
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সুদান থেকে সাত শ বাংলাদেশির প্রথম দলকে ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে তাঁদের সুদান থেকে সৌদি আরবে নেওয়া হবে। সৌদি আরব থেকে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ রোববার বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি এদিন বিকেলে সুদান থেকে বাংলাদেশের নাগরিকদের ফেরানোর বিষয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করছি, আগামী ২ অথবা ৩ মে প্রথম দফায় তালিকাভুক্ত ৭০০ জনকে পোর্ট সুদান বন্দরে নেওয়া হবে। সেখান থেকে ৩ অথবা ৪ মে তাঁরা জাহাজে করে জেদ্দায় পৌঁছাবেন। সেখানে তাঁদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করেছে সৌদি সরকার। প্রয়োজনে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে মদিনায় যাওয়া ফ্লাইট ব্যবহার করে তাঁদের দেশে ফিরিয়ে আনা হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জেদ্দায় পৌঁছানোর পর বাংলাদেশিদের সাধারণ ফ্লাইটে করে ফেরত আনা হবে। যদি প্রয়োজন হয় ভাড়া করা ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বিমান বাহিনী প্রস্তুত আছে। তিনি বলেন, ‘আমরা যখনই পারি, যত জনকে পারি, নিয়ে আসব। একটি নির্দিষ্টসংখ্যক বাংলাদেশি না হলে পাঠাব না বিষয়টি সে রকম নয়। উড়োজাহাজের ব্যবস্থা করা সাপেক্ষে তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ফেরত আনা হবে।’ প্রতিমন্ত্রী জানান, সৌদি আরব বাংলাদেশিদের ফেরত আনার জন্য জাহাজ দিচ্ছে এবং জেদ্দায় বাংলাদেশিদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার খাতিরে সুদানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পোর্ট সুদান বন্দরে তাঁর সহকর্মীদের নিয়ে অবস্থান করছেন। আমাদের সঙ্গে সৌদি কর্তৃপক্ষের কথা হয়েছে। বাংলাদেশের জেদ্দা কনস্যুলেট থেকে ইন্দোনেশিয়া ও সৌদি কর্তৃপক্ষের সহায়তায় আমরা বাংলাদেশিদের সুদান থেকে ফেরানোর কার্যক্রমটি পরিচালনা করব। বাংলাদেশের জেদ্দা কনস্যুলেট থেকে কর্মকর্তারা ইন্দোনেশিয়ার উড়োজাহাজে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সুদানে পৌঁছেছেন। আমরা ইন্দোনেশিয়া সরকারের সহায়তা পাচ্ছি।’
শাহরিয়ার আলম জানান, পোর্ট সুদান বন্দর থেকে সৌদি আরবের একাধিক ছোট-বড় জাহাজে করে বাংলাদেশিদের জেদ্দা বন্দরে নেওয়া হবে। যে বাংলাদেশিদের পাসপোর্ট আছে, তাঁদের দ্রুত জাহাজে তুলে দেওয়া হবে। যাঁদের পাসপোর্ট নেই, তাঁদের ভ্রমণসংক্রান্ত কাগজ দিয়ে সৌদিগামী জাহাজে তুলে দেওয়া হবে।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। গত দুই সপ্তাহে এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত দেশে ফেরার জন্য সাত শ বাংলাদেশি নিবন্ধন করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘যাঁরা ফেরত আসার জন্য এখনো নিবন্ধন করেননি, তাঁদের নিবন্ধন করার জন্য অনুরোধ করছি।’
সুদানের পরিস্থিতি ভালো নয় এবং সেখান থেকে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করা ঠিক হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সবাইকে নিরাপদে ফেরত আনার জন্য এবং সেই চেষ্টা করছি।’
এখন পর্যন্ত ৩৫ বাংলাদেশি নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগে সুদান ছেড়েছেন। শাহরিয়ার আলম জানান, তাঁদের মধ্যে ৩৪ জন জেদ্দায় এবং একজন সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।