
উচ্ছেদের পর সাভারের বংশী নদী আবার দখল হওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনকারী আইনজীবী মো. বাকির হোসেন মৃধা নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা।
‘দখল-দূষণে শেষ বংশী নদী’ শিরোনামে ২০১৯ সালের অক্টোবরে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে একই বছর বংশী নদী রক্ষায় নির্দেশনা চেয়ে রিট করেন সাভারের স্থানীয় বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাকির হোসেন মৃধা। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। হাইকোর্ট বংশী নদীর ভেতরে সব ধরনের ভরাট ও স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং নদী দখল ও স্থাপনা নির্মাণকারীদের নাম-ঠিকানা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তবে আদালতের আদেশ প্রতিপালন না হওয়ায় ২০২১ সালে আদালত অবমাননার আবেদন করেন রিট আবেদনকারী। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২১ নভেম্বর হাইকোর্ট ঢাকার জেলা প্রশাসকসহ কয়েকজনের প্রতি আদালত অবমাননার রুল দেন।
আইনজীবী মো. বাকির হোসেন মৃধা প্রথম আলোকে বলেন, অবমাননার রুলের পর গত বছরের নভেম্বরে ২৫২ ব্যক্তির স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ৪ একরের বেশি নদীর জায়গা উদ্ধার করার তথ্য জানিয়ে বিবাদীরা আদালতে প্রতিবেদন দেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘সাভারের বংশী নদী: উচ্ছেদের পর দখল-উৎসব’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন হয়। এটি যুক্ত করে চলতি বছরের মার্চে সম্পূরক আবেদনটি করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট উচ্ছেদের পর নদীর জায়গা কীভাবে দখল হলো, তা জানাতে বলেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিল না হওয়া এবং উচ্ছেদের পর আবার নদী দখল বিষয়ে ব্যাখ্যা জানাতে সাভারের ইউএনওকে আগামী ১৮ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।