অটোরিকশায় হারানো লাখ টাকা এক ঘণ্টায় উদ্ধার করল পুলিশ

টাকাসহ ব্যাগ উদ্ধার করার পর মালিককে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া এক যাত্রীর নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও একটি চেক বই এক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নগরের কোতোয়ালি থানা এলাকায় অটোরিকশার চালকের কাছ থেকে নগদ টাকা ও চেক বই উদ্ধার করা হয়।

প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ নির্বাহী (হিসাব) দিদারুল ইসলাম ও সহকারী প্রকৌশলী জুয়েল মজুমদার নগরের প্রবর্তক মোড় থেকে অটোরিকশায় কালুরঘাটে প্রথম আলোর চট্টগ্রাম প্রেসে যান। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক ব্যাগে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও চেক বই ছিল।

দিদারুল বলেন, দুপুর ১২টার দিকে তাঁরা প্রেসে পৌঁছান। কাজ শেষে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা। বেলা দুইটার দিকে ফেরার পথে ব্যাগের কথা মনে পড়ে। ধারণা করেন, ব্যাগ অটোরিকশায় ফেলে এসেছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়কে জানানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে কোতোয়ালি ও চান্দগাঁও থানা-পুলিশ অটোরিকশার নম্বর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে। এরপর গাড়ির মালিক জাহিদুল আলমকে ফোন করে চালক মো. শাহীনকে থানায় ডেকে আনা হয়। চালক থানায় এলে গাড়ি থেকে টাকার ব্যাগ ও চেক বই খুঁজে পায় পুলিশ।

কোতোয়ালি থানার উপপরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, গাড়িতে থাকা ব্যাগটি থানায় ফেরত দেননি কেন জানতে চাইলে চালক শাহীন বলেন, ব্যাগটি তাঁর নজরেই আসেনি।

অটোরিকশায় রেখে যাওয়া টাকা ফিরে পেয়ে খুশি দিদারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ভুলে গাড়িতে ফেলে রাখা টাকা ফিরে পেয়ে কী যে স্বস্তি হচ্ছে, তা বলে বোঝানো যাবে না।

নগরে অটোরিকশার যাত্রীদের নিরাপত্তায় ২০২১ সালে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে একটি অ্যাপ উন্মোচন করেন নগর পুলিশের তৎকালীন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। অ্যাপটি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

জাতীয় পরিচয়পত্র, গাড়ির নিবন্ধন ও ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং সনদ ইত্যাদি তথ্য সংগ্রহ করে সার্ভারে রাখা হয়। প্রত্যেকের জন্য আলাদা কিউআর কোড ও আইডি দেওয়া হয়, যা অটোরিকশায় ঝোলানো থাকে। আইডি বা কিউআর কোড স্ক্যান করে অটোরিকশার চালক ও মালিক সম্পর্কে তথ্য জানা যায়। আগে গাড়ির নম্বর পেলেও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দ্বারস্থ হতে হতো। এখন তা বেশ সহজ হয়েছে।