
বিতর্কচর্চার মাধ্যমে যুক্তিবাদী হওয়া যায়। একজন মানবিক ও যুক্তিবাদী মানুষ হয়ে গড়ে উঠতে বিতর্কের ভূমিকা আছে। জীবনযাপনে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়। বিতর্কচর্চা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এ কথা বললে ভুল হবে না যে বিতর্কচর্চার মাধ্যমে অন্যের মতামত সহনশীলতার সঙ্গে সহ্য করার ক্ষমতা তৈরি হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস।
চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় শুরু হয় উদ্বোধনী আয়োজন। নগরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮০ শিক্ষার্থী অংশ নিচ্ছে বিতর্ক উৎসবে। চট্টগ্রামে দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে ভাগ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রাম উত্তরের ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮০ শিক্ষার্থী অংশ নেয় বিতর্ক প্রতিযোগিতায়। আর আজ দক্ষিণের ১৬ শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন। তিনি প্রথম আলো ও পুষ্টিকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রথম আলো ও পুষ্টি এ উৎসবের আয়োজন করেছে। এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে। কারণ, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী উৎসবের গুরুত্ব অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রথম আলো ও পুষ্টির এ আয়োজন। বড় পরিসরে দক্ষ বিচারকদের সামনে শিক্ষার্থীরা বিতর্ক করছে। তাদের যুক্তিগুলো তুলে ধরছে। প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিন্তু এটি কেবল প্রতিযোগিতা নয়, এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বার্তা পৌঁছানো হয়, শক্তির চেয়ে যুক্তি বড়।
বিশ্বজিৎ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমার যুক্তি যত ক্ষুরধার ও শাণিত হবে, ততই তুমি নিজের মতামতকে প্রতিষ্ঠা করতে পারবে। যুক্তির জোরেই মতামত প্রতিষ্ঠা করতে হবে, গায়ের জোরে নয়।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক এ এস এম রিদওয়ান। তিনি বলেন, অনেক শিক্ষার্থী কৌতূহল থেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অনেকে মুঠোফোন বা ডিভাইসে আসক্ত হয়ে পড়ছে—দুটি বিষয়ই ভয়ংকর। কোনোভাবে ভুল পথে যাওয়া যাবে না। মাদককে না বলতে হবে। সৃজনশীল কাজে যুক্ত থাকতে হবে। বিতর্ক করতে হবে। বই পড়তে হবে।
আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) শিক্ষক জয়শ্রী দাশ। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিসান। এ পর্ব শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস।
বিতর্ক প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না। বিষয় নির্ধারণ করে দেওয়ার পর শিক্ষার্থীরা যুক্তি তৈরির কাজে নেমে পড়ে। সকাল পৌনে ১০টার দিকে উৎসব প্রাঙ্গণে দেখা মেলে কালুরঘাট এলাকার মির্জা আহম্মেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়ের চার শিক্ষার্থীর। তারা গোল হয়ে বসে খাতায় বিতর্কের যুক্তিগুলো লিখে চলছিল। আবদুল্লাহ আল জাইফ ভূঞাঁ, অভিজিৎ কর, জাফরিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার জানাল, প্রতিযোগিতার প্রথম রাউন্ডে তাদের বিতর্কের বিষয় ‘মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান’। তারা এ বিষয়ের পক্ষে। আর তাদের বিপক্ষ দল হলো চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়।
এ শিক্ষার্থীরা যুক্তি দিয়ে বলে, অভিভাবকদের কথা অনেকেই শোনে না। অনেক অভিভাবক সচেতন নন। কীভাবে মাদক থেকে দূরে রাখতে হবে, তা–ও জানেন না অনেক অভিভাবক। কিন্তু শিক্ষকেরা সমাজের শিক্ষিত শ্রেণির অংশ। তাঁরা সচেতন। তাঁরা মাদকের ভয়াবহতা সম্পর্কে অভিভাবকের চেয়ে বেশি জানেন। এর ফলে গুরুদায়িত্ব শিক্ষকদেরই পালন করতে হবে।
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় আবার এসব যুক্তির ধার ধারছে না। বিতর্ক দলে আছে প্রতীক তালুকদার, আহনাফ লাবিব, মো. খাতীব তেহামি, দিপংকর পাল। তারাও যুক্তির পিঠে যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে প্রস্তুত হচ্ছিল। এক ফাঁকে প্রথম আলোকে বলে, সন্তানকে মাদকমুক্ত রাখার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাই মুখ্য। কোনো মা যখন সন্তানকে মাদক গ্রহণ না করতে বলবেন, তখন সে সন্তান মায়ের আদেশ মানতে বাধ্য। কিন্তু শিক্ষকের অনুরোধ, আদেশ অনেক সময় মানতে চায় না শিক্ষার্থীরা।
এভাবে শিক্ষার্থীরা বিষয় ধরে একেকটি যুক্তি তৈরি করে যাচ্ছিল। কেউ পক্ষে, কেউ বিপক্ষে লড়তে প্রস্তুতি নিচ্ছিল। উদ্বোধনী পর্ব শেষে বেলা পৌনে ১১টার দিকে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা।
আয়োজকেরা জানান, চট্টগ্রামে দুই দিনব্যাপী পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামকে উত্তর ও দক্ষিণ—দুই ভাগে ভাগ করা হয়েছে। আজ চট্টগ্রাম দক্ষিণের ১৬ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আয়োজন বসল। চার ভাগে বিতর্ক হচ্ছে। প্রথম রাউন্ডে ‘মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান’ শীর্ষক বিষয়ে বিতর্ক হবে। এরপর দ্বিতীয় রাউন্ডের বিষয় হলো ‘তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ পাঠাভ্যাস নষ্ট করছে’।
সেমিফাইনালে ‘এই সময়ে মেধাবী মানুষের চেয়ে মানবিক মানুষ বেশি দরকার’ ও ‘শিশুদের অনলাইনে নেতিবাচক আচরণের জন্য প্রধানত অভিভাবকই দায়ী’—এ দুটি বিষয়ের যেকোনো একটিতে বিতর্ক হবে। এ ছাড়া ফাইনালেও থাকছে দুটি বিষয়—‘পরিবেশ রক্ষায় ব্যক্তির ভূমিকাই প্রধান’ এবং ‘প্রাথমিক পর্যায়েই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা উচিত’। শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় রাউন্ডে যুক্তি উপস্থাপনে তিন মিনিট করে সময় পাচ্ছে। এরপর সেমিফাইনালে চার মিনিট ও ফাইনালে পাঁচ মিনিট সময় পাবে।
১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর উদ্যোগে খুলনা ও রংপুরে এই স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।