
প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও তাঁদের ১১ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছেন দেশের ৩০ বিশিষ্ট ব্যক্তি। আজ মঙ্গলবার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যাঁরা সংহতি জানিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মানবাধিকারকর্মী খুশী কবির, সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন, স্থপতি ইকবাল হাবিব, অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, লেখক ফয়েজ আহমদ তৈয়্যব ও আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি বৃদ্ধি, কর্মসংস্থান, প্রতিবন্ধী ব্যক্তি অধিদপ্তর বাস্তবায়ন, ইশারা ভাষার প্রচলনসহ ১১ দফা দাবি জানিয়ে ৪ জুন থেকে সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন চলছে। ওই দিন প্রতিবন্ধী ব্যক্তিরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে রাজধানীর শাহবাগে পুলিশ বাধা দেয় এবং বিভিন্নভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্যাতন করে।
বিশিষ্টজনেরা তাঁদের বিবৃতিতে উল্লেখ করেছেন, ওই দিন পুলিশ হুইলচেয়ার ব্যবহারকারী এক প্রবীণ ব্যক্তিকে লাথি মেরে তাঁর হুইলচেয়ার ভেঙে দেয়। হুইলচেয়ার ব্যবহারকারী নারীর ওড়নাসহ মাথার চুল টেনেহিঁচড়ে ফেলে দেয়। কয়েকজন প্রতিবন্ধীকে হাসপাতালে ভর্তি হতে হয়। দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিরা দাবিদাওয়া জানাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। তাই প্রতিবন্ধী ব্যক্তিরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলনে রাজপথে নেমে আসা সাধারণ মানুষের ওপরও পুলিশ নির্যাতন চালানো হয়েছে। পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে নির্যাতনকারী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পুলিশের নির্যাতনের ঘটনার পর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেকে যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বজ্ঞানহীন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অপমানজনক।