শামসুজ্জামানের মুক্তির দাবি চুয়েট সাংবাদিক সমিতির

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান
ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক  শামসুজ্জামানের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতি। পাশাপাশি তাঁকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

গতকাল বুধবার রাতে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন আহমেদ এবং সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরী যৌথ বিবৃতিতে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। পরে সংগঠনের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সংগঠনটির দুই নেতা বিবৃতিতে বলেন, ‘বাক্‌স্বাধীনতা গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এ অধিকার সুরক্ষা ও সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বর্তমানে রাষ্ট্র ভয়ডরহীন পরিবেশে মানুষের বাক্‌স্বাধীনতা নিশ্চিত না করে ভীতির পরিবেশ তৈরি করে মানুষকে বাক্‌স্বাধীনতা থেকে বঞ্চিত করছে। সর্বশেষ সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তার, মুক্ত সাংবাদিকতা ও বাক্‌স্বাধীনতাকে ক্ষুণ্ন করে।’

গতকাল ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসায় যান ১৪ থেকে ১৫ জন। নিজেদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন, একটি পোর্টেবল হার্ডডিস্কসহ তাঁকে তুলে নিয়ে যান।

উল্লেখ্য, ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি। আর শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার ২০ ঘণ্টার বেশি সময় পর গতকাল বুধবার মধ্যরাতে তাঁর বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এই মামলার প্রধান আসামি। এই মামলাতেই শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর আজ আদালতে নেওয়া হয়। এই মামলায় শামসুজ্জামানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বেলা সাড়ে তিনটার দিকে তাঁকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।