সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না। টিকাদান হারের যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে, সেটিও সঠিক নয়। হাম নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে জরুরি ভিত্তিতে বিশেষ কর্মসূচি (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিতে হবে।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক এক সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। এই সভা ডেকেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি ওই দিন সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত জরায়ু ক্যানসারের টিকা নিয়ে গোলটেবিল বৈঠকে ওই সভার কথা বলেন।
গোলটেবিল বৈঠকে জিয়াউদ্দিন হায়দার বলেন, কীভাবে হাম নিয়ন্ত্রণে আনা যাবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ শুনতে তাঁদের ডাকা হয়। অনেক বিষয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি হচ্ছে টিকার মান। শিশুরা মানসম্পন্ন টিকা পাচ্ছে কি না। টিকার ‘কোল্ড চেইন’ বজায় থাকছে না।
নয়টি দেশ থেকে বাংলাদেশ টিকা আনে। সেই টিকা উড়োজাহাজে আসে। ঠিক তাপমাত্রায় রেখে টিকা আনা হয় কি না, এটা কেউ পরীক্ষা করেন না।
সভায় রোগ প্রতিরোধের ঘাটতির (ইমিউনিটি গ্যাপ) বিষয়টিও গুরুত্বের সঙ্গে এসেছে বলে উল্লেখ করেন জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, করোনাকালে ক্যাম্পেইনের সময় এবং ২০২৪ ও ২০২৫ সালে অনেক শিশু টিকা পায়নি। আবার এখন টিকা পাওয়ার যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তাতেও গলদ আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীর্জা মো. জিয়াউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক হাসানুল মাহমুদ, আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান, বিশিষ্ট টিকা বিশেষজ্ঞ তাজুল এ বারিসহ ১২ জন। সভায় উপস্থিত পাঁচজনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে।
অনেক কেন্দ্রে কর্মীরা পাত্র থেকে টিকা বের করে খোলা জায়গায় রেখে দেন। চার-পাঁচ ঘণ্টা পর সেই টিকা শিশুদের দেওয়া হয়। এ ধরনের কিছু ছবি সভায় দেখানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষজ্ঞরা বলেন, টিকা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। নয়টি দেশ থেকে বাংলাদেশ টিকা আনে। সেই টিকা উড়োজাহাজে আসে। ঠিক তাপমাত্রায় রেখে টিকা আনা হয় কি না, এটা কেউ পরীক্ষা করেন না। এ নিয়ে নিয়মিত প্রতিবেদন তৈরি করার কথা; কিন্তু তা তৈরি হয় না। শুধু অনুমান করা হয় যে বাংলাদেশে ঠিক মানের টিকা আসছে।
আলোচনায় এটা উঠে আসে যে টিকাকেন্দ্রে টিকা পরিবহনের বিশেষ পাত্রগুলো অনেক পুরোনো। অনেক পাত্র তাপমাত্রা ঠিক রাখার ক্ষেত্রে উপযুক্ত নয়। এ ছাড়া অনেক কেন্দ্রে কর্মীরা পাত্র থেকে টিকা বের করে খোলা জায়গায় রেখে দেন। চার-পাঁচ ঘণ্টা পর সেই টিকা শিশুদের দেওয়া হয়। এ ধরনের কিছু ছবি সভায় দেখানো হয়।
টিকাদান ১২১ শতাংশ হওয়ার কোনো যুক্তি নেই। প্রথমত, মাঠপর্যায়ে কর্মীর ঘাটতি আছে। দ্বিতীয়ত, মাঠকর্মীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে কিছু কর্মী মনে করেন। তাঁরা টিকা দেওয়ার ব্যাপারে আন্তরিক নন বলে বিশেষজ্ঞদের কেউ কেউ ধারণা করেন।
