‘বিল দিয়েও পানি পাচ্ছি না, এ ভোগান্তির শেষ কোথায়’

চট্টগ্রাম নগরের দামপাড়ায় ওয়াসার প্রধান কার্যালয়ে ভুক্তভোগী মোহাম্মদ শফিক
 ছবি: প্রথম আলো

‘প্রতি মাসে বিল (লাইন চার্জ) দিয়েও পানি পাচ্ছি না। রমজান মাস থেকেই এ কষ্ট পাচ্ছি। চরম ভোগান্তিতে আছি। এর শেষ কোথায়?’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম নগরের গোসাইলডাঙ্গার বাসিন্দা মোহাম্মদ শফিক। গতকাল সোমবার নগরের দামপাড়ায় ওয়াসার প্রধান কার্যালয়ে পানি নিয়ে অভিযোগ জানাতে এসে ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন তিনি।

শফিক বলেন, তিনি প্রতি মাসেই ওয়াসাকে ৬০০ থেকে ৬৫০ টাকার বিল ((লাইন চার্জ)) পরিশোধ করছেন। কিন্তু মার্চ থেকে কোনো পানি পাচ্ছেন না। ঈদের পরপর ওয়াসায় এসে এক কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছিলেন। ওই সময় আশ্বাস মিললেও তাঁর বাসায় পানি পৌঁছায়নি।

সোমবার বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহকে জানাতে এসেছিলেন। পরে কর্মকর্তারা তাঁকে প্রধান প্রকৌশলী মাকসুদ আলমের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তবে সেখানে গিয়ে প্রধান প্রকৌশলীকে তিনি পাননি।

শফিক চট্টগ্রাম বন্দরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। গোসাইলডাঙ্গার কে বি দোভাষ লেনের পাশে তাঁর সেমি পাকা ঘরে পরিবারের ছয় সদস্যের বসবাস। শফিক জানান, তাঁর সংযোগ লাইনটি বেশ পুরোনো। বছরখানেক আগে ওয়াসা সেখানে নতুন লাইন বসিয়েছে। কিন্তু তাঁর বাসায় সংযোগ দেওয়া হয়নি। এত দিন পুরোনো লাইনে পানি এলেও এখন আর পাচ্ছেন না।

আক্ষেপের সুরে শফিক বলেন, বর্তমানে আশপাশের পুকুর ও অন্যান্য বাড়ি থেকে পানি সংগ্রহ করে চলছেন। মাঝেমধ্যে পানি কিনতে হচ্ছে। কিন্তু পানির জন্য বাড়তি ব্যয় করার সামর্থ্য তাঁর নেই।

জানা গেছে, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অধীন চট্টগ্রাম নগরে প্রায় ৭০০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। সংযোগ দেওয়ার কাজও প্রায় শেষের দিকে। তবে এখনো বেশ কিছু গ্রাহক সংযোগ পাননি। তাঁদের একজন শফিক।

এ বিষয়ে সংস্থাটির প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রথম আলোকে বলেন, শফিকের বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

প্রকট হয়েছে পানির সংকট

শুধু শফিক নন, প্রায় তিন মাস ধরে ওয়াসার আরও অনেক গ্রাহক পানির সংকটে আছেন। বেশ কিছু গ্রাহক ২৬ এপ্রিল ওয়াসা কার্যালয়ের পাশে পানির সংকট নিরসনের দাবিতে মানববন্ধনও করেন।

চট্টগ্রাম নগরের হালিশহর আনন্দবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ রিফাতুল ইসলাম দোতলা ভবনের নিচতলায় থাকেন। পরিবারে স্ত্রী, দুই মেয়েসহ চার সদস্য। রিফাতুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঈদের আগে থেকেই পানির সংকট শুরু হয়েছে। সপ্তাহে এক দিন বা দুই দিন পানি পাচ্ছেন, তা-ও লবণাক্ত।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত কর্ণফুলী নদীতে শেওলা জমায় ও কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ার কারণে ওয়াসার পানি উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। লবণাক্ততার কারণে পানি মুখেই তোলা যাচ্ছিল না।

তবে দুই সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কারণে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি করেন ওয়াসার প্রকৌশলীরা। তাঁরা বলছেন, প্রায় এক সপ্তাহ ধরে পানির উৎপাদন ৪০ থেকে ৪৫ কোটি লিটারের মধ্যে রয়েছে।

অবশ্য নগরে পানির দৈনিক চাহিদা ৫০ কোটি লিটারের মতো। এ ছাড়া উৎপাদিত পানির ৩০ শতাংশ আবার সরবরাহসহ নানা কারণে নষ্ট হয়। এ কারণে প্রতিবছর ওয়াসার ১৪২ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলেও কর্মকর্তারা জানান।

ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, ওয়াসা পানির সংকট কাটাতে ব্যর্থ হচ্ছে। মানুষের ভোগান্তি কোনোভাবে শেষ হচ্ছে না। প্রতিদিনই চাহিদা অনুযায়ী পানি মিলছে না। এ কারণে বাড়তি খরচ ও দুর্ভোগ দুটোই পোহাতে হচ্ছে।

এর আগে গত এপ্রিলে সংকটের পরিপ্রেক্ষিতে ওয়াসা কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের হ্রদে পানির স্তর ৩৩ ফুট পর্যন্ত কমে গেছে। স্বাভাবিক অবস্থায় পানির স্তর ১০৯ ফুট পর্যন্ত থাকে। বর্তমানে পানির স্তর ৭৬ ফুট। এ কারণে হ্রদ থেকে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। আবার মোহরা ও শেখ রাসেল পানি শোধনাগারে হালদা নদী থেকে উত্তোলিত পানিতে লবণাক্ততার মাত্রা বেড়েছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ভারী বৃষ্টি না হলে সংকট পুরোপুরি কাটবে না। এ ছাড়া সংকট কাটাতে ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প থেকে মোহরা ও মদুনাঘাট পরিশোধনাগারে পাইপের মাধ্যমে পানি নিয়ে আসার চিন্তা করা হচ্ছে। তবে এটি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার।