কোরবানির পশু

দামে হিমশিম ক্রেতা, বিক্রি নিয়ে হতাশ ব্যাপারীরা

দরদাম হওয়ার পর ক্রেতার হাতে তুলে দিতে গরু নিয়ে যাচ্ছেন এক ব্যাপারী। বেলা তিনটায় চট্টগ্রাম নগরের নুর নগর হাউজিংয়ের অস্থায়ী পশুর হাটে, ২৬ জুন
ছবি: জুয়েল শীল

অনেক আশায় ১০টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে চট্টগ্রাম নগরের কর্ণফুলী পশুর হাটে এসেছেন ব্যাপারী মোকাদ্দেস বিশ্বাস। এসেছেন শুক্রবার। আজ সোমবার পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি তাঁর। লোকজন দরদাম করেই ফিরে যাচ্ছেন। এমন অবস্থায় হতাশ এই ব্যাপারী। এখন তাঁর অপেক্ষা শেষ দুদিনের জন্য।

আজ সোমবার বিকেল সাড়ে চারটায় নগরের এক কিলোমিটার এলাকায় অবস্থিত কর্ণফুলী পশুর হাটে কথা হয় মোকাদ্দেস বিশ্বাসের সঙ্গে। তখন ক্রেতাদের সঙ্গে চলছিল দর-কষাকষি। দরদাম পছন্দ না হওয়ায় হাটের আরেক দিকে চলে যান ক্রেতারা। ক্রেতা হাতছাড়া হওয়ায় মন খারাপ।

মোকাদ্দেসের আক্ষেপ, ক্রেতারা অর্ধেক দাম দিচ্ছেন। যে গরুর দাম ছয় লাখ টাকা, সেটির জন্য দর দিচ্ছেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। আবার তিন-চার লাখ টাকার গরুর জন্য দেড়-দুই লাখের বেশি বলছেন না। কিন্তু এমন দামে গরু বিক্রি করা সম্ভব না তাঁর পক্ষে। কেননা পশু খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। লালন-পালন খরচ বৃদ্ধি পেয়েছে। গরু নিয়ে আসার খরচও বেড়েছে। তাই ভালো দামে বিক্রি না করলে লোকসান দিতে হবে।

এবারের বাজারে ক্রেতাদের কাছ থেকে প্রত্যাশিত দর না পাওয়ার আক্ষেপ করেছেন কুষ্টিয়া, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁও, কুমিল্লা থেকে আসা ব্যাপারীরা। অন্যদিকে গরু কিনতে এসে হিমশিম অবস্থা ক্রেতাদের। তাঁরা বলছেন, গতবারের তুলনায় গরুর দাম অনেক চড়া। ব্যাপারীরা যে দর দিচ্ছেন, তাতে গরু কেনা কষ্টকর হয়ে যাবে। তাই চাইলেও কিনতে পারছেন না।

হাটে দুদিন অবস্থান করার পর আজ বিকেলে ১ লাখ ৬০ হাজার টাকায় একটি গরু বিক্রি করেন চট্টগ্রামের সাতকানিয়ার ব্যাপারী আকতার হোসেন। তিনি বলেন, চারটি গরু নিয়ে এসেছেন। কিন্তু ক্রেতা পাচ্ছেন না। সবাই দরদাম করে চলে যাচ্ছেন। এভাবে বসে থাকলে হবে না। তাই দুই লাখ টাকার গরু ৪০ হাজার টাকা কমে বিক্রি করেছেন। কোরবানির হাটে সবগুলো গরু বিক্রি না করতে পারলে আরও বড় ক্ষতি হবে।

তবে আকতারের কাছ থেকে কেনা গরুর ক্রেতা আমিরুল ইসলাম ১ লাখ ৬০ হাজার টাকাও বেশি হয়েছে বলে মনে করছেন। নগরের শুলকবহরের এই বাসিন্দা বলেন, এবার গরুর দাম অনেক বেশি। এর আগে আরও দুটি হাটে গিয়েছিলেন। কিন্তু বাজেট অনুযায়ী গরু পাচ্ছিলেন না। এখন দাম একটু বেশি হলেও কিনে নিয়েছেন। বারবার হাটে আসা অনেক ঝক্কিঝামেলার ব্যাপার।

