বান্দরবান রিজিয়ন পরিদর্শন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বান্দরবান সেনা রিজিয়নের সর্বস্তরের সেনাসদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। বান্দরবান, ৪ জুন
ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রোববার পার্বত্য চট্টগ্রামের বান্দরবান রিজিয়ন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সর্বস্তরের সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, বিজিবির মহাপরিচালক, ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার, সেনাসদর ও ২৪ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধানের এ সফর পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের সেনাসদস্যদের মনোবল সুদৃঢ় করবে এবং নতুন উদ্যমে দায়িত্ব পালনের অনুপ্রেরণা জোগাবে। জেনারেল শফিউদ্দিন আহমেদ গতকাল শনিবার বান্দরবান সফরে যান। পরিদর্শন শেষে আজ রোববার তিনি ঢাকায় ফিরেছেন।