
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ডেন্টাল ইউনিটের এক শিক্ষকের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ওই চিকিৎসককে চট্টগ্রাম বিভাগের বাইরে বদলি করতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছেন চমেকের অধ্যক্ষ। গত মঙ্গলবার অধ্যক্ষ সাহেনা আক্তার অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ওই চিঠি লেখেন।
স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় চমেক চিকিৎসকদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে চট্টগ্রাম বিভাগের বাইরে বদলিপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
এ বিষয়ে অধ্যক্ষ সাহেনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘এটা বাইরের ঘটনা। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওই চিকিৎসক। আমরা বদলি করতে পারি না। এ বিষয়ে ব্যবস্থা নেবেন মহাপরিচালক।’
অভিযুক্ত ওই চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগ নিয়ে আপার (অধ্যক্ষের) কাছে যাওয়া হয়েছিল। কিন্তু যিনি অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’