ছেলের মরদেহ উদ্ধারের খবরে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলে ইয়াছিন আরাফাতের মা শামসুন্নাহার। আজ দুপুরে
ছেলের মরদেহ উদ্ধারের খবরে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলে ইয়াছিন আরাফাতের মা শামসুন্নাহার। আজ দুপুরে

চিংড়িঘেরের পাশে পড়ে ছিল দুই জেলের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি চিংড়িঘের এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে পুলিশ দুই জেলের মরদেহ উদ্ধার করেছে। দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত দুই জেলে হলেন খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে আবদুল খালেক (২৫) ও একই এলাকার আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২৪)।

পরিবারের সদস্যরা জানান, আশ্রয়ণ প্রকল্পের পাশে খালের কাছে একটি চিংড়িঘেরে মাছ কিনতে গিয়েছিলেন দুই জেলে। সেখানেই দুজনকে পিটিয়ে কিংবা বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে।

খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, নিহত দুই জেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যুতের শকের চিহ্নও দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পিটিয়ে বর্বর নির্যাতনের মাধ্যমে দুই জেলেকে হত্যা করা হয়েছে। ঘটনার দ্রুত রহস্য উদ্‌ঘাটন জরুরি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, মনুপাড়ার জনৈক শামশুল হুদার মৎস্য প্রকল্পের পাশে দুই জেলের মরদেহ পড়ে ছিল। শরীরে বৈদ্যুতিক শকের মতো পোড়া দাগ রয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। দুই জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জেলে ইয়াছিনের বাবা আবু তাহের বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁর ছেলে ইয়াছিন বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। আজ সকালে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান পাননি। দুপুরে স্থানীয় লোকজন মনুপাড়ার মৎস্যঘেরের পাশে তাঁর ছেলেসহ দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিহত ইয়াছিনের মা শামসুন্নাহারও। বিলাপ করতে করতে তিনি বলেন, হত্যাকারী কারা এবং কেন হত্যা করা হয়েছে, তার রহস্য উদ্‌ঘাটন করার দায়িত্ব পুলিশের।

স্বজনদের দাবি, নিহত দুই তরুণ পেশায় জেলে। ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরেন। দুজনের সঙ্গে এলাকার কারও পূর্বশত্রুতাও ছিল না। দুজনের শরীরে মারধর ও বৈদ্যুতিক শকের চিহ্ন দেখে সন্দেহ হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।