প্রবাসে বাংলাদেশিদের আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণ দেন
ছবি: বাসস

প্রবাসী বাংলাদেশিরা যেসব দেশে কাজ করেন, তাঁদের সেসব দেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনভঙ্গ করে কেউ কোনো অপরাধে যুক্ত হলে বাংলাদেশ সরকার তাঁদের বাঁচাতে ন্যূনতম প্রচেষ্টাও চালাবে না বলে সতর্ক করেছেন তিনি।

কাতারের দোহায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশি আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কোনো ব্যক্তির অপরাধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, এটা আর বরদাশত করা হবে না।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশে থাকবেন, সে দেশের আইন মেনে চলতে হবে। যেমন আপনি কাতারে আছেন, এ দেশের যেটা প্রচলিত আইন, সেটা অবশ্যই মেনে চলতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘কেউ যদি এই আইন ভঙ্গ করেন বা আইন ভঙ্গ করে কোনো অপরাধে জড়িয়ে পড়েন, সেই দায়দায়িত্ব কিন্তু আমরা (সরকার) নেব না, কেউ নেবে না। যে দেশে অবস্থান করেন, সেই দেশের আইন যদি না মানেন, তাহলে সে দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। কোনো অপরাধীর দায়িত্ব সরকার নেবে না।’

শেখ হাসিনা বলেন, ‘কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে সেটা থেকে কিন্তু আমরা উদ্ধার করার কোনো চেষ্টা করব না, কোনো ব্যবস্থাও নেব না, সেটা স্পষ্ট বলে দিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের কেউ কোনো অপরাধ করলে এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। একজনের জন্য অন্য মানুষগুলো কষ্ট পায়, তাঁদের বিপদ হয়। সে জন্য সরকার প্রশিক্ষণ দিয়েই বিদেশে লোক পাঠাতে চায়। তবে সেই প্রশিক্ষণটাও অনেকে ঠিকভাবে নেন না। প্রশিক্ষণের টাকা নিয়ে অনেকে ঘুষ দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করেন বলে তথ্য রয়েছে।

প্রবাসীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘অন্তত সকলকে এই বার্তা পৌঁছে দেবেন, এখানে কেউ যদি কোনো অপরাধ করেন, সেই অপরাধের দায়দায়িত্ব বাংলাদেশ নেবে না। এটা স্পষ্ট জানিয়ে দিতে চাই। কারণ, আমাদের এসব কথা শুনতে হয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। প্রবাসে লোক পাঠানোর যে সুযোগটা আমরা পাই, সে সুযোগও হারিয়ে যায়। আরও ১০টি মানুষের কাজের যে সুযোগটা থাকে, সেটা তারা পায় না। একটি মানুষের অপরাধের জন্য অন্য মানুষ শাস্তি পায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় আপনারাও বুক ফুলিয়ে বলতে পারেন, আমার দেশ বাংলাদেশ। সেখানে কারও কোনো অপরাধের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা সহ্য করা যায় না।’

শেখ হাসিনা বলেন, তাঁর চাওয়া-পাওয়ার কিছু নেই। তিনি এতিম, নিঃস্ব ও রিক্ত হয়ে দেশে এসেছিলেন কেবল বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য। এখন তিনি অন্তত এটুকু বলতে পারেন, দেশের মানুষের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থাটা করতে পেরেছেন। তাঁদের জীবনমান উন্নত করার পদক্ষেপ নিয়েছেন। গৃহহীনকে ঘরবাড়ি করে দিচ্ছেন। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করেছেন। রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থার উন্নয়ন করেছেন।

বৈধ পথে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সামান্য একটু বেশি পাওয়ার লোভে অনেক সময় বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটা আপনাদের বিবেচনায় থাকা উচিত।’

ধোঁকায় পড়ে বিদেশে গিয়ে বিড়ম্বনার শিকার না হয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশে যাওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।