
ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানায় করা মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। আর গাজীপুর মহানগরের বাসন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের অপর মামলায় রফিকুলের জামিন স্থগিতই থাকছে। তাই ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত মাদানীকে কারাগারেই থাকতে হবে।
ওই দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চারটি মামলা হয়েছে। এই মামলায় জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে গত মার্চ মাসে হাইকোর্ট শর্ত সাপেক্ষে মাদানীকে জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত দুই মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন। অপর দুই মামলায় (গাছা ও বাসন থানায় করা মামলা) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ আবেদন দুটি কার্যতালিকায় ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। অন্যদিকে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চারটি মামলার মধ্যে তিনটিতে আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট মাদানীকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিলেন। একটিতে (গাছা থানার মামলা) অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাঁকে জামিন দেন। এই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। অপর তিনটির মধ্যে বাসন থানায় করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এই স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এতে করে দুই মামলার একটি মাদানীর জামিনাদেশ বাতিল ও অন্যটিতে জামিন স্থগিতই থাকছে। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না।
গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। এ ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া দুইটার দিকে গাছা থানায় র্যাব-১-এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে একটি মামলা করেন। রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে রাজধানীর মতিঝিল থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়। মামলায় অভিযোগ, তিনি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার হওয়ায় তাঁদের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া গাজীপুর মহানগরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে পৃথক মামলা হয়।