
অগ্নিদুর্ঘটনা রোধে অগ্রাধিকার দিয়ে ঢাকার সব বিপণিবিতান, উচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থাপনায় ‘অগ্নিনিরাপত্তা’ খতিয়ে দেখা প্রয়োজন। পর্যায়ক্রমে সব ইমারত এ তথ্যব্যবস্থার আওতায় আনতে হবে। আর এ তথ্যব্যবস্থার ওপর ভিত্তি করে শক্তিশালী পরিবীক্ষণ ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
আজ বৃহস্পতিবার ‘বারবার অগ্নিদুর্ঘটনার কারণ: প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক নগর সংলাপে এ প্রস্তাব তুলে ধরা হয়। আরও বলা হয়, অগ্নিনিরাপত্তার ব্যাপারে জনগণকে সোচ্চার করতে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে সব কর্তৃপক্ষের অংশগ্রহণের মাধ্যমে বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম জাতীয় প্রেসক্লাবে এ সংলাপের আয়োজন করে। একাধিক বক্তা বলেন, অগ্নিদুর্ঘটনা রোধে সচেতনতার বিকল্প নেই। ঢাকার জলাশয়গুলো পুনরুদ্ধার করতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণবিধি ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবন নির্মাণে মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহার, নির্দিষ্ট সময় পরপর বৈদ্যুতিক লাইন পরীক্ষা ও বিদ্যমান গ্যাসলাইনগুলো জরিপের ওপর গুরুত্ব দেন কোনো কোনো বক্তা।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, যার যা দায়িত্ব এবং যেখানে যেখানে দুর্বলতা ও ব্যর্থতা আছে, এগুলো চিহ্নিত করতে হবে।
ফায়ার হাইড্রেন্ট, ওয়াটার হাইড্রেন্ট, হাইড্রেন্ট (একটি আধুনিক প্রাথমিক জলের উৎস বা ব্যবস্থা) সম্পর্কে মন্ত্রী বলেন, এ ব্যাপারে ভাবতে হবে। নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, রাজউক নির্মাণকৌশলসংক্রান্ত পরিকল্পনা (আর্কিটেকচারাল প্ল্যান) ছাড়া আর কোনো পরিকল্পনা জমা নেয় না। কিন্তু বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল প্ল্যান, ফায়ার সেফটি প্ল্যান, ইলেকট্রিক্যাল প্ল্যান ও প্লাম্বিং প্ল্যান—সবই জমা দিতে হবে। রাজউকের আওতাধীন বাকি এলাকায় আগামী ১ জুন থেকে সব ভবনের প্ল্যান জমা দেওয়ার সময় এগুলো দিতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অস্বীকার করার উপায় নেই, অনেক জলাধার ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। আদি বুড়িগঙ্গাকে উদ্ধারে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কাজ চলছে। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জলাধার হিসেবে এটি সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। দুর্যোগ ব্যবস্থাপনায় ওয়ার্ডভিত্তিক ২০০ জন স্বেচ্ছাসেবী যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ অসাবধানতা। ২০১৮ সালে ১০০টি পুকুর ছিল, এখন ২৯টিতে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, ১০০টি দোকানের জন্য প্ল্যান অনুমোদন হলেও কার্যক্ষেত্রে ২০০টিতে পরিণত হয়—এ দিকগুলো চিন্তা করতে হবে। বিভিন্ন সংস্থার সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এগুলো রোধ করতে হবে। ২০১৭ সালে রাজধানীতে ১ হাজার ১৯১ শপিং কমপ্লেক্স ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। ৫৮টি শপিং কমপ্লেক্স হালনাগাদ করা হয়েছে, যার মধ্যে আগে যেগুলো ঝুঁকিপূর্ণ ছিল, তার মধ্যে ৩৫টি ঝুঁকিপূর্ণ থেকে অতি ঝুঁকিপূর্ণ তালিকায় চলে এসেছে।
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী কামরুল হাসান বলেন, ‘ঢাকা ওয়াসার ১০টি জোনে ৪৫টির মতো ওয়াটার হাইড্রেন্ট আছে। এগুলোর কাজ পানির গাড়ি বা লরিতে পানি ভর্তি করা। ফায়ার হাইড্রেন্টের জন্য ওয়াসার সাড়ে নয় শর মতো পাম্প হাউসে ৫০০–এর মতো কাপলিং সিস্টেম করে রাখা আছে। পাম্প হাউস থেকে সরাসরি পানি নিতে পারে—এ জন্য ডিপ টিউবওয়েলের ডেলিভারি লাইনে সংযোগ রয়েছে। সিটি হাইড্রেন্ট করার বিষয়টিও সক্রিয় চিন্তায় রয়েছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বলেন, মার্কেট ও হাসপাতালের মতো পাবলিক ভবনগুলোর জরিপ হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে বৈদ্যুতিক ব্যবস্থা, ভবন কাঠামোগত, অগ্নিঝুঁকি ও নকশা—এ চার বিষয়ে মূল্যায়ন করতে হবে।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মধ্যে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজু আহমেদ বক্তব৵ দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। ঢাকায় অগ্নিদুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বৈদ্যুতিক গোলযোগকে উল্লেখ করা হয় মূল প্রবন্ধে। অগ্নিদুর্ঘটনা রোধে প্রবন্ধে ছয় দফা প্রস্তাব রয়েছে। এগুলো হচ্ছে ঢাকার সব ভবনের বিস্তারিত জরিপ এবং ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তোলা, ঢাকার সার্বিক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, টেকনিশিয়ানদের পেশাগত সার্টিফিকেশন, ইমারত নির্মাণ এবং ভূমি ব্যবহার পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন, ভবন নির্মাণের পরে অকুপেন্সি সার্টিফিকেট নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন।