রমজান ঘিরে হরেক রেওয়াজ দেশে দেশে

কামান দেগে প্রথম রমজানে ইফতারের সময়সূচি ঘোষণা করেন তুর্কি সৈন্যরা। গত ২৩ মার্চ ইস্তাম্বুলের সুলতানআহমেত স্কয়ারে
ছবি: রয়টার্স

রমজান পবিত্র মাস। মানুষে মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই রমজানের বার্তা। রমজান মাসের ধর্মীয় বিধিবিধান সব মুসলমানের জন্যই অভিন্ন। তবে সংস্কৃতির বৈচিত্র্যের কারণে এ মাস ঘিরে দেশে দেশে রয়েছে ভিন্ন ভিন্ন ঐতিহ্য বা রেওয়াজ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চর্চিত হয়ে আসছে। বিশ্বজুড়ে চালু থাকা এমন কিছু রেওয়াজের সঙ্গে পরিচিত হওয়া যাক।

সংযুক্ত আরব আমিরাতে রমজানের উৎসব শুরু হয়ে যায় দুই সপ্তাহ আগে থেকেই। বাহারি পোশাক পরে দলে দলে শিশুরা নেমে আসে সড়কে। সংগ্রহ করে মিষ্টান্ন। এ সময় তাদের কণ্ঠে থাকে সমবেত গান, ‘আমাদের দিন। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। পবিত্র মক্কা শরিফ সফর করার তৌফিক দেবেন।’ রমজানকে স্বাগত জানাতে শিশুদের অংশগ্রহণে এ রেওয়াজের নাম হক আল লায়লা। এর প্রধান উদ্দেশ্য পবিত্র রমজান সম্পর্কে সাধারণ মানুষ ও শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করা।

প্রায় কাছাকাছি ধরনের আরেকটি রেওয়াজের নাম কারকারিয়ান, যা উদ্‌যাপিত হয় কুয়েতে। তবে রমজানের আগে নয়, পবিত্র মাসটি শুরুর পর মোট তিন দিন উদ্‌যাপন করা হয় এ উৎসব। শিশুরা ঐতিহ্যবাহী পোশাক পরে গান গাইতে গাইতে মিষ্টি সংগ্রহ করে। এখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে পৃথক গান। এর মধ্য দিয়ে শিশুরা রমজান মাসের গুরুত্ব সম্পর্কে শিখতে পারে। আর যে শিশু প্রথমবারের মতো রোজা রেখেছে, তাকে মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।

ইন্দোনেশিয়ার একটা সংস্কৃতি হলো রমজান শুরুর আগে নিজের শরীর-মনকে পরিশুদ্ধ করে নেওয়া। স্থানীয় মানুষ প্রাকৃতিক পরিবেশে থাকা পুকুরে অনেকক্ষণ ধরে গোসল করে নেন। শরীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিজেকে সাফসুতরো করেন। এতে মনও তাজা হয়ে ওঠে। মূলত এটি রমজান শুরুর আগে ব্যক্তির নিজের একধরনের প্রস্তুতি। বহু বছর ধরে চলা এ প্রথার নাম পাদুসান।

রমজানে ঘরবাড়ি, সড়ক আলোকিত করা হয় রঙিন লন্ঠন জ্বালিয়ে

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে নেকার নামে আরেকটি প্রথা রয়েছে। রমজান শুরুর আগেই জাভার মুসলমানরা মৃত স্বজনদের জন্য দোয়া করেন। জাভাবাসীর প্রাচীন বিশ্বাসমতে, রমজান হলো পুরোনো জীর্ণতাকে পেছনে ফেলে নতুন জীবনচক্রের শুরু।

বিশ্বজুড়ে রমজানে যদি কোনো রঙিন, চমৎকার প্রথা থাকে, তার একটি হলো ফানাস। এটি উদ্‌যাপিত হয় প্রাচীন সভ্যতার দেশ মিসরে। রমজানে ঘরবাড়ি, সড়ক আলোকিত করা হয় রঙিন লন্ঠন জ্বালিয়ে। বিচিত্র ধরনের নকশা, ধাতু ও কাচের লন্ঠন জ্বালানো হয় এ মাসে। দেশটিতে রমজানের প্রতীক হয়ে উঠেছে এই রঙিন লন্ঠন।

