
চট্টগ্রামের বান্ডেল রোড সেবক কলোনিতে অগ্নিকাণ্ডে নিহত তিন বোনের পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাসায় গেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার দুপুরে তিনি সেখানে সন্তানহারা মিঠুন দাস ও আরতি দাস দম্পতিতে সান্ত্বনা দেন।
চট্টগ্রাম-৯ আসনের এই সংসদ সদস্য সেবক কলোনির সামাজিক কর্মকাণ্ডের জন্য তৈরি সভা ঘরে বসে মিঠুন ও আরতির সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। সন্তান হারানোর বেদনা সহ্য করা কোনো পিতা-মাতার পক্ষে সম্ভব নয়। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সন্তানের আত্মার শান্তি কামনা করি।’
এ সময় শিক্ষা উপমন্ত্রী সেবকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন সকালে মিঠুন দাস ও আরতি দাস দম্পতি কর্মস্থলে চলে যাওয়ার পর হঠাৎ বাসায় আগুন ধরে যায়। এতে তাঁদের তিন মেয়ে দগ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে মারা যায় তিনজনই। অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিক দগ্ধ তিন বোনের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী।