চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা, নিরাপত্তা জোরদার

আজ থেকে ফাঁকা হয়ে গেছে সড়ক। চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায়
ছবি- সৌরভ দাশ

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে গত বুধবার থেকে ফাঁকা হতে শুরু করে চট্টগ্রাম নগরী। ঘরমুখী মানুষের স্রোত গতকাল বৃহস্পতিবারও দেখা গেছে। আজ শুক্রবার সকাল থেকে নগরীর সড়কে যানবাহনের আধিক্য, চিরচেনা যানজট—কিছুই দেখা যায়নি। ফাঁকা শহরে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা।

নগরীর নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার, মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও সানমার ওশান সিটিসহ বিভিন্ন বিপণিবিতানে আজ সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা গেছে। কাঁচাবাজারেও ভিড় করছেন অনেকে।
নগরীর রিয়াজউদ্দিন বাজারে ঈদ উপলক্ষে রান্নার সামগ্রী কিনতে এসেছিলেন মো. আসাদ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘ঈদে বাড়ি যেতে পারিনি। চট্টগ্রামে আছি। মাছ-মাংস কিনতে এসেছি।’

রিয়াজউদ্দিন বাজারের পোশাকের দোকানগুলোয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তামাকুমন্ডি লেন ও রিয়াজউদ্দিন বাজারের পোশাক, ফোন ও ইলেকট্রনিকসের দোকানগুলো গত রাতে সাহ্‌রি পর্যন্ত খোলা ছিল। সকাল থেকে আবারও বেচাকেনা শুরু হয়েছে।

রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘রোজার শেষ দু-এক দিন বেচাকেনা জমে ওঠে। তবে এবার গরমের কারণে ক্রেতা কম ছিল। কিন্তু গতকাল রাত থেকে ভিড় বেড়েছে। আজ সারা দিন এবং সন্ধ্যার পরও বেচাকেনা ভালো হবে বলে আশা করা হচ্ছে।’

এদিকে ফাঁকা নগরীর নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি-ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসিক এলাকাগুলোয় নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় টহল পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্ধের দিনও কেনাকাটায় লোকজনের ভিড়। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায়

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, চুরি-ডাকাতি ঠেকাতে আবাসিক এলাকায় রাতের পাশাপাশি দিনের বেলায়ও পুলিশি টহল বাড়ানো হয়েছে। সাদাপোশাকের পুলিশও থাকছে নিরাপত্তায়। এ ছাড়া প্রতিটি এলাকায় সিসিটিভি ক্যামেরা সচল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দারোয়ানদের সজাগ থাকতে বলা হয়েছে।