পবিত্র রমজানে কিছু নিঃস্বার্থ মানুষ সাহ্‌রির সময় রোজাদারদের ডেকে তোলেন। কোথাও হালকা ড্রাম বাজিয়ে, কোথাও ভক্তিমূলক গানের মধ্য দিয়ে, কোথাও দুভাবেই। একসময় পুরান ঢাকায় কাসিদা–সংগীতের মধ্য দিয়ে রোজাদারদের ঘুম ভাঙানো হতো। মিসর ও জর্ডানে যাঁরা এমন কাজের সঙ্গে যুক্ত, তাঁদের বলা হয় মেশাহারাতি। তাঁরা হালকা শব্দে ড্রাম বাজিয়ে পাড়াময় ঘুরে বেড়ান। তুরস্কে যাঁরা এ কাজ করেন, তাঁদের পরনে থাকে ঐতিহ্যবাহী পোশাক।

কখনো কখনো তাঁরা সাহ্‌রি খাওয়ার জন্য স্থানীয় অনেক পরিবারের কাছ থেকে নিমন্ত্রিত হন। বকশিশও জোটে। এ প্রথা চালু আছে মরক্কোতেও। সেখানে এই স্বেচ্ছাসেবকেরা পরিচিত নাফার নামে। ঐতিহ্যবাহী গান্দোরা (একধরনের হ্যাট) পরে, পায়ে চপ্পল গলিয়ে নাফাররা বেরিয়ে পড়েন রোজাদারদের নিদ্রা ভাঙাতে। তাঁদের সুমধুর ধর্মীয় গানের সুর ছড়িয়ে পড়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। নাফার হিসেবে নির্বাচিত করা হয় সবচেয়ে সহানুভূতিশীল ও সৎ মানুষদের। রমজানের শেষ রাতে নগরবাসী কৃতজ্ঞতাস্বরূপ নাফারদের পুরস্কৃত করেন।

পবিত্র রমজানে বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী নানা ধরনের খেলাধুলাও চলে। ইরাকে মেইবেস নামের একটি খেলার প্রচলন আছে, যা শুরু হয় ইফতারের পরে। দুই দলে ভাগ হয়ে খেলাটি চলে। প্রতিটি দলে ৪০ থেকে ২৫০ জন পর্যন্ত অংশ নেন। এটি হলো আংটি লুকানো খেলা।

খেলাটি শুরু হয় এভাবে: প্রথমে দলনেতা তাঁর দলের যেকোনো একজনের হাতে গোপনে আংটিটি দেন। আংটিটি কার হাতের মুঠিতে আছে, প্রতিপক্ষ দলকে তা খুঁজে বের করতে হয়। যুগ যুগ ধরে খেলাটি প্রচলিত। একেবারেই আনন্দের জন্য খেলাটি খেলেন সাধারণ ইরাকিরা।

কামান দেগে ইফতারের সময় ঘোষণার প্রথা আরবের বহু দেশে প্রচলিত রয়েছে। মিদফা নামে লেবাননে এ ঐতিহ্য চলছে ২০০ বছর ধরে। তবে এর উৎপত্তি মিসর থেকে। জনশ্রুতি আছে, খোশ কদম নামের এক অটোমান শাসক তাঁর অস্ত্রভান্ডারে আসা নতুন একটি কামান পরীক্ষা করতে গিয়ে ঘটনাক্রমে দেগে দেন। তখন ছিল রমজান মাস এবং সূর্যাস্তের সময়।

পশ্চিমাকাশে কামানের গোলা নিক্ষেপের শব্দ শুনে নগরবাসী মনে করলেন, ইফতারের সময় হলো বুঝি। তাঁরা দলে দলে রাজপ্রাসাদে এসে শাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনব উপায়ে তাঁদের রোজা খোলার বার্তা দেওয়ার জন্য। এরপর ওই শাসকের কন্যা হাজা ফাতমার অনুরোধে প্রতিবছরই কামান দেগে ইফতারের সময় ঘোষণার প্রথা চালু হয়। বর্তমানে আরও একাধিক আরব দেশ এ প্রথা অনুসরণ করে।

বিভিন্ন বার্তা সংস্থার তথ্য অবলম্বনে