
কেউ এসেছেন শাড়ি পরে, কেউ টি-শার্ট আর জিন্স, বাকিদের পরনে সালোয়ার কামিজ। কিন্তু সবার পোশাকের ওপর বেগুনি-সাদা মিশ্রণের টি-শার্ট থাকায় তাঁরা পরিণত হয়েছেন একটি দলে। দৃশ্যটি রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ শোরুমের সামনের।
প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ইয়ামাহা আয়োজন করে মোটরসাইকেল র্যালির। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৮ মার্চ ঢাকা ও ঢাকার বাইরের সাতটি জেলার নারীরা অংশ নেন মোটরসাইকেল র্যালিতে। তবে সবচেয়ে বড় র্যালিটি অনুষ্ঠিত হয় ঢাকায়। যেখানে তিন শতাধিক নারী বাইকার অংশ নেন। র্যালিটি তেজগাঁও ইয়ামাহা ফ্ল্যাগশিপ শোরুম থেকে শুরু করে হাতিরঝিল ও সাতরাস্তা হয়ে আবার তেজগাঁওয়ে এসে শেষ হয়।
নারী দিবস উপলক্ষে মুখর ছিল ইয়ামাহার ফ্ল্যাগশিপ শোরুম। স্টোরেই কথা হয় বিভিন্ন পেশার নারীদের সঙ্গে। চাকরিজীবী রুমানা আক্তার দুই বছর ধরে ইয়ামাহা বাইক চালান। তিনি বলেন, ‘বাইক থাকলে নিজেকে অনেক স্বাধীন মনে হয়। যেখানে মন চায় যাওয়া যায়। বাইক থাকার কারণে অফিস শেষে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে ঘরের কাজেও সাহায্য করতে পারি।’ পরিবার থেকে সবাই সহযোগিতা করে জানিয়ে রুমানা আক্তার আরও জানান, রাস্তায় চলতে গেলে কিছু ঝামেলা হবেই। সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে।
বেগুনি রঙের শাড়ি পরে র্যালিতে যোগ দিতে এসেছেন আইনজীবী সোনিয়া আক্তার। ইয়ামাহা রাইডিং একাডেমি থেকে বাইক চালানো শিখেছেন তিনি। সোনিয়া বলেন, ইয়ামাহা খুব সুন্দর ও নিরাপদভাবে বাইক চালানো শেখায়। নারীদের জন্য এমন বাইক চালানোর ট্রেনিংয়ের ব্যবস্থা আরও হওয়া উচিত।
পুরান ঢাকা থেকে গৃহিণী রিমঝিম বৃষ্টি এসেছেন মেয়েকে সঙ্গে নিয়ে। নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, গণপরিবহনে নারীরা অনেক হয়রানির শিকার হন। কোনো উপায় না থাকার কারণে হয়রানির পরও নারীদের আবারও গণপরিবহনে যাতায়াত করতে হয়। নারীরা যদি নিজের বাহন ব্যবহার করে তাহলে এ রকম হয়রানির ঘটনা অনেকাংশে কমে যাবে।
নারী দিবসে এমন আয়োজন সম্পর্কে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য মাহমুদা শিপরা জানান, রাস্তায় বাইক নিয়ে চলতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় নারী বাইকারদের দেখলেই বাসচালকেরা ইচ্ছা করে তাঁদের গাড়ি বাইকের পাশে চাপিয়ে দেন। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এমন বাসচালকদের উদ্দেশে তিনি বলেন, সবার সহযোগিতা পেলে ঢাকায় নারী বাইকারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। আর চালকেরা রাস্তায় বাইকারদের কোন বিষয়ে সবচেয়ে বেশি বিরক্ত হন—সে বিষয়গুলো এমন আয়োজনের মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলেই সবাই সচেতন হবেন।
এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে নারী বাইকাররা ছিলেন উচ্ছ্বসিত। আড্ডা আর সেলফিতে জমে ওঠে ফ্ল্যাগশিপ স্টোর। অনুষ্ঠানের শুরুতে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা স্মারক হিসেবে টি-শার্ট উপহার দেওয়া হয়। ইয়ামাহার পক্ষ থেকে জানানো হয়, ইয়ামাহা সব সময় বিশেষ দিবস উপলক্ষে এমন আয়োজন করে। ভবিষ্যতেও এ রকম আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক ও কারিগরি সহযোগী অংশীদার। প্রতিষ্ঠানটির একটি সহায়ক অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে এর ১০০টির বেশি থ্রিএস ডিলার পয়েন্ট রয়েছে। বাংলাদেশে এসিআই মোটরসের সঙ্গে যাত্রার শুরু থেকেই নারী বাইকারদের নিয়ে কাজ করছে তারা।