা দাবি করেন মুস্তাকিম। দিতে না পারায় স্ত্রীকে মারধর করতে থাকেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্ত্রীকে মারধর ও যৌতুক দাবির বিষয়টি অস্বীকার করেন মো. মুস্তাকিম। তিনি মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র।’
মুস্তাকিমের মা নাসরিন আক্তারের (৫৫) দুটি কিডনিই বিকল। সপ্তাহে ডায়ালাইসিস করাতে হয় তিনবার। গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন মুস্তাকিম। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি।
এরপর ২০ ফেব্রুয়ারি নগরের পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদারসহ দুই পুলিশের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগে মামলা করেন মুস্তাকিম। পরে তদন্ত শেষে সিআইডি এই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।