
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আগামীকাল মঙ্গলবারও প্রসিকিউশন পক্ষ এই যুক্তিতর্ক চালিয়ে যাবে।
মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তাঁরা সবাই পলাতক রয়েছেন।
আদালত ও মামলার বিবরণ অনুযায়ী, এই চার আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের দায়ে তাঁদের অভিযুক্ত করা হয়।
প্রসিকিউশন পক্ষ জানায়, পলাতক আসামিদের বিরুদ্ধে সংগৃহীত তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ওপর ভিত্তি করে আজ যুক্তি উপস্থাপন করা হয়েছে।