প্রথম আলো সম্পাদকের নামে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের মুক্তি দাবি বাম জোটের

বাম গণতান্ত্রিক জোট আজ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের মুক্তি এবং র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানায়
ছবি: প্রথম আলো

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার ও সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভায় জোটের নেতারা এই দাবি করেন।

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করলে বেলা সাড়ে তিনটার দিকে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ। তিনি বলেন, লেখক মুশতাক আহমদ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে মারা গেছেন। একই আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনের ওপর দিয়ে সরকার ক্ষমতায় বসে আছে।

বজলুর রশীদ র‌্যাবের হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’—একজন দিনমজুর জাকিরের বক্তব্য পত্রিকায় রিপোর্ট আকারে তুলে ধরার কারণে সাংবাদিক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে রাতের আঁধারে গ্রেপ্তার করা হয়েছে। এ ক্ষেত্রে আইন রকেটের গতিতে কাজ করেছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। এসবের মাধ্যমে নতুন করে ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করা যাবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা।