ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা’

ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা-২০২৩ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভুটান বাণিজ্য ও বিনিয়োগ মেলা-২০২৩’। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আগামী ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত মেলা চলবে। মেলার আয়োজন করছে ঢাকার ভুটান দূতাবাস।

ভুটান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ভুটানের প্রায় ২৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এ ছাড়া মেলার তিন দিনে ভুটানের বিশেষজ্ঞরা ভুটানে বিনিয়োগের সুযোগ, বিশেষ করে কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনারের আয়োজন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অন্য অতিথিদের মধ্যে আবাসিক মিশন বা দূতাবাসের প্রধান, ব্যবসায়ের চেয়ারপারসন, শীর্ষ ব্যবসায়িক সংস্থার নির্বাহী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ভুটান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষজ্ঞ এবং খাদ্য ও কৃষি সংস্থার ভুটান কান্ট্রি অফিসের বিশেষজ্ঞরাও মেলায় অংশ নেবেন।