বৃক্ষকে বাঁচিয়ে উন্নয়নের চিন্তাধারা এ দেশে নেই: উপমন্ত্রী হাবিবুন নাহার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, পৃথিবীর অনেক দেশেই উন্নয়ন কাজ করতে হলে বৃক্ষকে বাঁচিয়ে রেখে করে। কিন্তু এ দেশে সেই চিন্তাধারা নেই। উন্নয়ন কাজের জন্য কোনো না কোনোভাবে বৃক্ষনিধন হচ্ছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য অনেক হলেও সে তুলনায় তাঁর মন্ত্রণালয়ের সাফল্য কম।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে হাবিবুন নাহার এসব কথা বলেন।

পরিবেশ উপমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের বন অধিদপ্তর বনায়নের জন্য বেশ কিছু এগিয়েছে। কিন্তু পিছিয়েও যেতে হয় আমাদের অনেক উন্নয়ন কাজের জন্য। সেটা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগতভাবে হোক, যেকোনো উন্নয়ন কাজের জন্য বৃক্ষনিধন কোনো না কোনোভাবে হচ্ছে।’

পরিবেশের কথা বলতে গেলে কষ্ট পেতে হয় উল্লেখ করে পরিবেশ উপমন্ত্রী বলেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারকেও স্মার্ট হতে হবে, জনগণকেও স্মার্ট হতে হবে।’