
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মো.আমিনুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছেন সংগঠনটির নেতারা।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ মামলা নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যেভাবে কাজ করছে, সে জন্য সরকার ও প্রসিকিউনশকে ধন্যবাদ জানায় হেফাজতে ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধিদল। পরে তারা ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কথা বলে।
হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সাংবাদিকদের বলেন, এ মামলা অন্তর্বর্তী সরকারের আমলে করা হয়েছে। দীর্ঘ সময় এ মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করে আসছে প্রসিকিউশন। ইতিমধ্যে নতুন চিফ প্রসিকিউটর এসেছেন। তিনি আসার পর হেফাজতে ইসলামের মামলার অগ্রগতি ও কার্যক্রম খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ মামলা পরিচালনা করা এবং চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নতুন চিফ প্রসিকিউটর ও তাঁর দল আন্তরিকভাবে কাজ করছেন।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, নতুন চিফ প্রসিকিউটরের কাছে তাঁরা আজ শাপলা চত্বরের মামলার অগ্রগতি বিষয়ে জানতে এসেছেন। চিফ প্রসিকিউটর তাঁদের জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তৎকালীন হাসিনা সরকার যে ম্যাসাকার করেছিল, এটার যাবতীয় তথ্য-উপাত্তের ডকুমেন্ট তাঁরা কালেকশন করেছেন। আগামী ৭ জুন এটার চূড়ান্ত প্রতিবেদন তাঁরা দাখিল করবেন।
আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, শেখ হাসিনাসহ তাঁর মন্ত্রিপরিষদের সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি, যৌথ বাহিনীর যেসব কর্মকর্তা সেদিন এ দেশের নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র মানুষের ওপর এ রকম গণহত্যা চালিয়েছেন, তাঁদের সবাইকে যেন এই বিচারের মুখোমুখি করে একটা দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়, সে জন্য তাঁরা চিফ প্রসিকিউটরের কাছে দাবি জানিয়ে এসেছেন। আদালতের কাছে তাঁরা ন্যায়বিচার দাবি করেছেন।
এ দেশে এ রকম হত্যাকাণ্ড করার জন্য অন্য কেউ যেন ভবিষ্যতে সাহস না করে, সে দাবি জানায় হেফাজতে ইসলাম।