
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এবং রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের আবেদনের বিরোধিতার প্রতিবাদ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্যসচিব শাকিল আহমেদ। এ সময় তাঁরা দ্রুত শামসুজ্জামানের মুক্তির দাবি জানান।
গভীর রাতে শামসুজ্জামানকে বাসা থেকে তুলে আনা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানোয় ভয়ের সংস্কৃতি সৃষ্টির আশংকা রয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে তাঁরা বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, সরকার ইতিপূর্বে বারবার বলেছে, এ আইন সাংবাদিকদের জন্য নয়। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে এর অপব্যবহার চলছেই।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছ থেকেই আসা উচিত।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এ উদ্দেশ্যে গঠিত হলেও অনলাইন এবং সম্প্রচার মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কাউন্সিলের আওতার বাইরে থাকায় তাদের সুরৃক্ষা এখনো নিশ্চিত নয়। তাই এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে অন্তর্বর্তী আদেশে প্রেস কাউন্সিলেই তার প্রতিকার করতে হবে এবং কোনোভাবেই তা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় না আনার দাবি জানানো হয়।