
জাতীয় ঈদগাহ মাঠকে ঘিরে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তুলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘সুনির্দিষ্ট কোনো প্রকার থ্রেট (হুমকি) নেই।
এখানে (জাতীয় ঈদগাহ) যেহেতু সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে, সে জন্য এই নিরাপত্তা আয়োজন। অতীতে যেহেতু শোলাকিয়া মাঠে (কিশোরগঞ্জ) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেটা মাথায় রেখে পূর্ব সতর্কতার অংশ হিসেবে এই নিরাপত্তার আয়োজন করেছি।
সুনির্দিষ্ট কোনো থ্রেটের (হুমকি) বিপরীতে এই নিরাপত্তা, তা নয়।’ আজ শুক্রবার সকাল ১০টার সময় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আমাদের জাতীয় ঈদগাহ মাঠে ঢাকার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহামান্য রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতিসহ দেশের অনেক সম্মানিত নাগরিকেরা নামাজ পড়তে আসবেন।
প্রায় ৩৫ হাজার লোক এই ঈদগাহ ময়দানে একত্রে নামাজ পড়তে পারেন। বায়তুল মোকাররমসহ অনেক জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব ঈদের জামাতে আমাদের তরফ থেকে ডিএমপি সব ধরনের নিরাপত্তা দেবে।’
জাতীয় ঈদগাহ মাঠকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের জাতীয় ঈদগাহ ময়দানে অনেক ভিআইপি নামাজ আদায় করবেন। এখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সিটিটিসির ডগ স্কোয়াড দিয়ে পুরো মাঠ সুইপিং করালাম। আগামীকাল সকাল পর্যন্ত সুইপিং চলবে। একই সঙ্গে পুলিশ পাহারা থাকবে, মাঠে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ না করতে পারে। আমাদের এসবি থেকেও সুইপিং মেশিন দিয়ে পুরো মাঠ সুইপিং করা হবে।
এ ছাড়া আমাদের সিটিটিসির সোয়াট টিম ঈদের জামাতের সময় আশপাশে থাকবে। আমাদের টোটাল চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে মাঠকে ঘিরে।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আর্চওয়ে গেটের মাধ্যমে নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করতে হবে। জায়নামাজ ব্যতীত অন্য কোনো ব্যাগ না নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ভিআইপি যাঁরা আসবেন, তাঁদের জন্য বিশেষ নিরাপত্তা থাকবে। র্যাব থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে। আমরা সমন্বিতভাবে জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করব।’