চট্টগ্রামে ডায়ালাইসিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার যুবকের করা মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে মামলার আসামি দুই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের আদালতে এই প্রতিবেদন জমা দেয় সিআইডি। প্রতিবেদনে অব্যাহতির সুপারিশ পাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ। তাঁরা অসুস্থতার কথা বলে ছুটিতে ছিলেন। আজ দুজন কাজে যোগ দিয়েছেন।
আদালত সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসার আদালতে গত ২০ ফেব্রুয়ারি নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি নেওয়ার আবেদন করেছিলেন মোহাম্মদ মুস্তাকিম নামের ওই যুবক। পরে মামলাটি পাঁচলাইশ থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. শাহনেওয়াজ খালেদ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, তদন্তে মুস্তাকিমকে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর শারীরিক পরীক্ষা শেষে চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনেও কোনো কিছু উঠে আসেনি। তাঁর মাকে নির্যাতনের যে কথা বলা হয়েছে, তা মিথ্যা। ঘটনার সময় তাঁর মায়ের ডায়ালাইসিস চলছিল। তাই মামলাটিতে তথ্যগত ভুল রয়েছে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামি দুই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
এদিকে মামলার বাদী মোহাম্মদ মুস্তাকিমের অভিযোগ, তাঁকে না জানিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। আদালতে মামলার শুনানির জন্য পরবর্তী ধার্য করা দিনে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করবেন। আদালত সূত্র অনুযায়ী, ২৪ মে এই মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে।
তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে মামলার ফলাফল বাদীকে জানানোর নিয়ম থাকলেও মুস্তাকিমকে জানানো হয়নি—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা শাহনেওয়াজ খালেদ বলেন, বিষয়টি মুস্তাকিমকে বলা হয়েছে। ডাকযোগেও পাঠানো হয়েছে।
মুস্তাকিমের ৫৫ বছর বয়সী মা নাসরিন আক্তারের দুটি কিডনিই বিকল। তাঁকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হয়। সাত বছর ধরে তিনি এভাবে ডায়ালাইসিস করছেন। তাঁর স্বামী অনেক আগে মারা গেছেন। বর্তমানে একমাত্র অবলম্বন ২২ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া ছেলে মুস্তাকিম। তাঁর টিউশনির টাকাতেই নাসরিনের ডায়ালাইসিসের খরচ চলে।
গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদ করেন মুস্তাকিম। এ ঘটনার পর সেদিনই পাঁচলাইশ থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। মুস্তাকিমের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মুস্তাকিমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এরপর ১৩ জানুয়ারি প্রথম আলোয় ‘ডায়ালাইসিসের খরচ জোগানো একমাত্র ছেলেটি জেলে, দিশাহারা মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মুস্তাকিমের জামিনের জন্য লড়ে। পাঁচ দিন কারাভোগের পর গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।
জামিনের পর মুস্তাকিমের করা মামলার অভিযোগে বলা হয়, ১০ জানুয়ারি ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গেলে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। ঘটনার দিন থানায় নেওয়ার পর মুস্তাকিমকে লাঠিপেটা করা হয়। একটি নির্জন কক্ষে আটকে রেখে ওসির নির্দেশে মারধর করেন এএসআই আবদুল আজিজ।
অভিযোগে আরও বলা হয়, পুলিশের নির্যাতনে মুস্তাকিমের পায়ের গোড়ালি থেকে কোমরের নিচ পর্যন্ত, শরীরের বিভিন্ন স্থানে লাল দাগ হয়ে যায়। দুই দিন তাঁর প্রস্রাব বন্ধ থাকে। পরে প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। নির্যাতনের বিষয়টি প্রকাশ না করার জন্য তাঁকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়।
মুস্তাকিমের পরিবারকে আইনি সহায়তা দিয়ে আসছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশন। সংগঠনটির মহাসচিব জিয়া হাবিব আহসান প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী মামলার ফলাফল বাদীকে জানানো হয়নি। ভুক্তভোগীর পাঞ্জাবি আলামত হিসেবে জব্দ করা হয়নি। পুলিশকে বাঁচাতে পুলিশের দেওয়া এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করা হবে।