
অপহরণের পর মুক্ত হওয়া সোনালী ব্যাংক বান্দরবানের রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় সেই শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) নারায়ণ দাশকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
৯ এপ্রিল এ বদলির আদেশ হয়। তবে আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।
সোনালী ব্যাংকের চট্টগ্রামের (দক্ষিণ) মহাব্যবস্থাপক মো. মুসা খান আজ প্রথম আলোকে বলেন, সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে রুমা শাখার ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রুমা, থানচি ও রোয়াংছড়িতে থাকা সোনালী ব্যাংকের তিন শাখার কার্যক্রম যত দ্রুত সম্ভব চালুর চেষ্টা চলছে।
২ এপ্রিল রাত সাড়ে আটটার দিকে প্রথমে সোনালী ব্যাংক রুমা শাখায় হানা দেন অস্ত্রধারীরা। হামলায় কেএনএফের শতাধিক সদস্য অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তাঁরা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালান। টাকা নিতে না পেরে তাঁরা পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করেন। পরে ব্যবস্থাপক নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যান। ৪৮ ঘণ্টা পর তাঁকে রুমা বাজার এলাকা থেকে উদ্ধার করে র্যাব। এদিকে রুমার হামলার ১৭ ঘণ্টা পর থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করেন অস্ত্রধারীরা। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় ৯টি মামলা হয়। কেএনএফ সদস্যসহ এ পর্যন্ত গ্রেপ্তার করা হয় মোট ৬৬ জনকে।