ক্রেতা আকর্ষণে নানা সাজানো হয়েছে গরুটিকে। নুর নগর হাউজিং অস্থায়ী পশুর হাটে

আমিরুল ইসলাম গরু কিনতে পারলেও বিকেল পর্যন্ত তা সম্ভব হয়নি নগরের ফ্রি পোর্ট এলাকার ব্যবসায়ী আবদুল মান্নানের। তিনি গতকালও কর্ণফুলী পশুর হাটে এসেছিলেন। দরদামে না মেলায় না কিনেই ফিরে যান। আজ আবার ছেলেদের নিয়ে আসেন। তিনি বলেন, গত বছর যে গরুর দাম ছিল ১ লাখ টাকা, এবার একই ধরনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ থেকে ১ লাখ ৩০ হাজার টাকায়। এবার অন্তত ২০-৩০ হাজার টাকা দাম বেড়ে গেছে। যাতে সহনীয় দামে গরু কিনতে পারেন, সে জন্য সময় নিচ্ছেন।

চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ১৮টি গরু নিয়ে এসেছিলেন খামারি মো. সারোয়ার হোসেন। দুদিনেও কোনো গরু বিক্রি হয়নি তাঁর। অবশ্য এ নিয়ে তাঁর মনে হতাশা কম।

কারণ জানতে চাইলে বলেন, তাঁর খামারে ৩৯টি গরু ছিল। এর মধ্যে ২১টি খামারেই বিক্রি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কিনে নেন। আরও দুদিন আছে। এ সময়ে বিক্রি হলে ভালো, না হলে খামারে রেখে দেবেন।

ব্যাপারীরা জানান, এখনো বড় গরুর ব্যাপারে ক্রেতাদের আগ্রহ কম। মূলত দাম বেশির কারণে এই অবস্থা। এই ধরনের গরুর দাম চার থেকে আট লাখ টাকা। আর মাঝারি মানের গরু বিক্রি হচ্ছে দুই থেকে চার লাখ টাকা। আর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোট আকারের গরু, তাও দাম ৮০ হাজার থেকে ২ লাখ টাকা।

‘ক্যাশলেস’ লেনদেনে আগ্রহ নেই

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম নগরের দুটি পশুর হাটে ক্যাশলেস বা নগদবিহীন ডিজিটাল লেনদেনের সুযোগ চালু করা হয়েছে। হাট দুটি হচ্ছে সাগরিকা পশুর হাট ও কর্ণফুলী পশুর হাট। তবে আজ কর্ণফুলী পশুর হাটে নগদবিহীন ডিজিটাল লেনদেনে ক্রেতা-বিক্রেতা কারও আগ্রহ দেখা যায়নি। ডিজিটাল হাটের স্টলেও নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। বুথ বসানোর কথা থাকলেও তা বসানো হয়নি। ১০টি ব্যাংকের সেবা পাওয়ার কথা থাকলেও স্টলে ছিল শুধু ইউসিবি ব্যাংকের কর্মীরা। মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) মধ্যে ছিল শুধু বিকাশ।

ইউসিবির রিলেশনশিপ অফিসার মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ডিজিটাল লেনদেনের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন লোকজন। কিন্তু লেনদেন করেননি কেউ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট জমজমাট। নুর নগর হাউজিং অস্থায়ী পশুর হাটে

আর বিকাশের কর্মী মো. ইয়াসিন বলেন,  বিকেল পর্যন্ত ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ২ লাখ টাকা। তাঁদের এখানে মূলত বড় অঙ্কের লেনদেন হচ্ছে না।

ডিজিটাল লেনদেনের বিষয়ে কুষ্টিয়া থেকে আসা ব্যাপারী মো. হাশেম বলেন, নগদ লেনদেনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এতে ঠকার আশঙ্কা কম। আর এখানে তো তাঁরা কাউকে চেনেন না, জানেন না। চেনা-জানা থাকলে তাহলে ডিজিটাল লেনদেন করা যেত।

কর্ণফুলী পশুর হাটের পরিচালনা কমিটির সদস্য মো. রফিক বলেন, হাটে আসা ব্যাপারীদের মধ্যে ডিজিটাল লেনদেন নিয়ে আগ্রহ নেই। কেননা তাঁরা বিষয়টি তেমন বোঝেন না। তাঁরা ক্যাশ বা নগদ লেনদেনে বিশ্বাসী। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাঁদের হাটে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার গরু এসেছে। আরও চার-পাঁচ হাজার গরু আসবে। এর মধ্যে প্রায় এক হাজার গরু বিক্রি হয়েছে। নগরে গরু বিক্রি হবে মূলত শেষ দুদিন। এর আগে মানুষ গরু কিনে কোথায় রাখবেন, না তা নিয়ে চিন্তায় থাকেন। এ জন্য একেবারে শেষ মুহূর্তে গরু কেনেন নগরের লোকজন।