সভায় বিশেষজ্ঞরা বলেন, ২০২০ সালে হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের সময় অনেক শিশু টিকা পায়নি। কারণ, মানুষ তখন ঘরের বাইরে বের হতে চাইত না। হাসপাতালে বা টিকাকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে মানুষ অনাগ্রহী ছিল। স্বাভাবিক কারণে শিশুরা কম হারে টিকা পেয়েছিল। কিন্তু পরিসংখ্যানে টিকা প্রাপ্তির উচ্চ হার দেখানো হয়েছিল। আবার ২০২৪ ও ২০২৫ সালে রাজনৈতিক কারণ এবং মাঠকর্মীদের ধর্মঘটের কারণে টিকাদান বাধাগ্রস্ত হয়। কিন্তু পরিসংখ্যানে উচ্চ হার দেখানো হয়। বাস্তবে বিপুলসংখ্যক শিশু হামের টিকার বাইরে থেকে গেছে।
সভায় একাধিক বিশেষজ্ঞ বলেন, ইপিআই থেকে টিকাদানের যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তা সঠিক নয়। কিছু ক্ষেত্রে বানোয়াট। টিকাদান ১২১ শতাংশ হওয়ার কোনো যুক্তি নেই। প্রথমত, মাঠপর্যায়ে কর্মীর ঘাটতি আছে। দ্বিতীয়ত, মাঠকর্মীদের দাবিদাওয়ার ব্যাপারে সরকার আন্তরিক নয় বলে কিছু কর্মী মনে করেন। তাঁরা টিকা দেওয়ার ব্যাপারে আন্তরিক নন বলে বিশেষজ্ঞদের কেউ কেউ ধারণা করেন।
সভায় অপুষ্টি ও শিশুদের ভিটামিন ডির ঘাটতি নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, হামে আক্রান্ত শিশুদের প্রায় ১৫ শতাংশের বয়স পাঁচ বছরের বেশি। এরা টিকার বাইরে। আবার আক্রান্ত শিশুদের ২২ শতাংশের বয়স ছয় মাসের কম। এরাও টিকার বাইরে, এদের টিকা পাওয়ার বয়সই হয়নি।
বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, টিকার মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। পাশাপাশি টিকাদান ঠিকমতো হচ্ছে কি না, তা নিবিড় তদারক করতে হবে।
এ বছর মার্চের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে প্রতিদিন হামে আক্রান্ত ও মৃত্যুর খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে মৃত্যু হলো ১ হাজার ৩৭৮ জনের। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১ হাজার ২৭২ এবং নিশ্চিত হামে মৃত্যু ১০৬ জনের।
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে এ পর্যন্ত হামের চিকিৎসা নিতে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সরকার হামের প্রাদুর্ভাব ঠেকাতে এপ্রিল মাসে হাম-রুবেলার টিকার জাতীয় ক্যাম্পেইন শুরু করে। ছয় মাস বয়স থেকে পাঁচ বছরের শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়। মে মাসে সেই ক্যাম্পেইন শেষ হয়। তারপরও টিকাদান অব্যাহত থাকে। ১৬ নভেম্বর পর্যন্ত ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩০৭ শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের হার ১২১ শতাংশ। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২১ শতাংশ বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী দুজন প্রথম আলোকে বলেছেন, সভার আলোচিত বিষয়গুলো এবং পরামর্শ বা সুপারিশ প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।
বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, টিকার মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। পাশাপাশি টিকাদান ঠিকমতো হচ্ছে কি না, তা নিবিড় তদারক করতে হবে।
টিকাদানের বয়সসীমা বাড়াতে বলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ১৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। কারণ, এদের একটি বড় অংশ হামের টিকা পায়নি এবং এরা হাম ছড়াচ্ছে।
টিকা বিষয়ক সব ধনের তথ্য ও পরিসংখ্যান নির্ভুল করার উদ্যোগ নিতে হবে। তথ্য বা পরিসংখ্যানে ভুল থাকলে টিকা সংগ্রহে ভুল হবে, সব শিশু টিকা পাবে না।
একজন বিশেষজ্ঞ বলেছেন, হাম অত্যন্ত সংক্রামক। সরকার যদি এখনই জরুরি ভিত্তিতে বড় পরিসরে কর্মসূচি না নেয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার ঝুঁকি আছে। বিষয়টি সরকারের প্রতিনিধিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।