ডেঙ্গুতে একজনের মৃত্যু

এডিস মশা
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন এ ১৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে পাঁচজন রয়েছেন। বর্তমানে দেশে মোট ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১ জন এবং ঢাকার বাইরে ১৩ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ৯৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রোগী হন। এর মধ্যে ঢাকার ৫১০ জন এবং ৪৬৭ জন ঢাকার বাইরের।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।